২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ‘দুঃস্বপ্ন’

এখনো অপরাজিত তারা, চলছে অপ্রতিরোধ্য গতিতে। তাদের জয়রথে বড় দলগুলোও ছোটদলের মতো মিশে যাচ্ছে ধুলোয়। হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে এগিয়ে যাওয়া অস্ট্রেলিয়াকে থামাতে পারে, এমন সাধ্য কার?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 11:07 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

জবাব নেই। ১৯৯৯ বিশ্বকাপ থেকে সর্বশষ ম্যাচ পর্যন্ত বিশ্বকাপে টানা ২১ ম্যাচে অপরাজিত অস্ট্রেলিয়া। বুধবারের সেমিফাইনালেও কি তারা সেভাবেই মাড়িয়ে যাবে র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বার দল দক্ষিণ আফ্রিকাকে? সংশয় প্রকাশ করার লোক কম!

তবে এখনো এমন দল যারা থামিয়ে দিতে পারে অস্ট্রেলিয়াকে এবং সেটা সেমিফাইনালেই! তার মানে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ান ‘জুজু’র ভয় কাটিয়ে উঠে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার হুঙ্কার দিচ্ছে তারা। কোচ মিকি আর্থার বলে দিয়েছেন, ‘জুজু’-ভয় কাটানোর এই তো সময়।

‘টাইটানিক’ একবারই ডোবে। কিন্তু দক্ষিণ আফ্রিকা যা-ই বলুক, তারা কিন্তু অনেকবার ডোবে! এখনো পর্যন্ত বিশ্বকাপ তাদের কাছে অনেক আশা জাগিয়েও এক সময় ভেঙে পড়া এবং সব হারিয়ে ফেলা। নির্বাসন কাটিয়ে আসার পর থেকে এটাই যেন তাদের নিয়তি। এই সেমিফাইনালের আগেও তাই আলোচনায় ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনাল। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় জিতে যাওয়া ম্যাচটা মর্মান্তিক এক রান আউটের জন্য ‘টাই’ করে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল তারা। অনেকের মতে সেটা ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ, তবে দক্ষিণ আফ্রিকার জন্য তা চিরকালীন দুঃস্বপ্ন।

’৯৯-এর সেমিফাইনাল যদি দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ-দুঃস্বপ্ন হয় , তাহলে এর জবাব কি অস্ট্রেলিয়াকে দেয়নি তারা? কে ভুলতে পারে গত বছর জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সেই অবিশ্বাস্য ১ উইকেটের জয়ের কথা? ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ৪০০ রানের দরজা ভেঙে ফেলেছিল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার সামনে দিয়েছিল ৪৩৫ রানের টার্গেট! গোটা ক্রিকেট বিশ্ব তাকিয়ে দেখল, কি অসম্ভব সাহসে ভর করে সেই রান তাড়া করে ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা!

বিশ্বকাপের এ আসরে প্রথম রাউন্ডের ম্যাচেই বিশ্বকাপে তাদের সেরা (৩৭৭/৬) সংগ্রহ গড়েছিল অস্ট্রেলিয়া। জবাবে কোনো উইকেট না হারিয়ে ১৬০ রান তুলে জোহানেসবার্গের সেই ম্যাচের কথা মনে করিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত অবশ্য ৮৩ রানে হারতে হয় তাদের।

সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বড় স্কোর গড়ার পেছনে বড় ভূমিকা ছিল ম্যাথু হেইডেনের। বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিটি সেদিনই করেছিলেন এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করা ব হেইডেন। সেমিফাইনালের আগে প্রতিপক্ষকে আগের খেলাটির কথা মনে করিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ার ওপেনার, ‘‘শেষ ম্যাচে তাদের চেয়ে আমরা ভালো খেলেছি। সেদিন তাদের দিকে তাকিয়েই বলে দেওয়া যাচ্ছিল, তারা আমাদের সামনে কতটা আতঙ্কিত।’’

আতঙ্কের কথা অস্বীকার করে যত দ্রুত সম্ভব ‘হেইডেন-বধ’-এর পরিকল্পনা করেছে দক্ষিণ আফ্রিকা। পরিকল্পনা বাস্তবায়নে যথারীতি ওয়ানডে ইতিহাসের পঞ্চম সফলতম বোলার শন পোলককে সামনে রাখবে তারা।

কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচেই ১০ ওভারে ৮৩ রান দিয়ে পোলক ছিলেন উইকেটশূন্য। তবু তাকে নিয়েই কোচ মিকি আর্থারের পরিকল্পনা, ‘‘ওকেই হয়তো নতুন বল নিতে হবে। তারপরও কাজ না হলে আমরা সম্ভবত তাকে সরিয়ে (আন্দ্রে) নেলের গতির দ্বারস্থ হবো। আগের ম্যাচ থেকে এটাই শিখেছি আমরা।’’

আর্থার আরো বলেছেন, ‘‘তারা (অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান) তার ওপর চড়াও হবে। এখন শীর্ষ দলগুলো প্রতিপক্ষের শক্তিশালী দিককে নিশানা করে, আগে যেখানে নিশানা করা হতো দুর্বল দিককে।’’ এর সঙ্গে দক্ষিণ আফ্রিকার কোচ আরো জানিয়ে রেখেছেুন, দলের সিনিয়র খেলোয়াড়দেরই অস্ট্রেলিয়া বধের দায়িত্ব নিতে হবে।

অস্ট্রেলিয়া ওদিকে হুমকি দিয়ে রেখেছে, তাদের “হারানো সোজা কথা নয়” বলে। দলের প্রত্যেকেই এখন আত্মবিশ্বাসের অন্যরকম এক উচ্চতায়। সেই উচ্চতা থেকে প্রতিপক্ষকে খুব ছোট দেখাচ্ছে, মাঠের পারফরম্যান্সেও তা প্রমাণ করে দেখাচ্ছে।

আর এই সময়েই দক্ষিণ আফ্রিকার কাছে ফিরে আসছে ১৯৯৯ বিশ্বকাপ সেমিফাইনালের প্রসঙ্গ। সেই ম্যাচে খেলা পোলক, জ্যাক ক্যালিস, হার্শেল গিবস ও মার্ক বাউচার এখনো দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাদের প্রত্যেকের দাবি, ১৯৯৯ বিশ্বকাপ পেছনে পড়ে গেছে বহু আগেই। এখন নতুন এক সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সামনে নতুন করে দাঁড়ানোর পালা।