নতুন কোচ নেয়ায় ভারতে ব্যতিক্রমী উদ্যোগ
নতুন কোচ খুঁজতে রীতিমতো আটঘাট বেঁধে নেমে পড়েছে ভারত। সোমবার ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে তারা। এই কমিটির বৈশিষ্ট্য হলো, এর প্রধান ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট শারদ পাওয়ার। আরেকটি উল্লেখ করার মতো ব্যাপার হলো, কমিটিতে থাকছেন ভারতের সাবেক তিন অধিনায়ক।
এই তিন অধিনায়ক হলেন সুনীল গাভাস্কার, বর্তমান কোচ কাম ম্যানেজার রবি শাস্ত্রি ও শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন। কমিটির আহবায়ক বোর্ড সম্পাদক নিরঞ্জন শাহ। বাকি দুই সদস্য বিসিসিআই কোষাধ্যক্ষ্য এন শ্রীনিভাসন ও যুগ্ম সম্পাদক এমপি প্রনব।
আগামী মাসের বাংলাদেশ সফরে এই কমিটির সদস্য রবি শাস্ত্রিই ভারতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। কিন্তু মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় এ সফরের পর আর এ দায়িত্বে থাকছেন না। এর মধ্যে গ্রেগ চ্যাপেলের পদত্যাগের পর বাংলাদেশের কোচ ডেভ হোয়াটমোর ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে বিসিসিআই এখনো তার ব্যাপারে আগ্রহ দেখায়নি। ভারতের সম্ভাব্য কোচ হিসেবে এখন মিডিয়ার আলোচনায় আছেন শ্রীলঙ্কার বর্তমান কোচ টম মুডি।
কিন্তু সবকিছু একটি নিয়ম ও বিশ্লেষনের মাধ্যমে নির্ধারণ করতে চায় বলে বিসিসিআই গড়েছে ‘বিশেষ’ এই কমিটি। বিসিসিআই থেকে জানানো হয়েছে, দ্রুতই কমিটি বৈঠকে বসে তাদের সুপারিশ বোর্ডের কাছে পাঠাবে। বাকি কাজ শুরু হবে তারপর।
