পাকিস্তানের প্রাথমিক দলেই নেই ইউনিস খান!
ইনজামাম-উল হকের উত্তরসূরী হওয়ার দৌড়ে তিনিই এগিয়েছিলেন সবার চেয়ে। পাকিস্তানের দুই ‘গ্রেট’ ইমরান খান ও জাভেদ মিয়াদাঁদ তাকে অনুরোধ করেছিলেন অধিনায়ক হওয়ার। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) এ ব্যাপারে প্রস্তাব রেখেছিলেন তার কাছে। অথচ আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলেই রাখা হয়নি ইউনিস খানকে!
আবুধাবিতে হতে যাওয়া এই সিরিজের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল রোববার ঘোষণা করেছে পাকিস্তান। এই দলে ইউনিস খানকে না রাখার কারণ হিসেবে পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, “ট্রেনিং ক্যাম্পের সংক্ষিপ্ত তালিকায় তাকে (ইউনিস খান) রাখা হয়নি। কারণ তাকে এই সিরিজে পাওয়ার ব্যাপারে এখনো অপেক্ষায় থাকতে হচ্ছে আমাদের।”
ব্যর্থ এক বিশ্বকাপ কাটিয়ে দেশে ফিরে বিমানবন্দরেই স্বদেশবাসীর রোষের সামনে পড়ে মর্মাহত ইউনিস জানিয়েছিলেন তিনি এখন মানসিকভাবে একেবারে বিধ্বস্ত। তাই তার কিছু দিন বিশ্রাম প্রয়োজন। দলের এই সঙ্কটজনক সময়ে অধিনায়কত্ব সম্পর্কে আগ্রহ নেই বলেও জানিয়ে দিয়েছিলেন তখন।
ইউনিস ছাড়া প্রাথমিক দলে অনুপস্থিত সবচেয়ে উল্লেখযোগ্য নাম হল শোয়েব আখতারের। ফিটনেস সমস্যার জন্যই এই ফাস্ট বোলারকে রাখা হয়নি বলে জানিয়েছে পাকিস্তানের নির্বাচক মন্ডলী। এছাড়া বিশ্বকাপের দলে থাকা লেগস্পিনার দানিশ কানেরিয়া ও অলরাউন্ডার আজহার মেহমুদকেও রাখা হয়নি প্রাথমিক দলে।
