২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালকে ঘিরে দু দলের ‘কথার লড়াই’

অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার খেলা মানেই বাড়তি উত্তেজনা, যুদ্ধের আবহ। গত কয়েক বছরে দু দলের বেশ কয়েকটা ‘ক্লাসিক’ ম্যাচ ওয়ানডে ক্রিকেটকেই সমৃদ্ধ করেছে দারুণভাবে। বুধবার সেন্ট লুসিয়ায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আরো একটা দুর্দান্ত ম্যাচ তাই আশা করতেই পারেন ক্রিকেটভক্তরা। তবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার আরেকটা দ্বৈরথ রোমাঞ্চকর হোক বা না হোক, দু দলের তারকাদের কথার লড়াই কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 08:45 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

এই সময়ের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস যেমন মনে করছেন দুর্দান্ত ফর্মে থাকলেও রিকি পন্টিংয়ের দলকে হারানো মোটেও অসম্ভব নয় দক্ষিণ আফ্রিকার পক্ষে। অন্যদিকে বিশ্বকাপে সর্বোচ্চ রানের তালিকায় সবার ওপরে থাকা ম্যাথু হেইডেনের বিশ্বাস দক্ষিণ আফ্রিকা এখনো অস্ট্রেলিয়ার ভয়ে ভীত এক দল। গ্রুপ ম্যাচে তার প্রমাণও নাকি পেয়েছেন এবারের বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করা এই ওপেনার!

এবারের বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচেই সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলেও দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্সে ধারাবাহিকতার বড়ই অভাব। গ্রুপ পর্বে দারুণ সূচনার পরও অস্ট্রেলিয়ার কাছে ৮৩ রানে হেরেছে তারা। সুপার এইটে বাংলাদেশের সঙ্গে ৬৭ রানের হার তারই প্রতিফলন। তবু দলকে নিয়ে আশাবাদী ক্যালিস। তার বিশ্বাস নিজেদের দিনে যে কোন দলকে হারানোর ক্ষমতা রয়েছে দক্ষিণ আফ্রিকার, “এই টুর্নামেন্টে ওরা (অস্ট্রেলিয়া) খুবই ভাল খেলছে, অপরাজিতও রয়েছে। অন্যদিকে এই পর্যন্ত আসতে বেশ কয়েক বার হোঁচট খেতে হয়েছে আমাদের। কিন্তু এখন আর তা কোন অর্থ বহন করে না। এটা এমনই এক খেলা যেখানে একটি নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে জয় পাবে তারাই। যেভাবে খেলছে তাতে করে অনেক আত্মবিশ্বাস নিয়েই তারা মাঠে নামবে। তবে ইংল্যান্ডের বিপক্ষে বিশাল জয় পাওয়ায় আমাদের আত্মবিশ্বাসও তুঙ্গে থাকবে।”

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ মানেই ’৯৯ বিশ্বকাপের সেই অবিস্মরণীয় ম্যাচের কাছে ফিরে যাওয়া। ল্যান্স ক্লুজনারের ক্ষণিকের ভুলে নিশ্চিত জেতা ম্যাচটা টাই করে সেবার ফাইনালে উঠতে পারেনি প্রোটিয়ারা। অনেকের মতেই ওয়ানডের সর্বকালের সেরা, ‘এজবাস্টন এপিক’ হিসাবে পরিচিতি পাওয়া সেই ম্যাচটাকেই বুধবারের লড়াইয়ে বাড়তি অনুপ্রেরণা হিসাবে মনে করছেন ক্যালিস, “সেই ম্যাচ থেকে আমাদের দল দারুণ অভিজ্ঞতা লাভ করেছিল। পিছনের দিকে তাকালে দেখা যাবে সেদিনের পর বেশ কিছু ব্যাপার ভিন্নভাবে করার চেষ্টা করেছি আমরা। এত বছর ধরে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা ভাল করবোই।”

পন্টিংয়ের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (৪৮০ রান) ক্যালিসের সঙ্গে সেই ম্যাচে ছিলেন শন পোলক, মার্ক বাউচার ও হার্শেল গিবস। এই সময়ের অন্যতম সেরা পেসার পোলকের ধারণা, “অস্ট্রেলিয়ার সঙ্গে বেশ কয়েকটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে আমাদের। আমরা সে সব ম্যাচ থেকে অনেক কিছু শিখেছিও। ওদের মুখোমুখি হওয়া মানেই এমন এক চ্যালেঞ্জ যা আপনাকে আরো ভাল খেলতে উদ্বুদ্ধ করবে। সেরা দলের বিপক্ষেই তো আপনি ভাল করতে চাইবেন। আর ওদের সঙ্গে লড়াইয়ে জিতলে তা পরিপূর্ণ তৃপ্তি দেবে।” অন্যদিকে এক ওভারে ছয়টি ছক্কা মারার বিশ্ব রেকর্ড গড়া গিবস ক্যালিসের সঙ্গে সুর মিলিয়ে বলছেন, “(ইংল্যান্ডের সঙ্গে ম্যাচের আগে) দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আমাদের। তবে এখন আমরা মাঠে নামবো আর ম্যাচটা উপভোগ করবো।”

তবে ক্যালিস-পোলক-গিবসরা যতই উচ্ছ্বসিত হোন না কেন, হেইডেন দক্ষিণ আফ্রিকাকে তেমন পাত্তা দিতে রাজি নন। গ্রুপ ম্যাচে এই প্রোটিয়াদের বিপক্ষেই ৬৬ বলে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। সেই ম্যাচের অভিজ্ঞতা থেকে হেইডেনের মনে হচ্ছে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে ভয় পায় দক্ষিণ আফ্রিকা, “সর্বশেষ ম্যাচে আমরা ওদের চেয়ে ভাল খেলেছি। সে ম্যাচের সময় ওদের চেহারার দিকে তাকিয়েই বুঝতে পেরেছি ওরা আমাদের নিয়ে কতটা ভীত, শঙ্কিত। অনেক দিন ধরে ওদের হারানোর সুবাদেই ব্যাপারটা হয়েছে।”

Cricinfo-এর সহায়তায়