২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিওকার কোচই খুঁজছে বাংলাদেশ

যাদের কথা ভাবা হচ্ছে, তাদের নাম মিডিয়ায় প্রচারিত হলে ‘সমস্যা’ হতে পারে। তাই ডেভ হোয়াটমোরের উত্তরসুরী নির্বাচন করতে রোববার সভায় বসা বিশেষ কমিটির সদস্যরা মুখে কুলুপ এঁটেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 08:15 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

বিশেষ কমিটির প্রধান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি শাহ নুরুল কবীর শাহীনকে গোপনীয়তা রক্ষার ব্যাপারে খুবই তৎপর মনে হলো, “মিডিয়ায় নাম চলে আসলে দেখা যাবে আরেক দেশ তার দিকে হাত বাড়িয়ে বসবে। এমন অনেক হয়েছে। তাই আমরা খুব সাবধানে পা ফেলছি।”

অবশ্য একটা ‘শর্ট লিস্ট’ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ‘শর্ট’ বললেও বাংলাদেশের সম্ভাব্য নতুন কোচের তালিকাটা রীতিমতো লম্বা। সেই তালিকায় আছে ১০ জনের নাম। সভায় ঠিক করা পাঁচটি দেশের যেকোনো একটি থেকে কোচ আনার ব্যাপারে সিদ্ধান্তও হয়েছে বলে জানাচ্ছেন শাহীন, “অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ-এই পাঁচটি দেশের যেকোনো একটি থেকে আমরা কোচ আনবো। ১০ জনের একটি শর্ট লিস্টও করা হয়েছে। আশা করছি আগামী মাসের (মে) ১৫ তারিখের ভেতরই আমরা সব চূড়ান্ত করে ফেলতে পারবো।”

বাংলাদেশের নতুন কোচ হিসেবে হাইপ্রোফাইল কাউকে না আনার ইচ্ছার কথাটা অবশ্য গোপন করেননি তিনি, “ওই তালিকায় হাই প্রোফাইল কারো নাম নেই। আমরা একজন মিডিওকার কোচই খুঁজছি।”

সভায় বিসিবির পছন্দের কোচদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির সাধারণ সম্পাদক মাহবুব আনামকে। আইসিসির আমন্ত্রণে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল দেখতে আজ রাতেই তার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হয়ে যাওয়ার কথা। তার সঙ্গী বিসিবির চিফ এক্সিকিউটিভ অফিসার মাহমুদুর রহমানও। তাদের এই সফরে ‘রথ দেখা আর কলা বেচা’ দুটোই হয়ে যেতে পারে। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ব্যর্থতায় চাকরি হারানোর কথা শোনা যাচ্ছে তাদের কোচ বেনেট কিংয়েরও। বিসিবির তালিকায় এই অস্ট্রেলিয়ানের নামও আছে বলে অন্য একটি সূত্রে আভাস পাওয়া গেছে। কিন্তু তিনি এখনো ক্যারিবীয় বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ। এই অবস্থায় মিডিয়ায় তার নাম চলে আসলে আলোচনা ভেস্তে যেতে পারে, তাই গোপনীয়তা।