লারার হঠাৎ বিদায়ের নেপথ্যে নির্বাচকরা!
তাহলে ব্রায়ান লারার হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দেওয়ার পেছনে কাজ করেছে নির্বাচকদের অপছন্দ! ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কেনেথ গর্ডনের কথায় তেমনই ইঙ্গিত মিলছে। অথচ এই নির্বাচকরাই দুঃসময়ে লারার কাছে বিনতি নিয়ে গিয়েছিলেন ক্যারিবিয় ক্রিকেটের হাল ধরার, দলকে নেতৃত্ব দেওয়ার!
বিশ্বকাপ শুরুর আগেও ব্রায়ান লারা বলেননি, এটা তার শেষ ওয়ানডে টুর্নামেন্ট। সুপার এইটে দলের টানা হারের পর যখন নতুন অধিনায়কের কথা হচ্ছে, লারা বললেন ওয়ানডে ছেড়ে দেবেন বিশ্বকাপের শেষ ম্যাচেই। অকস্মাৎ ১৯ তারিখের ঘোষণা, টেস্টও খেলবেন না! লারাকে দিয়ে পেছনের ঘটনা কিছুতেই বলানো যাচ্ছে না।
সে কারণেই ক্যারিবিয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের কথাগুলো অন্যরকম গুরুত্ব পাচ্ছে। গর্ডন জানিয়েছেন, তার চাওয়া ছিল অন্তত অন্তত আরো একটি সিরিজে লারা থাকুন। গর্ডনের ভাষায়, ‘‘আমার ব্যক্তিগত মত জানতে চাইলে বলবো, ইংল্যান্ড সফরে তিনি থাকলে আমার ভালো লাগতো। কিন্তু আপনার তো অন্যদের মতও জানতে হবে। আর তার (লারা) ভাবনাটা চলছিল ভিন্ন পথে।’’
তিন নির্বাচক গর্ডন গ্রিনিজ, অ্যান্ডি রবার্টস ও ক্লাইড বাটস গত সপ্তায় কয়েক দফা বোর্ড সভাপতি গর্ডনের সঙ্গে দেখা করেছেন। জানা গেছে, লারাকে ইংল্যান্ড সফরের দলে না রাখার মতই দিয়েছেন তারা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি নন গর্ডন, ‘‘নির্বাচকরা আমাকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেননি, তবে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে আমাদের মধ্যে।’’
আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর কি গর্ডন লারার মত বদলানোর চেষ্টা করেছিলেন? গর্ডনের জবাব, ‘‘এটা নিশ্চিত, ব্রায়ান তার ভবিষ্যত নিয়ে অনেক ভেবেছে। যদিও সে কি ভাবছে তা কখনো জানায়নি। সে শুধু আমাকে সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছে। তাই আমি মনে করি, তাকে শুভ কামনা জানানো দরকার।’’
