অতৃপ্তি নিয়ে বিদায় লারার
চোখে জল। মাঠ ছাড়ছেন ক্রিকেটের বরপুত্র। বড় একা। হাজার পঁচিশেক দর্শকের বিপুল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দ্রুত ড্রেসিং রুমের দিকে হাঁটছেন। চোখ মুছলেন দু একবার। নিভৃতে যাওয়ার খুব তাড়া তার! সিড়ি পেরিয়ে ড্রেসিং রুমে ঢুকে যাওয়ার পথে মাথা থেকে খুলে হাতে রাখা টুপিটা ছুঁড়ে দিলেন গ্যালারিতে। ১৭ বছরের অসাধারণ ক্রিকেট ক্যারিয়ারের এখানেই সমাপ্তি টানলেন ব্রায়ান লারা।
কলমের খোাঁচায় সাংবাদিকরা এই দেড়যুগে বহুবার ক্ষত বিক্ষত করেছেন ‘ক্রিকেট জিনিয়াস’কে। ম্যাচশেষে সংবাদসম্মেলনে তারাও অন্যদের সঙ্গে লারাকে ঘিরে দাঁড়িয়ে। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানকে শেষবার স্বশ্রদ্ধ বিদায় জানিয়ে তবেই কথার ঝাঁপি খুলল।
লারা বললেন খেলোয়াড়ি জীবনের বহু আনন্দের, অনেক বেদনার কথা। প্রাপ্তি আর অপ্রাপ্তির বন্ধুত্ব যেখানে হয় না, এল তাও। আরো এল, এখনই বিদায় নিতে না চাইলেও অবসরে যাওয়ার পেছনের গল্পটা।
সেই গল্পটা লারার মুখেই শুনুন, ‘‘অন্তত গুডবাই বলার সুযোগটা তো আমি পেলাম। ভিভ রিচার্ডসকে দেখেছি, দেখেছি গর্ডন গ্রিনিজকেও। তারা সবাই আরো একটু সময় থাকতে চেয়েছিলেন। দূর্ভাগ্য এমনই, তাদের কপালে সেই সুযোগটাও মেলেনি।’’ খেলোয়াড়ি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবার চোখে স্বীকৃত ‘জিনিয়াস’ লারা সেই সুযোগটা হারাতে চাননি। অবশ্য সরাসরি বলতে চাইলেন না, কেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার ইচ্ছে আগে প্রকাশ করলেও শেষ পর্যন্ত এভাবে সরে গেলেন।
লারা বললেন এভাবে, ‘‘ইংল্যান্ড সফরের দল গঠনের জন্য নির্বাচকদের সঙ্গে অ্যান্টিগায় বসেছিলাম আমি। স্বাভাবিকভাবে, নিজেকেও দলে রেখেছিলাম।’’ তাহলে হঠাৎই কেন সব বদলে গেল? লারার জবাব, ‘‘ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট আজ এমন এক জায়গায় যেখানে পরিবর্তনটা জরুরি। আমরা সম্ভবত একজন তরুণ অধিানয়ক পেতে যাচ্ছি, বয়স ৩০ এর নিচে। এই দলটিকে তার সাজানো দরকার তার প্রয়োজনীয় সমর্থন নিয়ে। আমি ভাবলাম, ওখানে আমাকে প্রয়োজন নেই। এখন শারীরিক সামর্থও তেমন নেই দেবার মতো। তাই দলের যে পরিবর্তন দরকার তাই করতে দিতে হবে। হয়তো এটাও (আমার সিদ্ধান্ত) সেরকম কিছু। অনেক কিছুই হয়তো ঘটবে। কিন্তু এই অবস্থায় নিজেকে টেনে নিয়ে চলার কোনো কারণ খুঁজে পাই নি।’’
অভিমান পেছনে? কে জানে। স্টিভ ওয়াহর শেষ ম্যাচে তাকে মাথায় নিয়ে মাঠ ঘুরেছিল সতীর্থরা। লারার শেষ ম্যাচে তিনি নিজেই একরকম পুরোটা সময় মাঠে কাটিয়েছেন ‘সবার মাঝে একা’। খেলা শেষে বেরিয়ে গেলেন, দল থেকে দু একজন ছাড়া অন্যদের মধ্য থেকে সাড়া মিলল না তেমন। মনে হলো না, তাদের মাঝে মাঠে আর কোনোদিন ফিরবেন না লারা।
চলে গেলেও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে এখনো লারার অনেক দেবার বাকি। তবে বললেন, ‘‘সেই সময়টা এখনই নয়’’। ‘‘ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে বুকের খুব প্রিয় জায়গায় রেখেছি সবসময়’’-ক্যারিবিয় ক্রিকেট থেকে তাই হারিয়ে যেতে চান না তিনি।
ভিন্ন ভিন্ন সময়ে তিন দফা অধিনায়কত্ব করেছেন, বিদায় নিলেন অধিনায়কত্ব নিয়ে সমালোচনাকে সঙ্গী করেই। তবে এই বিষয়টি নিয়ে বেশি আলাপে যেতেও রাজি নন লারা, ‘‘আমার এখন করণীয় হল দল ও নতুন অধিনায়ককে শুভেচ্ছা জানানো আর তারা যেন সব ধরনের সমর্থন পায় সে ব্যাপারটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছ থেকে নিশ্চিত করা।’’
বোর্ডের সমর্থনের প্রসঙ্গেই লারা বলে চললেন, ‘‘দলে ১১ জন খেলে আর বাজে পারফরম্যান্সের পর সবসময় তাদের সমালোচনায় বিদ্ধ করা হয়। কিন্তু যথার্থ ভিত্তি না পেলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট সংকটের আরো গভীরে ডুবে যাবে। একদিন আমরা দারুণ খেলি, চতুর্থ ইনিংসে ৪১৮ রান তাড়া করে টেস্ট জিতে ফেলি। আর পরদিনই ৬০ রান করতে পারি না।’’
অধিনায়কত্বের ভারমুক্ত হতে পেরে যেন স্বস্তির নিঃশ্বাস তার কণ্ঠে, ‘‘আমার আর দলকে নেতৃত্ব দেওয়া নিয়ে ভাবতে হবে না। তবে আমার সমর্থন সবসময় থাকবে। খেলোয়াড়দের জন্য আমার দরজা সবসময় খোলা ছিল। তারা সবাই আমার ফোন নম্বর জানে, যখন চায় তখনই ফোন করতে পারে, যে কোনো ব্যাপারেই। আমি আছি তাদের পাশে।’’
একসময় ক্যারিবিয় ক্রিকেটের সূর্য ছিল মধ্য আকাশে, দু বার বিশ্বকাপ জিতেছে তারা। ক্যারিয়ার শুরুর সময় সেই স্বাদও কিছুটা পেয়েছেন লারা। কিন্তু বিদায়ের সময় কি তৃপ্তি নিয়ে যেতে পারছেন? লারার আক্ষেপ, ‘‘না, পারছি না। ক্যারিয়ারের শুরুতে লক্ষ্য ছিল দীর্ঘদিন সবচেয়ে সফল দলের সদস্য হয়ে থাকার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা অর্জন করতে পারিনি। কিছুটা স্বাদ অবশ্য পেয়েছি ১৯৮৯ সালে শুরুর করার সময় থেকে ১৯৯৫ পর্যন্ত। পরে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও আমি পুরোপুরি তৃপ্ত নই। শেষ ১২ বছর ছিল খুব হতাশার।’’ লারা বলেছেন, ‘‘এই ধরণের হতাশা থাকলেও আমি তৃপ্ত কিছু রেকর্ড ভাঙ্গতে পেরেছি বলে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট হাতে ১৭ বছর কাটিয়ে দেওয়া দারুণ সম্মানের। এর জন্য আমি গর্বিত।’’
ওয়ানডে ছাড়লেন, সঙ্গে টেস্টও। শেষ আন্তর্জাতিক ক্যারিয়ার। ফার্স্টক্লাস ক্রিকেটকেও কি বিদায় জানিয়ে দিলেন? ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার সম্ভাবনা লারা উড়িয়ে দিচ্ছেন না, ‘‘আমি এবার বিশ্রাম নেব। হয়তো এক সপ্তা বা দু সপ্তাও হতে পারে। তারপর ভাববো কি করা যায়। কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, আবার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না।’’
তবে সবার আগে পরিবার কেন্দ্রিক একজন মানুষ হওয়ার আবেগ টানছে লারাকে, ‘‘সব কিছুর আগে আমার বিশ্রাম দরকার, নিশ্চিন্ত বিশ্রাম। তারপর সকালে ঘুম থেকে উঠবো, হয়তো এক দু সপ্তা এভাবে ঘুমাবো। কারণ জানি, এটা এখন করতেই পারি। আমি এখন আমার মেয়েকে স্কুলে দিয়ে তারপর আবার নিয়ে আসতে পারি। আগে যা করতে পারতাম না তার অনেক কিছুই করতে পারি। ভবিষ্যত সামনে পড়ে, হয়তো অনেক সুযোগই আসবে। কিন্তু এখনই তাড়াহুড়া করার কোনো কারণ নেই।’’
