ম্যাথু হেইডেন: রেকর্ডেরা ডাকছে তাকে
তার ব্যাটিংকে শৈল্পিক বলা যাবে না কিছুতেই। বরং প্রতিপক্ষের বোলিং আক্রমণকে ধ্বংস করে ফেলার একটা উদগ্র ইচ্ছাই যেন প্রতিফলিত হয় ম্যাথু হেইডেনের ব্যাটে। আগেও ক্রিকেটপিপাসুরা তা লক্ষ্য করেছেন।
এবারের বিশ্বকাপে তা আরো বেশি করে বুঝতে পারছেন সবাই। এক বিশ্বকাপে এক জন ব্যাটসম্যানের তিনটা সেঞ্চুরিই তো যে কারো চোখ কপালে তুলে দেয়ার জন্য যথেষ্ট। তবে ২০০৭ বিশ্বকাপে হেইডেন-বিস্ময়ের এখানেই শেষ নয়। এই তিন সেঞ্চুরির প্রথমটার জন্ম মাত্র ৬৬ বলে। অস্ট্রেলিয়া ফাইনালে উঠলে হাতে পাবেন দুটো ম্যাচ। এই দুই ম্যাচে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ান আরো কি বিস্ময়ের জন্ম দেন কে জানে!
অথচ ছয় মাস আগেও তার ওয়ানডে ক্যারিয়ার শেষ কিনা, তা নিয়ে কম জল্পনা হয়নি। ২০০৫-এর ইংল্যান্ড সফরে ন্যাটওয়েস্ট চ্যালেঞ্জ সিরিজে খেললেও ধারাবাহিক বাজে ফর্মের কারণে এরপর ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন। ফিরলেন গত সেপ্টেম্বরে, কুয়ালালামপুরে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৯ রানের ইনিংসটাকে রাজসিক হয়তো বলা যাবে না, তবে দলে জায়গা পাকা করতে বড় ভূমিকা রেখেছিল সেটা। সেই টুর্নামেন্টে একটাই ফিফটি পেয়েছিলেন হেইডেন। তবে ভারতের বিপক্ষে পরের ম্যাচে ৫৪ রান করলেও ডিএলএফ কাপে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে আর সুযোগ পাননি। কমনওয়েল ব্যাংক সিরিজে অবশ্য উপেক্ষার যন্ত্রণায় তাকে পুড়তে হয়নি। অস্ট্রেলিয়ার নিয়মিত ত্রিদেশীয় সিরিজের পুরোটাতেই তিনি খেললেন এবং একটি সেঞ্চুরি ও দুটো ফিফটি করে সমস্ত সমালোচনার জবাবও দিলেন।
তারপর নিউজিল্যান্ডের মাটিতে চ্যাপেল-হ্যাডলি সিরিজ। অস্ট্রেলিয়ার জন্য দুঃস্বপ্নের, যন্ত্রণাদায়ক এক সিরিজ। কিন্তু হেইডেনের জন্য সাফল্যের আলোয় উদ্ভাসিত। শেষ ম্যাচে গোড়ালির চোট নিয়েও অপরাজিত ১৮১ রানের যে অবিস্মরণীয় ইনিংস খেলেছিলেন সেটাই আজ ওয়ানডেতে কোনো অস্ট্রেলীয়র জন্য সর্বোচ্চ। অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ হয়েছিল ঠিকই, তারপরও হেইডেনের সেই ইনিংসের জন্যও সিরিজটাকে মনে রাখতে হবে বহুদিন।
তবে সব কিছুকে ছাড়িয়ে গেলেন এই বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং আক্রমণকে দুমড়ে-মুচড়ে দিয়ে ৬৬ বলে সেঞ্চুরি, ভাবা যায়! গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কানাডার জন ডেভিসনের ৬৭ বলে তিন অংক স্পর্শ করার রেকর্ড তাতেই হয়ে যায় দ্বিতীয় দ্রুততম। সুপার এইটের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আবার হেইডেন-ঝড়। ১৫৮ রান করে বলতে গেলে একাই অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন ৩২২ রানের পাহাড়ে। বিশ্বকাপে কোনো অস্ট্রেলীয়র এটাই ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।
শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে পেলেন টুর্নামেন্টের তৃতীয় সেঞ্চুরি। ১০০ বলে ১০৩ রানের আরেকটা চমকপ্রদ ইনিংসের সৌজন্যে হেইডেনই এখন বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক। ৯ ম্যাচে ৮২ দশমিক ৮৫ গড়ে ৫৮০ রান করায় তার সামনে এক অনন্য রেকর্ডেরও হাতছানি। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার রেকর্ড (২০০৩-এ শচীন টেন্ডুলকারের ৬৭৩) থেকে আর মাত্র ৯৩ রান দূরে দাঁড়িয়ে তিনি। ওয়ানডের সফলতম ব্যাটসম্যান টেন্ডুলকারের আরেকটা রেকর্ডও ভেঙ্গে ফেলতে পারেন হেইডেন। এক মৌসুমে টেন্ডুলকারের করা সর্বোচ্চ ১৮৯৪ রানের (১৯৯৮ সালে) রেকর্ডটাও এখন হুমকির মুখে। ২০০৭ সালে ইতিমধ্যেই ১১৮৬ রান করে ফেলা হেইডেন রেকর্ডটা মুঠোবন্দী করতে না পারলে তা বিস্ময়েরই জন্ম দেবে। তবে ওয়ানডেতে এক মৌসুমে সবচেয়ে কম সময়ে হাজার রানের রেকর্ডটা এখন তারই দখলে।
শুক্রবারের সেঞ্চুরিটা দিয়ে একটা ব্যাপার অবশ্য প্রায় নিশ্চিত করেই ফেলেছেন হেইডেন। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার লড়াইয়ে তিনি এখন অনেকখানি এগিয়ে। ৪৮০ রান করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিং ও জ্যাক ক্যালিসের এই লড়াই জেতার সম্ভাবনা খুব কম। এখন শুধু হেইডেন এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা গড়তে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা। অস্ট্রেলিয়া ফাইনালে উঠলে দুই ম্যাচে দরকার ৯৪ রান। তার বিপক্ষে বাজি ধরতে বোধহয় কেউ রাজি হবেন না!
