২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তার বিদায়ের দিনটা সত্যিই দুঃখের’

রঞ্জন মাদুগালের কথাগুলোর মধ্যেও এক ধরনের হতাশা লুকিয়ে ছিল! ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ম্যাচরেফারি টসের সময় ব্রায়ান লারার দিকে হাত বাড়িয়ে দিলেন। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে ক্রিকেটের বরপুত্রকে আর্ন্তজাতিক ক্রিকেটকে বিদায় জানানোর লগ্নে জানালেন শুভাশিস, ‘‘আপনার অবদানের জন্য ক্রিকেট-বিশ্ব আপনার কাছে ঋণী। এই অবদানের জন্য আইসিসি স্বকৃতজ্ঞচিত্বে আপনাকে ধন্যবাদ জানাচ্ছে।’’

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 09:47 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

বিশ্বকাপ সুপার এইটের শেষ ম্যাচে মাইকেল ভনের দলের প্রতিপক্ষ ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ। নিজের দলের জন্য জয় চাই ভনের, কিন্তু পাশাপাশি প্রতিপক্ষ অধিনায়ক ও অসাধারণ ব্যাটসম্যানের জন্য রইল তার শ্রদ্ধা, ‘‘ও তো জিনিয়াস। বিশ্বে তার মতো জিনিয়াস হিসেবে পরিচিতি পাওয়ার মতো মানুষ সংখ্যায় খুব কম।’’

ইংল্যান্ডের ওপর বরাবরই লারার ব্যাট ছিল নির্মম। মাইকেল অ্যাথার্টনের দলের বিপক্ষে অ্যান্টিগায় ৩৭৫ রানের টেস্ট ইনিংস খেলেছেন। বহু বছর ওটাই ছিল টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০০৩ সালে রেকর্ডটা ভাঙার বছরখানেক পর ওই অ্যান্টিগাতেই অপরাজিত ৪০০ রানের ইনিংস খেলে নতুন বিশ্বরেকর্ড গড়েন। সেবারও ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন মাইকেল ভন।

এমন নির্মম স্মৃতি কীভাবে ভোলেন ভন? তাকে তাই বলতেই হয়, ‘‘ বোলারদের কোথায় বল ফেলতে বলবেন এ নিয়ে অধিনায়ক হিসেবে তো কিছু পরিকল্পনা থাকেই । কিন্তু হাতে গোনা কয়েকজন ব্যাটসম্যানের মধ্যে লারাও একজন, যে কিনা প্রতিপক্ষ অধিনায়ককে হাস্যকর বানিয়ে দিতে জানে। সাজানো ফিল্ডিং তছনছ করে, বোলিং গুড়িয়ে দিয়ে খেলা থেকেই বের করে দিতে পারে আপনাকে।’’

হালের খেলোয়াড়দের মধ্যে যাদের দারুণ সুনাম, তারাও কোনো ধরণের কিপ্টেমীতে না গিয়ে ব্রায়ান লারাকে ‘ব্যাটিং জিনিয়াস’ আখ্যা দিচ্ছেন। এক সময় লারার সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংসের রেকর্ড ভেঙে ফেলা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাথু হেইডেনের কথায়, ‘‘ব্রায়ানের অস্বাভাবিক রকমের টেকনিক বোলারদের বারবারই বিব্রত করে। খেলার অসাধারণ এক দূত সে। ব্রায়ান লারা যা অর্জন করেছেন কেউ সম্ভবত ততটা অর্জন করতে পারেননি। (তার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর) দিনটা আসলেই দুঃখের দিন।’’

বর্তমান বিশ্বের অন্যতম সেরা অধিানয়ক নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিংয়ের চোখে, ‘‘খুব ভালো মনোভাব নিয়ে ক্রিকেট খেলে গেছে সে, তবে তা করেছে উপভ্যোগ্য উপায়ে। সে এমন একজন খেলোয়াড় যে ক্রিকেটের প্রতি নিউজিল্যান্ড ও বিশ্বের অনেককে আকৃষ্ট করেছে। তার মানে, ও অনেক খেলোয়াড় তৈরি করেছে। একজন বাঁ হাতি ব্যাটসম্যানের জন্য ওর খেলা দেখা ও তার বিপক্ষে খেলা বড় অনুপ্রেরণা। সেই তাকে চলে যেতে দেখা কষ্টের ব্যাপার।’’

অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, অবনমনের সময়টাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পতাকা একাই উড়িয়েছেন লারা। পন্টিংয়ের ভাষায়, ‘‘অনেকেই এই বিষয়টা ভাবেন না যে ব্রায়ান লারা গত ১০ বছরের সবগুলো ভালো মুহূর্ত নিজের কাঁধে করে দলের জন্য নিয়ে এসেছে। দলটির ব্যাটিং চালিয়ে নেওয়া আর ম্যাচ জেতানোর কাজটাও প্রায় একা করতে হতো তাকে।’’ পন্টিং বলে চলেন, ‘‘প্রায় প্রত্যেকটা খেলায়ই এমন চাপ নিয়ে তাকে খেলতে হতো। এই অবস্থা সামলে যেভাবে সে পারফর্ম করে গেছে তা চোখ এড়ালে চলবে না। যাদের বিপক্ষে আমি খেলেছি, তাদের মধ্যে সে আর শচীন দুটি ভিন্ন কারণে আমার চোখে সবচেয়ে গ্রেট। চাইলেই ঘুড়ে দাঁড়িয়ে ব্রায়ান আক্রমণে ছিন্নভিন্ন করতে পারে। আর টেকনিকের দিক থেকে আমার দেখা সবচেয়ে সেরা ব্যাটসম্যান হলো শচীন।’’