২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজও খুঁজবে নতুন কোচ?

ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সঙ্গে তার চুক্তি আগামী নভেম্বর পর্যন্ত। তবে বেনেট কিং এতদিন ওয়েস্ট ইন্ডিজের কোচ থাকতে পারবেন কি না সে ব্যাপারটা এখন প্রশ্নবিদ্ধ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 07:53 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

সুপার এইটে প্রথম চার ম্যাচ হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্ন মুছে যাওয়ার পর থেকেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তার বিরুদ্ধে সমালোচনার ঢেউ। তাকে দায়িত্ব থেকে এখনই অব্যাহতি দেয়ার পক্ষে অনেকেই সোচ্চার। তবে সে কাজটা বিশ্বকাপের পর পরই করা হবে কি না, তা বলা যাচ্ছে না এই মুহূর্তে। কারণ, ওয়েস্ট ইন্ডিজ দলের হতাশাজনক পারফরম্যান্স মূল্যায়নের পরই নির্ধারণ করা হবে বেনেট কিংয়ের ভাগ্য।

২০০৪ সালে দায়িত্ব নেয়া কিং ভালোমতোই জানেন, তার ভাগ্য এখন সুতোর ওপরে ঝুলছে। তাই ব্যাপারটা মেনে নিয়ে খানিকটা দার্শনিকসুলভ ভঙ্গিতে এই অস্ট্রেলীয় জানাচ্ছেন,“ব্যাপারটা মেনে নিতেই হবে আপনাকে। তাছাড়া আমার তো একটা পরিবার আছে। আমার স্ত্রী ও তিন সন্তান পৃথিবীর অন্য প্রান্ত থেকে লক্ষ্য করছে আমাকে। তাদের আগ্রহও তো আমাকে মাথায় রাখতে হবে।”

এক জন আধুনিক ক্রিকেট কোচের কাজটা যে ভীষণ কঠিন, সেটাও জানাতে তিনি ভোলেননি,“এই খেলার কোচিংয়ে আপনি কখনোই নিশ্চিত হতে পারবেন না আপনার নিয়োগকর্তারা ঠিক কি চাইছেন। কোচিংটা তো খুব সহজ কাজ নয়। এই দায়িত্বে সব সময়ই আপনার ওপরে স্পটলাইট থাকে। আর সাধারণ মানুষও আপনার কাছ থেকে শুধু ভালো ফলই চায় । আমি মনে করি, একজন কোচ হলেন কম্পাসের মতো। তারা সবসময়ই দলকে সঠিক পথে এগিয়ে নেয়ার চেষ্টা করেন।”

সেই কঠিন দায়িত্ব অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ হিসাবে থাকবেন কি না, তা জানার জন্য অপেক্ষা করাকেই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন বেনেট কিং, “ক্রিকেট কমিটির এই টুর্নামেন্ট সম্পর্কিত মূল্যায়নই আমার পরবর্তী লক্ষ্য। আমার ধারণা, আমি এই দায়িত্বে থাকি বা না থাকি, সবাই মিলে বসে সামনের দিকে তাকানো অর্থাৎ আগামী চার বছরের পরিকল্পনা করাই বেশি গুরুত্বপূর্ণ।”