লারার বিদায়ী ম্যাচেও জিততে পারলো না ওয়েস্ট ইন্ডিজ
প্রথমে মাইকেল ভন, তারপর কেভিন পিটারসেন, সবশেষে পল নিক্সন। ব্রায়ান লারার তারকা দ্যূতির সামনে এদের কাউকেই উজ্জ্বল মনে হওয়ার কোনো কারণ নেই। কিন্তু ক্রিকেটের এই কিংবদন্তির বিদায়ের দিনে তারা সবাই একসঙ্গে জ্বলে ওঠায় শেষটা মোটেই সুখের হলো না তার। আগে ব্যাট করে ৩০০ রান করেও তার দল যে তুমুল উত্তেজনার এই ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেল ১ উইকেটে। ১ বল বাকি থাকতেই ৯ উইকেটে ৩০১ রান তুলে নিয়ে লারার বিদায়ের দিনটাকে আরো বিষাদময় করে তুলেছে ইংলিশরা।
পিটারসেনের বিদায়ের পর নিক্সনের ৩৯ বলে ৩৮ রানের ইনিংসটাই শেষ বারের মতো বদলে দিয়েছে ম্যাচের গতিপথ।
ম্যাচের ৪৭তম ওভারে জেরম টেলরকে বিশাল এক ছক্কা মেরে যখন সেঞ্চুরিটা পূর্ণ করলেন পিটারসেন তখন মনে হচ্ছিল বুঝি ওই ছক্কাতে শেষ হয়ে গেল ম্যাচটাও। ২৪ বলে ৩৮ রানের প্রয়োজন ছিল, ওই ছক্কাতেই সমীকরণটা নেমে এলো ২৩ বলে ৩২-এ।
তবে পরের বলেই পিটারসেনের স্টাম্প উড়িয়ে টেলর দারুণ একটা প্রতিশোধ নিলেন। আরো একবার ঘুরে গেল পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের মোড়। দুই বল পরেই লিয়াম প্লাঙ্কেটও মিড অনে ক্যাচ দিলে ওয়েস্ট ইন্ডিজের হাতের মুঠোয় এসে যায় ম্যাচ।
কিন্তু যারা ভাবছিলেন এখানেই ম্যাচ শেষ, তাদের জন্য নতুন ভাবনার খোরাক নিয়ে হাজির হলেন নিক্সন। কিংবা বলা ভালো কোরি কলিমোর। তার করা ৪৮তম ওভার থেকে লং অন আর মিড উইকেটের মাঝামাঝি জায়গা দিয়ে তিনটি বাউন্ডারি মেরে দান উল্টে দিয়েছেন নিক্সন। তারপর বাউন্সার দিতে গিয়ে তিনি আরেকটি বাই বাউন্ডারি উপহার দিলে প্রয়োজনীয় রান আর বলের সমীকরণটা হয়ে যায় সমান। ৪ বল বাকি থাকতে তাকে বোল্ড করে দিয়ে মৃদু একটা আশার আলো জ্বালিয়েছিলেন বটে ব্র্যাভো, কিন্তু শেষ পর্যন্ত আর পারেননি তিনি। স্টুয়ার্ট ব্রডের ‘উইনিং’ শটটা নিজেই ফিল্ডিং করেছেন লারা!
নিক্সনের লড়াইয়ের শুরু কিন্তু আরো আগেই। ১৮৯ রানে ষষ্ঠ উইকেট পড়ার পর পিটারসেনের সঙ্গে ৮০ রানের জুটি গড়েও একবার ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়েছেন তিনি। ওই জুটিতে অবশ্য তার অবদান ছিল সামান্যই, পিটারসেনকে সঙ্গই দিচ্ছিলেন তিনি। ৯১ বলে ১০টি বাউন্ডারি আর একটি ছক্কায় সাজানো পিটারসেনের অসাধারণ ইনিংসটায় তাকে সঙ্গ দেওয়াটাও কিন্তু কম কিছু নয়!
সেটাই তো পাচ্ছিলেন না তিনি মাইকেল ভনের বিদায়ের পর।
যেভাবে ব্যাট করছিলেন, সেঞ্চুরিটা পাওনাই মনে হচ্ছিল মাইকেল ভনের। কিন্তু শেষ পর্যন্ত পারেননি তিনি। ২১ রান দূরে থাকতে ব্রায়ান লারার মতোই রানআউটের খাঁড়ায় কাটা পড়ে বিদায় নিতে হয়েছে তাকেও। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে বল কুড়িয়ে ফিল্ডাররা সাধারণত স্ট্রাইকিং প্রান্তেই থ্রো করেন, রামনরেশ সারওয়ান মুুহূর্তের মধ্যে কি করে যেন সিদ্ধান্ত নিয়ে ফেললেন থ্রোটা করতে হবে নন স্ট্রাইকিং প্রান্তে। বল যখন উইকেট ভেঙ্গে দিল তখনো অনেক দূরে ইংল্যান্ড অধিনায়ক। আর তিন ওভার পরেই নতুন ব্যাটসম্যান পল কলিংউডকে (৬) বোল্ড করে দিয়ে ম্যাচটা জমিয়ে তুলেছেন ডোয়াইন ব্র্যাভো। আর সারওয়ানের নিরীহ লেগস্পিনে পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে অ্যান্ড্রু ফ্লিন্টফের (১৫) বিদায়ের পর ডেভন স্মিথ জেমি ড্যালরিম্পলকেও (১) রানআউট করে দিলে মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের জয় সময়ের ব্যাপার।
ভন যে ভাবে শুরু করেছিলেন তাতে কিন্তু অন্য রকমই মনে হচ্ছিল। বল হাতে তিন উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানবন্যা থামানোর পর ব্যাট হাতে নিজেই রান-বন্যা ছোটাচ্ছিলেন ইংলিশ অধিনায়ক। মাত্র ৩৩ বলে হাফসেঞ্চুরি করার পর একটা লাইফও পেয়েছেন, ৫২ রানে তার ক্যাচ ফেলেছেন মারলন স্যামুয়েলস। ১১ রানে প্রথম উইকেট হারানোর পর রবি বোপারাকে নিয়ে তার ৯০ রানের জুটি যখন গড়ে উঠছে, ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জটাকে অতি সাধারণ বলেই মনে হচ্ছিল তখন।
এর আগে বল হাতেও ৩৯ রানে তিন উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের রান-বন্যা থামিয়েছেন ভনই। নইলে লারার বিদায়ের পর যেভাবে শুরু করেছিলেন মারলন স্যামুয়েলস আর শিবনারায়ন চন্দরপল, তাতে রানের নিচে চাপা পড়ারই কথা ইংল্যান্ডের। তা না হলেও স্কোরটা একেবারে কম হয়নি, এক বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে গেছে ঠিক ৩০০ রান করে।
মাত্র ২৯ বলে অর্ধশতরানের জুটি গড়ে ইংলিশদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন স্যামুয়েলস আর চন্দরপল। এতে স্যামুয়েলসের একারই অবদান ৩৩, লিয়াম প্লাঙ্কেটের এক ওভার থেকে ২৪ রান নিয়েছেন তিনি। কিন্তু পরের ওভারেই বল হাতে নিয়ে সেই রান বন্যায় বাঁধ দিতে শুরু করেছেন ভন। দারুণ লাইন লেন্থে বল করতে থাকায় হঠাৎ করেই রান পাওয়া কঠিন হয়ে ওঠে আর সেই হতাশা কাটাতে গিয়েই স্যামুয়েলস ক্যাচ দিয়েছেন শর্ট মিডউইকেটে। তার আগে অবশ্য মাত্র ৩৯ বলে করে গেছেন ৫১ রান!
৪৩ তম ওভারে স্যামুয়েলস যখন বিদায় নেন, তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ২৫৮। যে গতিতে রান তুলছিলেন তারা, সেটা স্লগ ওভারে কোথায় বাড়বে, তা নয় উল্টো ভন-ফ্লিন্টফ-কলিংউডরা মিলে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের বেঁধেই রেখেছেন। পরের ৭ ওভারে ৪২ রান তুলতে শেষ পাঁচ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা।
এর দুটি পেয়েছেন ভন। স্যামুয়েলসের পর ডোয়াইন ব্র্যাভো (১৩) আর জেরম টেলর (১২) দুজনই মিডউইকেটে জেমি ড্যালরিম্পলের হাতে ক্যাচ দিয়েছেন তার বলে। অন্য প্রান্তে আরেক অনিয়মিত বোলার পল কলিংউডও পেয়েছেন সাফল্য-Ñ তার শিকার চন্দরপল (৩৯ বলে ৩৪) লং অনে প্লাঙ্কেটের হাতে ক্যাচ দিয়েছেন। আর ওয়েস্ট ইন্ডিজের শেষ দুই ব্যাটসম্যান ড্যারেন পাওয়েল (০) ও কোরি কলিমোর (১) হয়েছেন রানআউট।
এর আগে ক্যারিয়ারের শেষ ইনিংসে লারা হয়েছেন রানআউট। যতক্ষণ মাঠে ছিলেন, খেলছিলেন ‘গ্রেট’-এর মতোই। কিন্তু মুহূর্তের খামখেয়ালিতে শেষ হয়ে গেল সবকিছু। মিডঅন ফিল্ডারের হাতে বল, কি যে মনে করে স্ট্রাইকিং প্রান্ত থেকে মারলন স্যামুয়েলস কল করলেন! বুঝতে পেরে যখন ফিরিয়ে দিলেন লারাকে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কেভিন পিটারসেনের থ্রোটাও সরাসরি উইকেটে আঘাত হানায় রান আউট হয়ে গেলেন লারা। শেষ ম্যাচের ১৮ মিলিয়ে ২৯৯ ওয়ানডের ২৮৯ ইনিংসে তার সংগ্রহ দাঁড়ালো ১০ হাজার ৪০৫ রান।
সকালে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়েছে দারুণ। তবে তার জন্য দুওপেনারের একজন যদি কৃতিত্ব পান, সেই দারুণ শুরুটা নষ্ট করার দায় নিতে হবে অন্য জনকে। একপ্রান্তে ক্রিস গেইল যখন ব্যাটে ঝড় তুলছিলেন অন্য প্রান্তে ডেভন স্মিথ তখন যেন হার মানাচ্ছিলেন টেস্ট ক্রিকেটকেও! তার ওপর স্ট্রাইকও থাকছিল তারই। এমন অবস্থায় যা হওয়ার হয়েছে সেটাই। হতাশ গেইল ব্যাট চালিয়েছেন খেলার সুযোগ পাওয়া সব বলেই। তেমনই একটি শটে থার্ডম্যানে ক্যাচ দিয়ে শেষ হয়ে গেছে এই বাঁহাতি ওপেনারের বিস্ফোরক ইনিংসটা। ৫৮ বলে ৭৯ রান, তাতে ১০টি বাউন্ডারি আর তিনটি ছক্কা- এমন বিনোদনের সমাপ্তিতেও কিন্তু কেনসিংটন ওভালের গ্যালারিতে মোটেই হতাশার ছাপ নেই। বরং দেখা গেল ‘নিষিদ্ধ’ মেক্সিকান ওয়েভও। কারণ, ব্যাট হাতে নেমেছেন ব্রায়ান লারা।
লারার বিদায়ী ম্যাচে গেইলের এই ঝড়ের প্রধান শিকার ইংল্যান্ডের নবীন পেসার লিয়াম প্লাঙ্কেট। তার করা ম্যাচের অষ্টম ওভারটি থেকে দুটি চার আর দুটি ছক্কাসহ গেইল তুলে নিয়েছেন ২২ রান! এই ঝড়ের তোড়ে ভেসে যেতে যেতে একাদশ ওভারে পাওয়ার প্লে নেওয়ার সাহস পাননি ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তবে স্মিথের অপেশাদার ব্যাটিং ২৩তম ওভারে গিয়ে সেটা নিতে উৎসাহিত করেছে তাকে। গেইল যখন অমন ঝড় তুলছেন, তখনই তার ওপেনিং সঙ্গীর ৫০ রানের জন্য ব্যয় করতে হয়েছে ৯৮ বলÑ পার্থক্যটা এখানেই পরিস্কার।
ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে যখন টস করতে নামেন ব্রায়ান চার্লস লারা, তখন করতালিতে ফেটে পড়েছিল কেনসিংটন ওভালের দর্শকে ঠাসা গ্যালারি। কিন্তু টসটা তার জেতা হয়নি। তাই হাসিমুখে ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের অনুরোধে আগে ব্যাট করার সিদ্ধান্তই কবুল করতে হয়েছে তাকে। সতীর্থদের উদ্দেশ্যে বললেন, “এ ম্যাচ আমার জন্য নয়, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য জিততে চাই।”
ভন ম্যাচটা জিততে চান বিদায়ী কোচ ডানকান ফ্লেচারের সম্মানে। সেটা নিশ্চিত করতে এ ম্যাচের দলে তিনটি পরিবর্তন। ইয়ান বেল, সাজিদ মাহমুদ আর মন্টি পানেসার নেই, তাদের জায়গায় ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের শেষ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন জেমি ড্যালরিম্পল, লিয়াম প্লাঙ্কেট আর স্টুয়ার্ট ব্রড। ওয়েস্ট ইন্ডিজ খেলছে বাংলাদেশের বিপক্ষের দল নিয়েই।
ওয়েস্ট ইন্ডিজ : ৪৯ দশমিক ৫ ওভারে ৩০০ (গেইল ৭৯, ডেভন স্মিথ ৬১, লারা ১৮, স্যামুয়েলস ৫১, সারওয়ান ৩, চন্দরপল ৩৪, ব্রাভো ১৩, রামদীন অপ. ১০, টেলর ১২, পাওয়েল ০, কোলিমোর ০; অ্যান্ডারসন ০/৩৯, প্লাঙ্কেট ১/৭১, ব্রড ০/৩২, ফ্লিন্টফ ২/৫৯, ড্যালরিম্পল ০/১৯, কলিংউড ১/৪০, ভন ৩/৩৯)।
ইংল্যান্ড : ৪৯ দশমিক ৫ ওভারে ৩০১/৯ (স্ট্রস ৭, ভন ৭৯, বোপারা ২৬, পিটারসেন ১০০, কলিংউড ৬, ফ্লিনটফ ১৫, ড্যালরিম্পল ১, নিক্সন ৩৮, প্লাঙ্কেট ২, স্টুয়ার্ট ব্রড অপঃ ৫, অ্যান্ডারসন অপঃ ০, কলিমোর ১/৬১, পাওয়েল ০/৫৮, টেলর ২/৬৫, গেইল ০/৩২, ব্যাভো ২/৪৭)
ফল : ইংল্যান্ড এক উইকেটে জয়ী
ম্যান অফ দ্য ম্যাচ : কেভিন পিটারসেন
