সম্মানজনক বিদায়ের সুযোগ পেতে পারেন হাবিবুল
বাংলাদেশের অধিনায়কদের নিষ্ঠুর নিয়তি, সম্মানের সঙ্গে বিদায় নেওয়া হয় না তাদের। এতদিন ধরে এমনই ঘটে আসছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক হাবিবুল বাশারের ব্যাপারেও তেমনটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল।
কিন্তু ঘটনাটা সম্ভবত অন্য দিকে মোড় নিতে চলেছে। ভারতের বিপক্ষে আগামী মাসের সিরিজেও ওয়ানডে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে হাবিবুলকে। তারপরই হয়তো ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন। তবে এটা প্রায় নিশ্চিত যে ভারতের বিপক্ষে রাহুল দ্রাবিড়ের সঙ্গে টেস্টের মতো ওয়ানডেতেও টস করতে নামছেন হাবিবুল।
এই পর্যন্ত যারা পড়লেন, তাদের চোখ ছানাবড়া হওয়ারই কথা! এ কি কোনো কল্প-গল্প? নইলে একদিন আগেও যার ওয়ানডে ক্যারিয়ারের মৃত্যুবরণের খবর মিলেছে, হঠাৎই কিভাবে তার পূনর্জাগরণ হয়?
১৯ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সুপার এইটের শেষ ম্যাচের আগের দিনের ঘটনা দিয়েই শুরু করা যাক। সেদিন ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড মিটিং বসেছিল। এবং কোচ ডেভ হোয়াটমোরের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও হয়ে যায় সেখানে। অধিনায়কত্ব প্রসঙ্গে নিশ্চিত কোনো খবর ওই বৈঠকের পর কোনো কর্মকর্তা দেননি। কিন্তু বিভিন্ন সূত্র থেকে সংবাদপত্রে খবর এসেছে, হাবিবুল ভারতের বিপক্ষের ওয়ানডে দলেই থাকছেন না। বৈঠকে নাকি এই সিদ্ধান্ত নিয়ে তাকে টেস্টের আর আশরাফুলকে ওয়ানডের অধিনায়ক করার সিদ্ধান্ত হয়েছে।
ওদিকে বার্বাডোজে হাবিবুলের মুষড়ে পড়ার কারণও ছিল। খোদ প্রধান নির্বাচক সেখানে তাকে ঠারে-ঠুরে জানিয়েছেন, পরের ওয়ানডে সিরিজে তার জায়গা নেই।
কিন্তু বিপত্তি বেধেছে ঢাকা আর বার্বাডোজ, দু জায়গাতেই। গত তিন বছর ধরে হাবিবুল বাংলাদেশের অধিনায়ক। এ পর্যন্ত দেশের যে কোনো অধিনায়কের চেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড তার, সাফল্যও তেমনি। ৬৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন ২৯টিতে। বধ করা দলগুলোর মধ্যে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ভারত আর দক্ষিণ আফ্রিকার মতো জায়ান্টরা। এইসব বিবেচনায় বোর্ডের মধ্যেই দুটি পক্ষ আছে, যেমন আছে নির্বাচকদের মধ্যে। তবে সবচেয়ে বিবেচ্য দুটি বিষয়।
প্রথমত, হাবিবুলকে এভাবে বিদায় করে দেওয়া হচ্ছে জেনে বার্বাডোজে দলের খেলোয়াড়দের বেশিরভাগই অনেকটা ভেঙে পড়েছেন। তাদের অনেকের মতে, এমন কাজ অন্যায়।
দ্বিতীয়ত, বিশ্বকাপের মতো বড় আসরে অকল্পনীয় সাফল্য এনে দেওয়ার কয়েকদিনের মধ্যে তাকে ওয়ানডে থেকে বাদ দিলে দলে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা, সেটাও বোর্ডকে ভাবিয়েছে।
বার্বাডোজ থেকেই আসা খবর, বাংলাদেশের জন্য হাবিবুলের অবদানের কথা বিবেচনা করে তাকে ‘সম্মানের সাথে বিদায়’ দেওয়ার একটা সিদ্ধান্তের মতো হয়েছে। সে অনুযায়ী, বোর্ডের সঙ্গে কথা বলে সিরিজের আগেই হাবিবুল জানিয়ে দেবেন, এটাই তার শেষ ওয়ানডে সিরিজ।
বিষয়টি নিয়ে মুখ খুলবেন এমন কোনো দায়িত্বশীল লোক এই ঢাকায় মিলছে না। কিন্তু বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহামান নিশ্চিত করেই বলে দিয়েছেন, বোর্ডের বৈঠকে ওয়ানডে থেকে হাবিবুলকে বাদ দেওয়ার এবং নতুন অধিনায়ক নির্বাচনের কোনো সিদ্ধান্ত হয়নি।
এই প্রসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন মাহমুদুর রহমান। তার ভাষায়, ‘‘প্রথম বিষয়টি হলো, সেদিনের বৈঠকে হাবিবুলের ওয়ানডে নেতৃত্ব কেড়ে নেওয়া বা তাকে ওয়ানডে দল থেকে বাদ দেওয়ার মতো কোনো নিশ্চিত সিদ্ধান্ত হয়নি। দ্বিতীয়ত, অন্য কাউকে পরের সিরিজের জন্য অধিনfয়ক নির্বাচনের নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’
এরপরের বিষয়টি নিয়ে কথা বলার সময় নির্বাচক ও পারফরম্যান্স মূল্যায়ন কমিটির কোর্টে বল ঠেলে দিয়েছেন মাহমুদুর রহমান, ‘‘তৃতীয় বিষয়টা হলো, দল দেশে ফেরার পর পারফরম্যান্স মূল্যায়ন কমিটি দলের পারফরম্যান্স মূল্যায়ন করবেন। এরপর নির্বাচকরা বসে দল ঠিক করবেন এবং অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম বোর্ডের কাছে দেবেন।’’ সহজ হিসাব, দুটি দলেই হাবিবুল থাকলে তার নেতৃত্ব কেড়ে নেওয়ার প্রশ্ন আসার কথা নয়।
বিতর্ক হাবিবুলের ওয়ানডে দলে থাকা নিয়ে। এবং মাহমুদুর রহমানের কথায়, ‘‘ওয়ানডে দলে হাবিবুলের থাকার সম্ভাবনাটা বাতিল করে দেওয়া যায় না।’’
প্রসঙ্গক্রমে, আসলে উদাহরণ হিসেবেই একটি কথা বলেছেন মাহমুদুর রহমান। নির্বাচকরা যদি ওয়ানডে এবং টেস্টের জন্য দুটি ভিন্ন দলের কথা ভাবেন, সেটাও বিবেচনা করা হবে। কারণ, দলের স্বার্থে যা ভালো হয় তা করার দায়িত্ব দেয়া হয়েছে নির্বাচকদের।
এত কথার পর একটি বিষয় সম্পর্কে অন্তত ধারণা মেলে, সত্যিকার অর্থেই সম্মানের সাথে ওয়ানডেকে বিদায় জানানোর সুযোগটা হাবিবুলের সামনে হয়তো আসছে। প্রশ্ন হলো, সেটা ভারতের বিপক্ষের সিরিজের পরই নাকি আরো কিছু সময় তাকে দেয়া হবে?
