ক্রিকেটের সবচেয়ে বড় অলংকারটা খসে গেল!
আলোয় ভরা ঘরটাতে কে যেন কবরের অন্ধকার নামিয়ে দিল। হঠাৎ মনে হলো দুনিয়াটা ফাঁকা। বাইরে কোলাহল চলছিল, উন্মাতাল নাচ-গান, এখন মনে হলো এসবই বেদনাবিধুর সংগীত। ব্রায়ান লারা আর কোনোদিন খেলবেন না এরপর কী আর উল্লাস করা সাজে! এরপরের পৃথিবীতে আনন্দ থাকতে পারে না, উন্মাদনা চলতে পারে না। এরপর গোমড়া মুখে রাজাকে রাজকীয় বিদায়ের প্রস্তুতিতেই তো সবার ব্যস্ত হয়ে পড়া উচিত।
বিশ্ব মিডিয়া সেরকমই ব্যস্ত হয়ে পড়লো। সংবাদ সম্মেলনের শুরুটা ছিল একটু অদ্ভুত। ভারতীয় এক টিভি সাংবাদিক ফ্লোর নিয়েই প্রথম প্রশ্ন করলেন, “আপনার ভবিষ্যত নিয়ে কী ভাবছেন?”
লারা বিরক্ত। হাত তুলে খুব বিরক্তিভরে প্রশ্নকর্তাকে এক নজর দেখে বললেন, “আমরা ক্রিকেটের মধ্যেই থাকি।” সবাই ক্রিকেটের মধ্যে থাকলো বটে, কিন্তু জোর করে। প্রশ্নের পেছনের লেজে ঠিকই ঢুকে থাকল তার ভবিষ্যত বিষয়ক প্রশ্ন। খেলা ছেড়ে দেয়ার পর কী করবেন ভাবছেন! যেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সংবাদ সম্মেলন নয়। লারার বিদায় সভা। আর লারা একের পর এক ফাঁদ এড়িয়ে গেলেন। দেরিতে হলেও বাংলাদেশের সঙ্গে ম্যাচটাতে আমরা আমাদের খুঁজে পেয়েছি, এখন ইংল্যান্ডের সঙ্গে শনিবারের ম্যাচটাতে আমাদের ভালো করতে হবে, বিশ্বকাপ শেষ হলেও ওদের সঙ্গে সিরিজের প্রস্তুতি হিসাবে মন্দ হবে না এসব নানা কথা।
কিন্তু লারার কাছে এসব কে শুনতে চায়! গুজবের বাতাসে ওয়েস্ট ইন্ডিজের বাতাস ভারী, সেসব গুজব-গুঞ্জনের বেশিরভাগই বলছে লারা ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়তে যাচ্ছেন। এখন সেটা নিয়ে যদি তিনি কিছু বলেন! লারা বললেন না। এবং বললেন। শেষে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই ঘোষণা, “শনিবার আমি আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলব।”
সংবাদ সম্মেলনের শেষভাগে সবাই একটু অমনযোগী হয়ে যায়, বেরোনোর তাড়া, এর মধ্যেই লারা এমন খবরটা দিয়ে বসলেন যেটা যুগ-যুগ সংবাদ সম্মেলনে করেও পাওয়া যায় না। সবাই ভাবল ভুল শুনেছে, ওয়ানডে ক্যারিয়ারের কথাই বলেছেন বোধহয়, কিন্তু সবাই ভুল শুনে কী করে! দলের মিডিয়া ম্যানেজার নিশ্চিত করলেন। কেউ ভুল শোনেননি। সবাই ঠিক। লারা চলে যাচ্ছেন। ক্রিকেট ছেড়ে। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে শেষবারের মতো ব্যাট হাতে নামবেন, শেষবার স্টান্স নেয়া, শেষবার চার-ছয়, শেষবার মাঠ ছাড়া। ব্রায়ান লারা নামের যে প্রদীপটি ক্রিকেটকে ১৭ বছর আলো দিয়ে গেছে এবার তার নেভার সময়। শনিবার কেনসিংটন ওভালে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বর্ণময় সূর্যের সূর্যাস্ত।
ওয়েস্ট ইন্ডিজে এসে বিস্মিত হয়েছি। ত্রিনিদাদে লারা দেবতার প্রতিকৃতি। বাকি দেশুগলোতে তিনি শয়তানের ছবি। পরশু লারার বিদায়ের খবর শোনার পর ঘোরের মধ্যেই একটা ট্যাক্সিতে উঠেছিলাম। তরুণ ট্যাক্সি ড্রাইভার বললো, শুনেছো তো বোধহয় লারা আর খেলছে না!
হ্যাঁ। তোমার নিশ্চয়ই মন খারাপ।
না। মন খারাপ হবে কেন। হি সেল ম্যাচেস। হি শ্যুড গো বিফোর।
এই দিনেও এই কথা শুনতে হবে লারাকে নিয়ে। লারা ক্লাসের ফার্স্ট বয়ের মতো সুবোধ বালক নন, তিনি ক্লাসের সেই দুরন্ত ছেলে যার দুষ্টুমিতে সবাই অতীষ্ট, কিন্তু এক-একদিন এমন দুনিয়াছাড়া কাণ্ড করে সবাইকে তাক লাগিয়ে দেবে। লারার ক্রিকেটে জীবনভর সৌন্দর্য আর বিতর্ক রেলের দুই লাইনের মতো সমান্তরালে চলেছে। বিচিত্র সব কাণ্ড করেছেন, কখনও উদাসী, অমনযোগী; ফলে সমর্থকদের কাছে তিনি শচীন টেন্ডুলকারের মতো পূজনীয় নন। কিন্তু টেন্ডুলকার যখন যন্ত্রের মতো একঘেয়ে তখন লারার মধ্যেই জীবনের ছবি। সৃষ্টি অনেকেই করতে পারে, কিন্তু লারা ধ্বংস দেখাবেন এবং দেখাবেন ধ্বংসের মধ্যে থেকে আবার কীভাবে সৃষ্টি হতে পারে। সেই সৃষ্টিও দুনিয়ায় তার সময়ে তার চেয়ে বেশি কেউ পারেনি। ডন ব্র্যাডম্যান গড়ে তার চেয়ে অনেক এগিয়ে, ধারাবাহিকতায় টেন্ডুলকার এগিয়ে, ঔদ্ধত্যে ভিভ রিচার্ডসও তার চেয়ে বেশি নম্বর পাবেন, ব্যাটিং ব্যাকরণ ধরলে সুনীল গাভাস্কার তার চেয়ে নিখাদ কিন্তু শেষপর্যন্ত তাদের সবাই একটা জায়গায় পিছিয়ে থাকবেন।
বর্ণময়তায়, চরিত্রে ব্রায়ান লারা এক নম্বর। এবং ব্যাটিং যদি শিল্প হয় সেই শিল্পের অদ্বিতীয় স্রষ্টা ব্রায়ান লারা। লারাকে কেমন লাগে প্রশ্নে হাবিবুল বাশার বলছিলেন, “খেলোয়াড়দের কাছে এটা কোনো প্রশ্নই নয়। অন্যদের কাছে যেমনই হোক ক্রিকেটারদের কাছে জিজ্ঞেস করুন সবাই বলবে লারার নাম।”
বললেনও। আশরাফুল-আফতাব সবার মধ্যে যেন প্রিয়জন হারানোর শোক। আর তিনি লারা তখন ঘুরে বেড়াচ্ছেন ফুরফুরে মেজাজে। যেন বুকের ওপর ১৭ বছর ধরে চেপেছিল যে পাথরটা আজ, একটু আগে তা থেকে মুক্তি পেয়েছেন। এখন ডানা মেলে ওড়ার সময়। কিন্তু লারার ডানাই তো তার ব্যাট। আসলে সবচেয়ে যুক্তির উপমা হলো শিল্পীর তুলি। এই যে এত বছর বোলারদের এত মারধর করলেন কোনোদিন কিন্তু মনে হয়নি মারছেন। তার শরীরের শক্তি নিংড়ানো শটের মধ্যে একটা শিল্পীত ব্যাপার ছিল, যেন বলকে আদর করে দূরে ঠেলে দিচ্ছেন। ক্রিকেট মাঠেই শুধু নয়, পৃথিবীতে গত এক-দেড় দশক দৃষ্টি সুখের জন্য যত ব্যাপার ছিল তার মধ্যে লারার ব্যাটিং ছিল ওপরের দিকে। গান-সিনেমা-চিত্রকলা মিলিয়ে বিনোদনের যত শাখা তার সারিতেও লারার ব্যাটিং ছিল। নিজেও মনে করেন ব্রায়ান জীবনে রান-গড় এসব নিয়ে ভাবেননি। ভেবেছেন শুধু মানুষকে আনন্দ দেয়ার কথা, “আমি চেয়েছি মাঠে যারা আসে তাদের আনন্দ দিতে। সেটাই মন-প্রাণ দিয়ে করে যেতে চেয়েছি। আমি চাই এভাবেই মানুষ ব্রায়ান লারাকে মনে রাখুক।”
আর মনে করেন নিজের সবচেয়ে শক্তির জাযগাটা যতটা তার ব্যাট ততোটাই তার পরিবার, “অনেকবারই মানুষ এবং ক্রিকেটার ব্রায়ান লারাকে শেষ করে দেয়ার চেষ্টা হয়েছে। কিন্তু প্রতিবারই আমি ঘুরে দাঁড়িয়েছি। এই শিক্ষাটা পেয়েছি আমি আমার পরিবার থেকে। আমার বেড়ে ওঠার মধ্যেই দুঃসময় জয় করার মানসিক শক্তির যোগানটা ছিল।”
ব্রায়ান লারা পৃথিবীতে না এলে মানুষ জানতোই না যে টেস্ট ক্রিকেটে চারশ রান করা সম্ভব। এটাও জানা যেতো না যে ক্রিকেটে একবার ব্যাট করতে নেমে পাঁচশ রান করা সম্ভব। আর খেয়াল করে দেখুন সারাজীবন সবার মধ্যে একটা আফসোস থেকেছে লারা তার প্রতিভার প্রতি সুবিচার করেননি। এবং প্রতিভার এমন অপচয়ের পর টেস্ট ক্রিকেটে তার রান সর্বকালের সর্বোচ্চ, ওয়ানডেতে ১০ হাজারের ওপর রান। তাহলে প্রতিভার পুরো বিচার করলে কী হতো!
এই হিসাব লারা করেন না এবং এসব হিসাব দিয়ে লারাকে চিনতে বা বুঝতে গেলে ভূল করবেন। কল্পনার দুঃসাহসী প্রয়োগ, অসম্ভবকে সম্ভব করার দুর্নিবার নেশা, আবার মাঝে-মধ্যে সামর্থ্যরে সঙ্গে বেমানান অধাবাহিকতা মিলিয়ে লারার ব্যাটিং শেষ পর্যন্ত মায়ায় ভোলানো যাদু। কখনো শুদ্ধ রাগ সঙ্গীত, কখনো রক। নিত্যনতুন সৃষ্টি এবং তাতে নতুনত্বের রং দিয়ে লারা এমন যাদুকর যে ব্যাট দিয়ে বোলার শাসনের সঙ্গে সঙ্গে একটা মায়ার জগতও তৈরি করে রাখতেন। ব্যাট তাই তুলির সঙ্গে সঙ্গে যাদুদণ্ডও। ক্রিজে শরীরী উপস্থিতিতে এক মায়ার জগতের ডাক।
লিখতে লিখতে যতবার ভাবছি লারা আর ব্যাট করবেন না ততোবারই যেন ক্রিকেট দুনিয়াকে বড় দরিদ্র দেখাচ্ছে। তার সবচেয়ে বড় অলংকারটা যেন লুট হয়ে গেলো। যদি সত্যিকারের ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন তাহলে খেয়াল করুন আপনার বুকেও স্বজন হারানোর ব্যথা বাজছে। এবং তাহলে এটাও আপনার দায়িত্ব যে সব কাজ-কর্ম বাদ দিয়ে প্রার্থনার মতো একাগ্র হয়ে লারার শেষ ইনিংস দেখা। দেখবেন কিন্তু! না হলে ক্রিকেট ইতিহাসের কাছে দায়ী থাকবেন।
