২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেটে ব্রায়ান লারা

শনিবার ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হবে বিশ্বকাপ ২০০৭-এর সুপার এইট পর্ব। এমনিতে দু দল পয়েন্ট তালিকায় নীচের দিকের কোন জায়গা পাবে-এর বাইরে তেমন কোনো গুরুত্ব ছিল না এ ম্যাচের। অথচ হঠাৎ আকর্ষনহীন ম্যাচটাই চলে এসেছে আকর্ষনের কেন্দ্রবিন্দুতে। এ ম্যাচ দিয়েই যে আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানতে যাচেছন ব্রায়ান চার্লস লারা! দেখা যাক, আন্তর্জাতিক অঙ্গনে লারার শেষের আগের আদ্যোপান্ত:

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2007, 08:08 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ওয়ানডে অভিষেক, ১৯৯০

১৯৯০ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে সে ম্যাচে ১১ রান করে ওয়াকার ইউনিসের বলে এলবিডব্লিউ হয়ে যান ব্রায়ান লারা।

টেস্ট অভিষেক, ১৯৯০

সে বছর ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফরেই তৃতীয় টেস্টে কার্লাইল বেস্টের জায়গায় সুযোগ পেয়েছিলেন লারা। লাহোরে অনুষ্ঠিত ওই ম্যাচের প্রথম ইনিংসে ৪৪ ও দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৫ রান। ম্যাচটা ড্র হয়েছিল।

বিশ্বকাপে স্মরণীয় অভিষেক

১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাকেই বলা যায় আন্তর্জাতিক ক্যারিয়ারে তার প্রথম নজরকাড়া ইনিংস। সেঞ্চুরি পাননি, ওয়াসিম আকরামের একটি ইয়র্কারে পায়ে আঘাত পেয়ে অবসর নিতে হয়েছিল। কিন্তু ওপেন করতে নেমে তার ৮৮ রানের ইনিংসটাই খুন করে ফেলেছিল পাকিস্তানকে, ১০ উইকেটেই হেরেছিল তারা।

সিডনির সেই ঝলমলে ইনিংস, ১৯৯৩

টেস্ট ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা অসাধারণ ওই ইনিংসটা ট্রিপল সেঞ্চুরিতে পরিণত হওয়ার সম্ভাবনা জাগিয়ে শেষ হয়ে যায় ২৭৭ রানে। লারা মনে করেন, এটি তার ক্যারিয়ারের সেরা ইনিংস। রেকর্ডবুকেও স্থান পেয়েছে এ ইনিংস। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির তালিকায় ২৭৭ পেয়েছে চতুর্থ সর্বোচ্চ ইনিংসের স্থান।

সোবার্সকে ছাড়িয়ে যাওয়া, বনাম ইংল্যান্ড, অ্যান্টিগা, ১৯৯৪

স্যার গ্যারি সোবার্সের অপরাজিত ৩৬৫ টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংসের মর্যাদা পেয়েছে ৩৬ বছর। তারপর? লারা অ্যান্টিগায় ইংলিশ বোলারদের বিধ্বস্ত করে খেলেন ৩৭৫ রানের মহাকাব্যিক ইনিংস। সোবার্সকে ছাড়িয়ে ব্রায়ান লারাই হয়ে যান টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় ইনিংসের মালিক।

বার্মিংহামে এক ঝলক লারা, ওয়ারউইকশায়ার বনাম ডারহাম, ১৯৯৪

সোবার্সের ৩৬৫ কে ছাড়িয়েছেন দু মাসও হয়নি, এরই মধ্যে ইংলিশ কাউন্টিতে ওয়ারউইকশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে লারার ব্যাট উপহার দেয় অপরাজিত ৫০১ রানের অতিমানবীয় এক ইনিংস। ফার্স্ট ক্লাস ক্রিকেটে সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংসের রেকর্ডও লেখা হয়ে যায় তার নামে। হানিফ মোহাম্মদের ৪৯৯ সেই থেকে দ্বিতীয় সেরা।

প্রথম অধিনায়ক হওয়া, বনাম ভারত, বার্বাডোজ,১৯৯৭

২০ বছর আগে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়ার প্রথম সুযোগ পেয়েছিলেন লারা। বার্বাডোজে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ত্রিনিদাদের যুবরাজ খেলেছিলেন ৪৫ রানের দায়িত্বশীল এক ইনিংস। সুবাদে ভারতকে ১২০ রানের টার্গেট দেয় ওয়েস্টইন্ডিজ। ওয়ালশ-অ্যামব্রোসের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় ভারত। অধিনায়ক হিসেবে তার প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেয়ে যান লারা।

টেস্টে তার সেরা ইনিংস, ব্রিজটাউন, ১৯৯৮-৯৯

১৯৯৮-৯৯ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা শুরুর আগে দারুণ চাপে ছিলেন লারা। নিজের মাঠ পোর্ট অফ স্পেনে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ৮১ রানে অলআউট হয়ে যাওয়ায় প্রশ্ন ওঠে তার অধিনায়কত্ব নিয়ে। পরের তিন টেস্টেই সেঞ্চুরি করে লারা দারুণ জবাব দেন। ২-২ ম্যাচে ড্র হওয়া ওই সিরিজের দ্বিতীয় টেস্টে ২১৩ রানের ম্যাচজয়ী একটা ইনিংসও খেলেছিলেন কিন্তু তার সেরা ইনিংসটা এসেছে তৃতীয় টেস্টে। ব্রিজটাউনের ওই ম্যাচে চতুর্থ ইনিংসে ৩০৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১০৫ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকেই তার ঘুরে দাঁড়ানো শুরু। অপরাজিত ১৫৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলার পথে নবম উইকেটে কার্টলি অ্যামব্রোসকে নিয়ে ৫৩ আর শেষ উইকেটে কোর্টনি ওয়ালশকে নিয়ে অমূল্য ৯ রান যোগ করেছিলেন তিনি! ২০০০ সালে উইজডেন ক্রিকেট ডট কমের জরিপে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সেরা ইনিংসের মর্যাদা পেয়েছিল সেটি।

হারা দলের পক্ষে সবচেয়ে বেশি রান, শ্রীলংকা, ২০০১

মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে দারুণ একটা দ্বৈরথ হয়েছিল লারার। কলম্বো টেস্টের দু ইনিংসে তিনি করেছিলেন ২২১ আর ১৩০, কিন্তু মুরালিধরন ১০ উইকেট নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা হেরেছিল ১০ উইকেটে।

‘রাজা’কে ছাড়িয়ে ‘যুবরাজ’, নভেম্বর, ২০০৩

জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ২০১ বলে ১৯১ রানের দারুণ একটা ইনিংস খেলার পথে ‘ক্যারিবিয়ান কিং’ ভিভ রিচার্ডসের গড়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৮৫৪০ রানকে টপকে যান ‘প্রিন্স অফ ত্রিনিদাদ’ লারা।

পিটারসেনের দুঃস্বপ্নের ওভার, ডিসেম্বর, ২০০৩

প্রথম ইনিংসে তখন ২২৮ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ওই অবস্থায় দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনার রবিন পিটারসনকে লারা উপহার দিয়েছিলেন এক দুঃস্বপ্ন। তার এক ওভার থেকে নিয়েছিলেন ৪,৬,৬,৪, ৪ ও ৪, মোট ২৮ রান। টেস্টে এক ওভার থেকে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড এটাই। লারার ২০২ রানের ইনিংসটা অবশ্য ওয়েস্ট ইন্ডিজের হার বাঁচাতে পারেনি।

টেস্ট ইতিহাসের প্রথম চারশ ছোঁয়া ইনিংস, ২০০৪

দশ বছর আগে যে মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ৩৭৫ রানের সেই ইনিংস, ম্যাথু হেইডেনের কাছে রেকর্ডটা হারানোর পর সেই অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটাকেই আবার ইতিহাস গড়ার উপলক্ষ হিসেবে বেছে নিলেন লারা। ঠিক চারশ রানের অপরাজিত ইনিংস খেলে স্থায়িভাবেই নাম লেখালেন রেকর্ডবুকে। আরো একটা রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি ওই ইনিংস দিয়েই, টেস্টে এর আগে কেবল ডন ব্র্যাডম্যানেরই ছিল তিনশ ছাড়ানো দুটি ইনিংস।

টেস্টের দশ হাজারি ক্লাবে, ওল্ড ট্র্যাফোর্ড, ২০০৪

২০০৪ সালের ইংল্যান্ড সফরটা টেস্টের বিচারে মোটেই সুখের ছিল না লারা আর তার দলের জন্য। ওল্ড ট্রাফোর্ড টেস্টেরই দু ইনিংসে লারা করেছিলেন শূন্য আর ৭ রান। কিন্তু ওই ৭ রানই প্রয়োজন ছিল তার টেস্টে দশ হাজার রান পূর্ণ করতে!

শিরোপার স্বাদ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০০৪

ইয়ান ব্র্যাডশ আর কোর্টনি ব্রাউনের কাছে খানিকটা ঋণ স্বীকার করে নিতে হবে। কিন্তু ব্রায়ান লারার নেতৃত্বেই লয়েড পরবর্তী যুগে ওয়ানডেতে সবচেয়ে বড় সাফল্যটি পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, ২০০৪ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বা নকআউট বিশ্বকাপের শিরোপা জিতে।

আবার অধিনায়কত্ব হারানো, মার্চ ২০০৫

স্পনসরশিপ নিয়ে বিতর্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে অস্বীকার করেছিলেন লারাসহ ওয়েস্ট ইন্ডিজের সেরা ছয় তারকা। বিতর্ক মিটে যাওয়ায় দ্বিতীয় টেস্টেই দলে ফিরেছেন তিনি, কিন্তু অধিনায়কত্ব আর পাননি, সেটা থেকে গেছে শিবনারায়ন চন্দরপলের হাতেই। তবে ফিরেই লারা দেখিয়েছেন তার দীপ্তি, দু টেস্টে খেলেছেন ১৯৬ আর ১৭৬ রানের দুটি ইনিংস। ওই দুটি ইনিংস দিয়েই ছাড়িয়ে গেছেন গ্যারি সোবার্সকে, হয়েছেন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক।

রানের পাহাড়ে সবাইকে ছাড়িয়ে, নভেম্বর, ২০০৫

অ্যাডিলেড টেস্টে ডাবল সেঞ্চুরি করার পথে শুধু টেস্ট ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রানের মাইল ফলকই পেরোননি, একই সঙ্গে অ্যালান বোর্ডারকে টপকে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিকও হয়েছেন লারা। টেস্টে এটা তার অষ্টম ডাবল সেঞ্চুরি, কেবল ডন ব্র্যাডম্যানেরই আছে এরচেয়ে বেশি ১২টি দুশ ছাড়ানো ইনিংস।

অধিনায়কত্বের তৃতীয় পর্ব, ২০০৬

টেস্ট সিরিজটা জিততে জিততে হেরে গেছেন, কিন্তু তৃতীয় দফায় অধিনায়ক হয়েই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছেন লারা, তারপর ভারতের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠে আশা জাগিয়েছিল তার দল, মনে হচ্ছিল যেন অধিনায়কত্বের তৃতীয় পর্বে সাফল্য ধরা দেবে তাকে! এরই ফাঁকে ওয়ানডেতে দশ হাজারি ক্লাবেও ঢুকে পড়লেন তিনি, সবচেয়ে কম ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছেছেন তিনিই।

একটি যুগের সমাপ্তি...

এই বিশ্বকাপের শুরুটাও হয়েছিল আশা জাগানো। কিন্তু প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর জয় যেন অধরাই হয়ে উঠলো লারার দলের জন্য। সমালোচনার মুখে ১০ এপ্রিল লারা জানিয়ে দিলেন বিশ্বকাপের পর আর খেলবেন না ওয়ানডে ক্রিকেট। দিনদশেক যেতে না যেতেই আরেক প্রস্থ মত বদল করে তিনি জানালেন, এই শেষ, আর আন্তর্জাতিক ক্রিকেটই খেলবেন না!

cricinfo.com এর সহায়তায়