২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রায়ান লারার শেষ ম্যাচ

ক্যারিয়ারের শেষ ম্যাচে দলের কাছে তার কি প্রত্যাশা? কিংবা নিজের কাছে? শনিবার সুপার এইটের শেষ ম্যাচে নিখাদ ক্রিকেটপ্রেমীদের বোধহয় একটাই আশা-দারুণ এক ইনিংস খেলে বিদায়ের মুহুর্তটাকে রঙিন করে তুলবেন ব্রায়ান চার্লস লারা। বিশ্বকাপে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটার পর যে আন্তর্জাতিক ক্রিকেটে আর কখনোই দেখা যাবে না ‘প্রিন্স অফ ত্রিনিদাদ’কে! বোলারদের রাতের ঘুম কেড়ে নেয়া ব্যাটটি থেকে তো আর বেরিয়ে আসবে না স্ট্রোকের ফুলঝুরি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2007, 10:03 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

দু’দলেরই সেমিফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় এ ম্যাচের খুব একটা গুরুত্ব নেই। তারপরও শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালের দিকে পুরো ক্রিকেট বিশ্ব তাকিয়ে থাকবেই। লারার দীর্ঘ ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ওপরে যে যতিচিহ্ন পড়তে যাচ্ছে এ ম্যাচেই! বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিদায়ের ঘোষণা দেয়ার সময় বেশ আবেগাক্রান্ত হয়ে পড়েছিলেন। শনিবার ক্যারিয়ারে শেষবারের মতো টস করতে নামার সময়ও কি আবেগতাড়িত হয়ে পড়বেন না? সারা ম্যাচেই যে ‘স্পটলাইট’টা তার ওপরে থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের সেমিফাইনাল-সম্ভাবনা শেষ বলে এ ম্যাচের কোনো গুরুত্বই নেই, তা কিন্তু নয়। একটা কারণে দু দলের জন্যই সুপার এইটের শেষ ম্যাচটি খুবই ‘মূল্যবান’। এই ম্যাচের বিজয়ীর জন্য নিশ্চিত হবে বিশ্বকাপের পঞ্চম স্থান এবং সেই সঙ্গে প্রাইজমানির ২ লাখ মার্কিন ডলারও।

ওয়েস্ট ইন্ডিজ বোধহয় এখন তা নিয়ে খুব বেশি ভাবছে না। তাদের চিন্তা-চেতনায় তো এক জনের নামই অনুরণিত হওয়ার কথা। তারা নিশ্চয়ই জয় দিয়েই লারাকে বিদায় জানাতে উদগ্রীব । লারাও নিঃসন্দেহে শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখতে চাইবেন জয়ের মাধ্যমে। তার মতো এক জন গ্রেট ক্রিকেটারের সেটা তো প্রাপ্যই।