২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলেই যাচ্ছেন হোয়াটমোর

গুঞ্জন শোনা যাচ্ছিল গত কয়েকদিন ধরেই। শেষ পর্যন্ত সত্যি হলো সেটাই। ডেভ হোয়াটমোর সত্যিই আর থাকছেন না বাংলাদেশ দলের সঙ্গে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার চুক্তির মেয়াদ আর বাড়াতে চান না বলে জানিয়ে দিয়েছেন শ্রীলঙ্কায় জন্ম নেওয়া এই অস্ট্রেলিয়ান কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2007, 08:32 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

তবে এপ্রিলেই চুক্তি শেষ হয়ে গেলেও মে মাসে ভারতের বাংলাদেশ সফর পর্যন্ত কাজ চালিয়ে যেতে রাজি হয়েছেন তিনি। শুক্রবার বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এ কথা।

বিসিবির উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) নিজামউদ্দিন চৌধুরী সুজন স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের পরবর্তী কোচ নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং যথাসময়েই হোয়াটমোরের উত্তরসূরি নির্বাচন করা হবে।

বিবৃতিতে বাংলাদেশের ক্রিকেটের জন্য, বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় দলের পারফরম্যান্সের মান উন্নয়নে হোয়াটমোরের অবদান স্মরণ করিয়ে দেওয়া হয়।

হোয়াটমোরের সঙ্গে বিসিবির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এ মাসেই। আর বিশ্বকাপ চলাকালেই ভারতীয় এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন ভারতের কোচ হতে তার আগ্রহের কথা। তার মানে বাংলাদেশের কোচ হিসেবে তার শেষ অ্যাসাইনমেন্টটা হচ্ছে আবেগঘন। এই সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারতই!

এদিকে হোয়াটমোরের উত্তরসূরি হিসেবে এখনো কোনো নাম শোনা না গেলেও বিসিবি সভাপতি আব্দুল আজিজ আভাস দিয়েছেন, বাংলাদেশের নতুন কোচও হবেন একজন হাই প্রোফাইল বিদেশি কোচ। গতকাল সিএসবি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা কোনো স্থানীয় কোচের কথা ভাবছি না। বাংলাদেশের নতুন কোচ একজন হাই প্রোফাইল বিদেশিই হবেন।”