২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমন বিদায়ই এই লারার পাওনা

তামিমের ক্যাচটা লারা যেভাবে ধরে ফেলে দিলেন সেভাবে পাড়ার ক্রিকেটে বাচ্চা ছেলেও ফেলে না। এবং ব্রায়ান লারা যেভাবে ছয় নাম্বারে ব্যাট করে বিশ্বকাপে নিজের সামর্থ্যরে প্রতি অবিচার করলেন সেটা নিখাদ কোনো ক্রিকেটমুর্খ ছাড়া কেউ করবে না। কেন? বিশ্বকাপে লারার কাণ্ড আর কীর্তি বিশ্লেষণ করে যা দাঁড়াচ্ছে তাতে এই বিশ্বকাপের ব্রায়ান চার্লস লারা যুগ-যুগ গবেষকদের গবেষণার একটা বিষয় হয়ে থাকবেন। বিশ্বকাপে উলমারের মৃত্যু যদি হয়ে থাকে সবচেয়ে বড় ঘটনা, তবে লারার অদ্ভুতুড়ে সব কাণ্ড-কীর্তি আসবে দুই নাম্বারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বার্বাডোজ থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2007, 02:35 AM

Updated : 26 Apr 2022, 02:15 PM

বাংলাদেশের বিপক্ষে এটাই লারার বিদায়ী ওয়ানডে। তার ওয়ানডে ক্যারিয়ারও প্রায় শেষ। এবং যা শোনা যাচ্ছে সেটা হলো লারার ক্যারিয়ারই সম্ভবত শেষ। ওয়েস্ট ইন্ডিয়ান পত্র-পত্রিকাগুলো স্বাভাবিকভাবেই লারার সমালোচনায় মুখর, তাদের বক্তব্য অনুযায়ী লারার উদাসীনতা, ব্যক্তিকেন্দ্রিকতার জন্যই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ পথহারা পথিক। এবার তাই ধৈর্য্যের বাধ ভাঙ্গতে যাচ্ছে কর্তৃপক্ষের। ইংল্যান্ড সফরের টেস্ট দলেও লারা থাকছেন না। ত্রিনিদাদে কী হবে জানি না, কিন্তু পুরো ওয়েস্ট ইন্ডিজে যদি জরিপ চালানো হয় তাহলে শতকরা ৮০ ভাগ ভোটই পড়বে লারার বিপক্ষে। টিমম্যান, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটের জন্য অন্তপ্রাণ, এমন সুনাম কোনোদিনই লারার ছিল না, কিন্তু বিশ্বকাপে একেবারে অবহেলার চূড়ান্ত। ভাবা যায়, দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে তিনি একটা পাওয়ার প্লে নিতে ভুলেই গিয়েছিলেন। এবং তার চেয়ে বিস্ময়কর, কেউ তাকে মনেও করিয়ে দেয়নি। অধিনায়কের সঙ্গে খেলোয়াড়দের যোগাযোগহীনতার স্পষ্ট চিত্র। তারপর দল গঠন। একটা ম্যাচে বোলার বাদ দিয়ে তিনি দলে নিয়েছিলেন দলের তৃতীয় ওপেনারকে, আর তাকে ব্যাট করানো হয়েছে ৮ নম্বরে। মোটের ওপর পুরো টুর্নামেন্ট জুড়েই এমন আত্মঘাতি সব কাণ্ড করেছেন যেটা কোনো পর্যায়েই অধিনায়ককে মানায় না। আর তিনি কিনা স্বাগতিক দলের বিশ্বকাপ স্বপ্নের বাহক। হাতছাড়া হওয়া শ্রেষ্ঠত্ব এবার ওয়ানডে দিয়ে হয়ত পূরণ করা সম্ভব। আশা করেছিল ওয়েস্ট ইন্ডিয়ানরা। আশার মুখে লারা স্বয়ং এমন ছাই ছিটিয়েছেন যে বিশ্বকাপের সুপার এইটে ওঠার পর ওয়েস্ট ইন্ডিজ দলকে দেখাচ্ছিল ধ্বংসস্তুপ।

ব্রায়ান লারার মতো ব্যাটসম্যান পৃথিবীতে আর জন্মাবে কিনা কে জানে! যেমন কেউ জানে না লারার মতো কোনো আত্মবিধ্বংসী ব্যাটসম্যানও পৃথিবীতে আসবে কিনা! লারা না জন্মালে আমরা জানতাম না টেস্ট ক্রিকেটে চারশ রান করা যায়। লারা না জন্মালে এ-ও জানা যেতো না যে কোনো একটা ফার্স্ট ক্লাস ম্যাচে পাঁচশ পর্যন্ত রানে পৌছানো যায়। কিন্তু আবার সেই লারার যুগে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটের চূড়ান্ত পতনটা শুরু। যুক্তি হলো, তার সঙ্গে বাকিরা ছিলেন অতি সাধারণ মানের, এদের দিয়ে কিছু হওয়ার নয়, কিন্তু সেখানেও তার দায়িত্ব ছিল অনেক বেশি। সেই দায়িত্বের প্রতি লারা যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন তাতে তার ওয়েস্ট ইন্ডিয়ানবোধের পেছনেই বিশাল প্রশ্ন। ত্রিনিদাদ তার নিজের দেশ, সেখানে লারা রাস্ট্রীয় সম্পত্তি, কাজেই জনপ্রিয়তা আছে, কিন্তু বাকি ওয়েস্ট ইন্ডিজে লারা মানেই একজন বিনাশী লোক। একজন কিংবদন্তী তার দেশে এতটা বিতর্কিত আর অপ্রিয় ভাবাই যায় না। দক্ষিণ আফ্রিকার সঙ্গে হারের পর এই বার্বাডোজেই এক ক্রিকেটপ্রেমী তরুণ বলেছিলেন ,“লারাকে সর্বকালের সবচেয়ে নিকৃষ্ট অধিনায়ক ঘোষণা করা উচিত। দলের জন্য যে লোকটার একটুও মায়া নেই, সে-ই কিনা অধিনায়ক।” ক্যারিবিয়ান সাংবাদিক কিম কলিন্স আরেককাঠি এগিয়ে। তিনি মনে করেন,“দলের জন্য নয়। ক্রিকেটের জন্যই আসলে লারার কোনো মায়া নেই। যে খেলাটা তাকে এমন জীবন দিয়েছে সেই খেলার প্রতি তার একটা আবেগ থাকা উচিত। ভালোবাসা। কিন্তু গত কয়েক বছর খেয়াল করে দেখো লারা তুচ্ছ কারণে নিজেকে দল থেকে সরিয়ে নিয়েছে।” মাইকেল হোল্ডিং, অ্যান্টি রবার্টসের মতো সাবেকরা লারার যথেচ্ছাচারে এত ক্ষেপে আছেন যে আজকাল আর কেউ কিছু লুকান না। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের একাদশ দেখার পর অন্যতম নির্বাচক অ্যান্ডি রবার্টস এমন ক্ষুব্ধ যে তিনি ক্ষোভটা সাংবাদিকদের ডেকে ডেকেই প্রকাশ করা শুরু করেছিলেন। সংবাদ সম্মেলনে প্রশ্নে লারার ঝাঝালো উত্তর,“আমি তো অ্যান্ডি রবার্টসকে এটাও বলতে পারি আমাকে বিশ্বকাপের জন্য যে ১৫ জন দেয়া হয়েছে, তাদেরকে তো আমি নির্বাচন করিনি। করেছেন রবার্টসরা।” এই বিশ্বকাপের আগে তো লারাকে সরানোর সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন নির্বাচকরা। শেষ পর্যন্ত বোর্ড সভাপতির হস্তক্ষেপে শেষ সুযোগটা পেয়েছিলেন লারা। পেয়েছিলেন বিশ্বকাপ হাতে নিয়ে ওয়ানডে ক্যারিয়ার শেষ করার সুযোগ।

বিশ্বকাপের আগে মনে হচ্ছিল বিশ্বকাপ হাতে বিদায়-ই লারার পাওনা। এখন মনে হচ্ছে, যেভাবে যাচ্ছেন সেভাবে যাওয়াই আসলে ঠিক আছে।

দল আর ক্রিকেটকে যে ভালোবাসে না তার প্রতি ক্রিকেটের দেনা কোথায়! তার বিদায়কে ভরপুর করে রাখার কোনো দায়িত্ব ক্রিকেটের নেই।