সরে দাঁড়ালেন ডানকান ফ্লেচার
দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার আশা শেষ হওয়ার পর থেকেই তাকে সরানোর দাবী তুলেছিল ইংল্যান্ডের কয়েকটি পত্রিকা। ইংল্যান্ডের সাবেক কয়েকজন তারকাও সুর মিলিয়েছিলেন তাদের সঙ্গে। সেই দাবীর রেশ থাকতে থাকতে নিজেই সরে দাঁড়ালেন ডানকান ফ্লেচার। জানিয়ে দিলেন, শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের পর তিনি আর ইংল্যান্ডের কোচের দায়িত্ব পালন করবেন না।
বিশ্বকাপটা খুব খারাপ কাটলেও ফ্লেচারের অধীনে ইংলিশদের অর্জন কম নয়। ’৯৯-তে দায়িত্ব নেয়া ফ্লেচারের সময়ে ইংল্যান্ড সেরা সাফল্য পেয়েছিল প্রায় দু বছর আগে। ১৮ বছর পর অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে অ্যাশেজ পুনরুদ্ধারের সেই গৌরবই নিঃসন্দেহে ইংল্যান্ডের কোচ হিসাবে তার সবচেয়ে বড় অর্জন। এর সঙ্গে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয় তো আছেই। টেস্টে ধারাবাহিক সাফল্যের পুরস্কার হিসাবে এলজি আইসিসি টেস্ট র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানও এখন ইংল্যান্ডের দখলে। আর সেজন্যই জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডারের বিদায়বেলায় তার অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী ডেভিড কোলিয়ার,“ডানকান ফ্লেচারকে কৃতজ্ঞতার সঙ্গেই ধন্যবাদ জানাচ্ছে ইসিবি। ইংল্যান্ড ও ওয়েলসের ক্রিকেটের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন তিনি।”
অন্যদিকে ফ্লেচার জানাচ্ছেন, এখন নতুন কোন চ্যালেঞ্জের মোকাবিলা করতেই বেশি পছন্দ করবেন,“আমি সব সময়ই বলে এসেছি যে এই মৌসুমের শেষে ইংল্যান্ড কোচ হিসাবে আমার ভূমিকা পর্যবেক্ষণ করবো। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আমার ভবিষ্যৎ নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের আগে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে ইসিবির সঙ্গে আলোচনাও করেছিলাম। আমার মনে হয়েছে আমি সরে গেলে তা দলের জন্য মঙ্গলজনক হবে, আর আমিও অন্য কোথাও নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো।”
