অনেক প্রশ্ন পাশ কাটিয়েই পাকিস্তানের নতুন অধিনায়ক শোয়েব মালিক
পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে আগুনে-আসনে তরুণ শোয়েব মালিককে বসিয়ে দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)! ২৫ বছর বয়সী এই অলরাউন্ডারকে এ বছরের শেষ পর্যন্ত পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছে তারা! বিশ্বকাপ ব্যর্থতার পর এই সিদ্ধান্ত পাকিস্তানের ক্রিকেটের জন্য মঙ্গল বয়ে আনবে কিনা তা নিয়ে এরই মধ্যে সংশয় দেখা দিয়েছে অনেকের মনে।
দারুণ প্রতিভাবান ক্রিকেটার শোয়েব মালিক, তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেকের পর কখনোই কিন্তু টেস্টে নিয়মিত হতে পারেন নি। ১৯৯৯ থেকে এ পর্যন্ত অবশ্য ১৩৭ ওয়ানডে খেলার অভিজ্ঞতা হয়েছে তার। পিসিবি চেয়ারম্যান ড. নাসিম আশরাফের বিশ্বাস, সিনিয়রদের উপেক্ষা করা হলেও সঠিক সিদ্ধান্তই নিয়েছেন তারা, ‘‘পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখেই শোয়েব মালিককে অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’’
পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের চোখে, অপরীক্ষিত এমন একজনকে অধিনায়ক করে বড় এক ‘জুয়া’ খেলে ফেলল পিসিবি। তবে তিনি এ-ও স্বীকার করছেন, পিসিবির সামনে এমন সিদ্ধান্ত নেওয়া ছাড়া তেমন কোনো উপায়ও খোলা ছিল না।
ইমরান খান এখন তাকিয়ে আছেন পুরো পরিস্থিতি মালিক কিভাবে সামলান সেদিকে, ‘‘এখন মালিকের কাজ হলো নিজের খেলার উন্নতি করে দলে ব্যাটসম্যান হিসেবে জায়গা পাকা করা আর সেই সঙ্গে অন্যদের কাছ থেকে সম্মান আদায় করা। এখন দেখার ব্যাপার, এই চাপ ও কিভাবে সামলায়। কেউ কেউ চাপের মুখে পড়লে সেরাটা উপহার দিতে পারে, কেউবা ভেঙে পড়ে। শোয়েবকে মাঠে খুব সতর্ক ও বুদ্ধিমান খেলোয়াড় দেখায়। মনে হয়, তার ক্রিকেটীয় মেধা আছে। সেই সঙ্গে তাকে টিমম্যানও মনে হয়।’’
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ ইন্তিখাব আলমের আশঙ্কা, শোয়েব মালিককে এই দায়িত্ব দিয়ে হয়তো ভুলই হয়ে গেল। তার মতে, এতে করে দলের অন্যদের মধ্যে মালিকের প্রতি ঈর্ষা তৈরি হতে পারে। ইন্তিখাব বলেছেন, ‘‘দলের মধ্যে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় আছেন। আমার ভয়, তাকে নিয়ে তাদের মধ্যে না আবার ঈর্ষা তৈরি হয়। দলের ভেতরে সম্প্রীতি রক্ষার জন্য দরকার এমন একজনকে যিনি শোয়েব ও সিনিয়র খেলোয়াড়দের নিয়ন্ত্রন করতে পারেন।’’
আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম মিশন নিয়ে শোয়েব মালিক যাচ্ছেন আবুধাবিতে। সেখানে প্রতিপক্ষ শ্রীলংা। বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকা ইনজামাম উল হক ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। কিন্তু তার তখনকার ডেপুটি ইউনিস খান দলে থাকছেন, অধিনায়ক হওয়ার প্রস্তাব অবলীলায় প্রত্যাখ্যান করে। আরো থাকছেন অধিনায়ক হওয়ার ইচ্ছে প্রকাশ করা মোহাম্মদ ইউসুফ। এই দুজনকে তো বটেই, সঙ্গে অধিনায়কত্ব প্রত্যাশী রাজ্জাক, শোয়েব আখতারদের মতো সিনিয়িরদেরও সামলাতে হবে শোয়েব মালিককে।
এখানেই শেষ নয়। পাকিস্তানের অধিনায়কের চেয়ারটি তো আসলে মিউজিক্যাল চেয়ারের মতোই। শোয়েব মালিকই তার ক্যারিয়ারে খেলেছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, রশিদ লতিফ, মঈন খান ও ইনজামামের অধীনে। ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত ইনজামাম টিকে গিয়েছিলেন মূলত বয়স আর পারফরম্যান্স এবং নিন্দুকদের মতে পিসিবিতে প্রভাব আর কুট কৌশলে পরদর্শীতার কারণে।
কিন্তু তরুণ শোয়েব মালিকের জন্য অধিনায়কত্বটা স্বাভাবিকের চেয়ে অনেক বিশাল চ্যালেঞ্জ। ৬ বছরের টেস্ট ক্যারিয়ারে প্রায় ৩৮ গড়ে ৯৪১ রান, একটি সেঞ্চুরি, পাঁচটি ফিফটি। দলে জায়গা হয়না প্রায়ই। দলে অনিয়মিত এমন একজনকে জোর করে অধিনায়ক করে দিলে তার বিরুপ প্রভাব পড়তেই পারে। ওয়ানডে রেকর্ড খারাপ নয়, সাড়ে ৩৩ গড়ে সাড়ে তিনহাজার রান, পাঁচটি সেঞ্চুরি। তবে তার অফস্পিন বোলিং খুব প্রশংসিত তো নয়ই বরং চাকিংয়ের দায়ে ফেঁসেছেন দুবার।
এ-তো গেল আন্তর্জাতিক অঙ্গন, এবার ঘরোয়া ক্রিকেটের কথা বলা যাক। ২০০৫ সালে শিয়ালকোটের অধিনায়ক হিসেবে করাচির বিপক্ষে একটি ম্যাচে ইচ্ছে করে হারার কথা স্বীকার করেছিলেন শোয়েব মালিক। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে এ জন্য ক্ষমাও চেয়েছেন। তবে জরিমানা হয়েছিল, নিষিদ্ধও হয়েছিলেন দুই ম্যাচের জন্য। মজার ব্যাপার হলো, তদন্ত কমিটি ওই ম্যাচে ইচ্ছে করে হারার পেছনে শোয়েব মালিকের আর্থিকভাবে লাভবান হওয়ার কোনো প্রমাণ পায়নি!!
