জনস্টনের মুখে আয়ারল্যান্ডকে ক্রিকেট-মানচিত্রে তুলে ধরার তৃপ্তি
আয়ারল্যান্ডের ইনিংস মাত্র ২৭ দশমিক ৪ ওভারে ৭৭ রানেই শেষ। তারপর এবারের বিশ্বকাপের সর্বনিম্ন সংগ্রহ পেরিয়ে যেতে শ্রীলঙ্কার প্রয়োজন হলো মাত্র ১০ ওভার। লাঞ্চের প্রায় আধ ঘন্টা আগে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় মাহেলা জয়াবর্ধনেসহ শ্রীলঙ্কা দলের সবাই খুব খুশি। সামনেই নিউজিল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল। তার আগে বিশ্রামটা একটু বেশি হলো, খুশি তো হবেনই তারা!
অন্যদিকে শ্রীলঙ্কার হাতে ৮ উইকেটে বিধ্বস্ত হলেও বিশ্বকাপে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে ট্রেন্ট জন্সটনও পরিতৃপ্ত। শেষ ম্যাচটা ভালো না কাটলেও বিশ্বকাপে আবির্ভাবেই পাকিস্তান ও বাংলাদেশকে হারানোর সুখস্মৃতিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন আয়ারল্যান্ড অধিনায়ক।
“আজ (বুধবার) আমাদের পারফরম্যান্স সত্যিই খুব ভালো ছিল। কারণ, আমরা নিশ্চিত করেছি যে আমাদের পা মাটিতেই আছে। আমরা বেশ কয়েকটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেছি। আয়ারল্যান্ড সত্যিই খুব ভালো দল। বেশ কয়েকটা দলের বিপক্ষে তারা ভালো করেছে। বিশ্বকাপটাও তাদের দারুণ কেটেছে। তাদেরকে উড়িয়ে দেয়ার জন্য আমাদের আসলেই খুব ভালো খেলতে হয়েছে ”-ম্যাচশেষের সংবাদ সম্মেলনে জয়াবর্ধনের এই কথাগুলোতেই পরিষ্কার, আয়ারল্যান্ডের সঙ্গে বড় ব্যবধানে জিতে তিনি কতটা তৃপ্ত ও আনন্দিত।
অবশ্য আগামী মঙ্গলবারের সেমিফাইনালের ঠিক আগের ম্যাচে সহজ জয় পেলেও কিছু ব্যাপার নিয়ে দুশ্চিন্তায় থাকতেই হচ্ছে জয়াবর্ধনেকে। যার একটা হলো, উপুল থারাঙ্গার বাজে ফর্ম। এই বাঁ-হাতি ওপেনার বিশ্বকাপে ৯ ম্যাচে পেয়েছেন মাত্র দুটো ফিফটি। এবং সর্বশেষ ৩ ম্যাচে তার সংগ্রহ মাত্র ১৭ রান। শ্রীলঙ্কা যে থারাঙ্গার ফর্ম নিয়ে চিন্তিত তা প্রকাশ পেয়েছে জয়াবর্ধনের কথাতেই,“এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা-ভাবনা করতে হবে। সে তো ভালো মতোই বল মারতে পারছে, কিন্তু বেশিক্ষণ টিকতে পারছে না।”
লাসিথ মালিঙ্গার ইনজুরিও শ্রীলঙ্কার জন্য যথেষ্ট উদ্বেগের কারণ। ৪ এপ্রিল ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ খেলেছিলেন। তারপর গোড়ালির ইনজুরিতে পড়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। জয়াবর্ধনে অবশ্য সেমিফাইনালে টানা ৪ বলে উইকেট নেয়ার অবিস্মরণীয় কীর্তি গড়া মালিঙ্গাকে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী,“সে (মালিঙ্গা) সম্ভবত ৯০ শতাংশ সুস্থ। আমাদের আজই (বুধবার) তাকে খেলানো উচিৎ ছিল। তবে আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। আগামী ম্যাচের আগে আমাদের হাতে তো প্রায় এক সপ্তাহের মতো সময় আছে। সে অবশ্য আজ সকালেই কোনো সমস্যা ছাড়া নেটে ১০ ওভার বল করেছে। সেমিফাইনালের আগেই যে সে পুরো সুস্থ হয়ে উঠবে সে ব্যাপারে আমি নিঃসন্দেহ।”
আগের ম্যাচে বাংলাদেশকে হারানোর পর শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই না পারায় জন্সটন স্বাভাবিকভাবেই হতাশ। তবে এভাবে হেরে যাওয়ার জন্য জয়াবর্ধনের দলকে পূর্ণ কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি আইরিশ অধিনায়ক,“ওরা (শ্রীলঙ্কা) খুবই ভালো দল এবং সেটা আমাদের আজ দেখালোও। আমরা শুরুটা ভালোই করেছিলাম। কিন্তু এরপর এক ওভারে তিন উইকেট হারিয়ে ফেললাম। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারিনি। তারপর মুরালিধরন এলো আক্রমণে। আমরা এর আগে কখনোই বিশ্বসেরা এই স্পিনারের মুখোমুখি হইনি। এমন বিপর্যয় তাই খুব অস্বাভাবিক কিছু নয়।” জন্সটন বরং এই ম্যাচের দুঃস্মৃতি ভুলে বিশ্বকাপের অবিশ্বাস্য প্রাপ্তির আনন্দেই বেশি বিভোর থাকতে আগ্রহী,“আমরা এখানে এসে একটা কাজই করতে চেয়েছি, তা হলো, আয়ারল্যান্ডকে ক্রিকেট মানচিত্রে প্রতিষ্ঠিত করা। সেটা শুধু পৃথিবীতেই নয়, বরং নিজেদের দেশেও। আমার বিশ্বাস, আমরা তা পেরেছি। দেশ থেকে আসা মানুষের প্রতিক্রিয়া ছিল অসাধারণ। ৭ সপ্তাহ দারুণভাবে কাটাতে পেরেছি আমরা।”
Cricinfo-এর সহায়তায়
