আবার দলে ফিরছেন জাভেদ, রাসেল
শাহরিয়ার নাফীসের বিশ্বকাপ দুঃস্বপ্ন আবার বাংলাদেশ একাদশে ফিরিয়ে আনলো জাভেদ ওমরকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের ম্যাচে খেলছেন জাভেদ। আর ইনজুরি থেকে ফিরে আজ বাঁ হাতি পেসার সৈয়দ রাসেলেরও একাদশে ফেরার কথা।
১৫ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচের সকালে অ্যাঙ্কেলে চোট পাওয়ায় ওই ম্যাচ মিস করেছিলেন রাসেল। সুযোগ হয়েছিল শাহাদাত হোসেনের। মাঝের তিনদিনে সুস্থ হয়ে উঠেছেন রাসেল। আজ সকালে আবার কোনো অঘটন না ঘটলে তারই কথা।
নাফীস প্রথম ৪ ম্যাচে খেলে করেছিলেন ১৫ রান। এরপর জাভেদকে সুযোগ দিলে তিনি দুই ম্যাচে করেছিলেন ৩৯ রান। জাভেদ দলকে তেমন রান দিতে না পারলেও লাভের মধ্যে এটা হয়েছিল যে বাংলাদেশ শুরুতেই উইকেট হারায়নি। কিন্তু দুই ম্যাচে সুযোগ দেওয়ার পর বেশি মন্থর ব্যাটিংয়ের জন্য জাভেদ আবার কাটা পড়েন। তবে দলে ঢুকে আবারো ব্যর্থ শাহরিয়ার নাফীস, দুই ম্যাচে রান যথাক্রমে ৯ ও ৭। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে গত বছর হাজার রান করা শাহরিয়ার নাফীসের বড় বাজে সময় এখন। ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে তাকে তাই আবার দর্শক হয়েই থাকতে হচ্ছে।
বাংলাদেশ একাদশ : হাবিবুল বাশার (অধিনায়ক) , তামিম ইকবাল , জাভেদ ওমর, সাকিবুল হাসান, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল , মুশফিকুর রহীম, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, সৈয়দ রাসেল, আব্দুর রাজ্জাক।
