এখন শুধু শেষ হওয়ার অপেক্ষা
নাসের হুসেইন মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বললেন,“ইজ দিস ওয়ার্ল্ড কাপ? দিস ইজ নট ওয়ার্ল্ড কাপ।”
কেনসিংটন ওভালে তখন ইংল্যান্ডের বিদায় ঘণ্টা বাজছে , হুসেইনের মন খারাপ হওয়া স্বাভাবিক, ইংল্যান্ড থেকে এক দঙ্গল সাংবাদিকের সঙ্গে বোদ্ধা-বিশেষজ্ঞরাও এসেছিলেন বিস্তর। এখন তারাও অনাহুতদের দলে। হুসেইনের আক্ষেপটা হয়তো এ কারনে! কিন্তু সত্যি বললে, এই মুহুর্তে বিশ্বকাপটাকে কার কাছেই বা সত্যিকার বিশ্বকাপ মনে হচ্ছে?
এমনকি বিশ্বকাপের সুখীতম মানুষ রিকি পন্টিংও বিরক্ত। টানা ম্যাচ জিতছেন, টানা তৃতীয় আর সবমিলিয়ে চতুর্থ বিশ্বকাপ জেতার দরজার সামনে, তবু পন্টিং গত ম্যাচ জেতার পর বলেই দিয়েছেন,“বিশ্বকাপটা বড় বেশি লম্বা আর বড় একঘেয়ে। একটা কিছু ভাবা উচিত।” ইয়ান চ্যাপেল প্রথম রাউন্ড দেখার পরই আমূল সংস্কার দাবি করে কলাম লেখা শুরু করে দিয়েছেন। চাপের মুখে বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধানও দেখলাম সেদিন স্বীকার করে নিয়েছেন,“বিশ্বকাপটা বড় একঘেয়ে হয়ে গেছে। এরকম হলে আকর্ষণ ধরে রাখা মুশকিল।”
মনে করে দেখুন তো এই বিশ্বকাপে কয়টা ম্যাচ হয়েছে যেগুলোতে সত্যিকারের বিশ্বকাপ ম্যাচের আমেজ ছিল? কয়টা প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচ! শ্রী লংকা-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মালিঙ্গার চার বলে চার উইকেট নেয়া সূত্রে শেষ বেলায় জমে ওঠা এবং ইংল্যান্ড-শ্রী লংকা ম্যাচে শেষপর্যন্ত উত্তেজনা থাকা বাদ দিলে আর সবই একঘেয়ে ম্যাচ। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচটাকে মিডিয়া ফুলিয়ে-ফাঁপিয়ে অনেক হাওয়া দিয়েছিল, কিন্তু সেই হাওয়া ম্যাচ শুরু হতে না হতেই শেষ।
সিংহভাগ ম্যাচের গতিপথই নির্ধারিত হয়ে গেছে প্রথম কয়েক ওভারে। কিংবা বড়জোড় দ্বিতীয় ইনিংসের শুরু পর্যন্ত। গিবসের দুর্বল আয়ারল্যান্ডের বিপক্ষে ছয় বলের ছয়টা ছক্কা বাদ দিলে প্রথম রাউন্ডটাতে একঘেয়ে খেলা হবে এটা মোটামুটি ঠিকই ছিল। প্রতি গ্রুপে দুর্বল দুটো করে দল, একটা করে মাত্র বড় ম্যাচ, তখন হিসাবের পুরোটা ছিল সুপার এইট নিয়ে। বড় দল সবাই সবার সঙ্গে খেলবে, কাজেই বিশ্বকাপ না জমে যায় কোথায়! গ্রুপ পর্যায়ে ছোটদের একটু পিঠ-চাপড়ানো হলো, তারপর ওদের বাদ দিয়ে বড়রা সত্যিকারের বিশ্বকাপ খেলবে। বাংলাদেশ আর আয়ারল্যান্ড কেটে রাখা ছকে ছাই ছিটিয়ে দিলো, কিন্তু বিশ্বকাপের এই পর্যায়ে এসে হিসাব করে দেখা যাচ্ছে, বাংলাদেশ আর আয়ারল্যান্ডের এই কীর্তির জন্যই বিশ্বকাপ তবু যা কিছু বেঁচে থাকবে।
বাংলাদেশের জন্য ভারত আসতে পারেনি। আয়ারল্যান্ডের জন্য পাকিস্তান। তাতে বিশ্বকাপের আকর্ষণহানি ঘটেছে ঠিক, কিন্তু বাকি ছয় দল মিলে বিশ্বকাপকে যা যা দিলো তারপর আর ভারত-পাকিস্তানের আফসোস অকারণই মনে হচ্ছে। বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের দিন কিছু উগ্র ভারতীয় সমর্থক একটা প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন, লেখা ছিল,ভারত-পাকিস্তান, আমরা তোমাদের চিতা জ্বালাতে এসেছি। সেই ম্যাচটা হওয়ার কথা ছিল ভারত আর পাকিস্তানের মধ্যে, সেই দুঃখজাত স্লোগান, কিন্তু দেখে মনে হলো ভারত-পাকিস্তানের পর বিশ্বকাপেরও তো কবর হয়ে গেছে। তার চিতাও কি জ্বলছে না! সেদিন পর্যন্ত যদি কিছু বাকি থেকে থাকে তাহলে সেটা শেষ করে দিলো ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ম্যাচটাতে দক্ষিণ আফ্রিকা জিতে যাওয়াতে সুপার এইটের বাকি যে দুটো ম্যাচ আছে সেগুলো না হলেও চলতো। ভাবা যায়, একটা বিশ্বকাপের সুপার এইটের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এসে এমন চারটা ম্যাচ যেগুলোর দরকারই নেই কোনো! মফস্বলের যুব সংঘ আয়োজিত ক্রিকেটেও যেসব ম্যাচের কথা ভাবা যায় না, সেগুলোই বিশ্বকাপে।
এখন হয়েছে সুপার এইট। আগে ছিল সুপার সিক্স। বিচিত্র একটা ফরম্যাট। সবাইকে সুযোগ দেয়ার কথা ভেবে করা, কিন্তু বিশ্বকাপের মতো টুর্নামেন্টের উত্তেজনাই তাতে নাই হয়ে যায়। বিশ্বকাপ ফুটবলে প্রথম রাউন্ডের পরই সরাসরি নক-আউট, একটা দলের চার বছরের তিল তিল পরিশ্রম শেষ হয়ে যায় পেনাল্টি শ্যুট আউটের মতো তাল-গোল কাণ্ডে, তবু কিন্তু উত্তেজনা আর শিহরণটা সেখানেই। তুলনায় ক্রিকেট পুরো একদিনের খেলা, তবু যাতে বড়রা নিশ্চিন্ত থাকে তার জন্য কতো ব্যবস্থা। সেই ব্যবস্থায় উত্তেজনা থাকে না, আর সবসময় বড়দের নিরাপদও রাখা যায় না। মাঝখানে দিয়ে বিশ্বকাপ হয়ে যায় বিশাল লম্বা। এক ভারতীয় সাংবাদিক একদিন বিশ্বকাপ সংক্রান্ত তর্কে বলছিলেন, তাহলে সারা বছর ধরে বিশ্বকাপ করলেই তো হয়। প্রত্যেক দলের সঙ্গে প্রত্যেকের হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ। ১১ মাস খেলা চলবে, তারপর এক মাস বসে হিসাব-নিকাশ শেষে ঘোষনা করা হবে কে চ্যাম্পিয়ন হলো না হলো! রসিকতা, কিন্তু বিশ্বকাপটা সেরা দলকে জেতানোর জন্য যা যা করা হয়ে থাকে তাতে মনে হয়, এটা আসলে উন্মুক্ত টুর্নামেন্ট নয়। বড় দলগুলোর বড়ত্ব প্রতিষ্ঠার মঞ্চ। ছোট দলগুলো এখানে দাবা খেলার সৈনিকের মতোই। সংখ্যা পূরণে আসা। তাদের নিয়ে এই খেলা খেলতে গিয়ে এবার আইসিসি বিশ্বকাপটাকে কেমন খেলো বানিয়ে দিলো!
খেলো বিশ্বকাপটা শেষ পর্যন্ত ২৮ এপ্রিল শেষ হচ্ছে। এই মুহুর্তে মনে হচ্ছে, সেটাই বিশ্বকাপ সংক্রান্ত সবচেয়ে বড় খবর। খেলোয়াড়-দর্শক সবার জন্য সবচেয়ে বড় স্বস্তিও।
