পিসিবির নতুন নির্বাচকমন্ডলী
বিশ্বকাপে ইনজামাম-উল হকের দলের ভরাডুবির পরই পদত্যাগ করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর নির্বাচকন্ডলীর সবাই।
তারপর থেকে কে অধিনায়ক হবেন, কাকে করা হবে পাকিস্তান দলের নতুন কোচ-এসব নিয়ে অনেক কথা হলেও নতুন নির্বাচকমন্ডলী গঠনের বিষয়ে তেমন কিছু শোনা যায়নি। বুধবার অনেকটা আকস্মিকভাবেই এলো ঘোষণাটা-নতুন নির্বাচক মন্ডলী গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
নতুন এই কমিটির প্রধান সাবেক টেস্ট ক্রিকেটার সালাউদ্দীন আহমেদ। তার কাছে পাকিস্তান দলের খেলোয়াড় নির্বাচন অবশ্য নতুন কিছু নয়। এর আগে ১২ বার নির্বাচক ছিলেন সালাউদ্দীন আহমেদ। কমিটির অন্য দুই নির্বাচক সেলিম জাফর ও শাফাকাত রানা। এই দুজনও সাবেক টেস্ট ক্রিকেটার।
