ইংল্যান্ডের স্বপ্নভঙ্গ, কোচ-অধিনায়কের অপসারন দাবি
সমালোচনা, ক্ষোভ, দুঃখ, বেদনা-সব কিছু যেন মিলেমিশে একাকার। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার আশার সমাধি হওয়ার পর ইংল্যান্ডের সাবেক তারকা থেকে শুরু করে পত্র-পত্রিকাগুলোও সমালোচনায় মুখর।
এই সমালোচকদের তালিকার সর্বাগ্রে ইয়ান বোথাম। সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার মনে করেন, কোচ ডানকান ফ্লেচারকে অবিলম্বে সরিয়ে দেয়া উচিৎ। বব উইলিস তো আরো এক ধাপ এগিয়ে। বোথামের দীর্ঘ দিনের সতীর্থ ও ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার উইলিস ফ্লেচারের সঙ্গে সঙ্গে অধিনায়ক মাইকেল ভন ও প্রধান নির্বাচক ডেভিড গ্র্যাভেনির অপসারণেরও পক্ষপাতী।
“আমাদের দলে বেশ কয়েক জন ভালো খেলোয়াড় রয়েছে। তবে তাদের এখন নতুন এক লক্ষ্যমাত্রা প্রয়োজন। ইংল্যান্ডের জন্য ডানকান (ফ্লেচার) দারুণ কিছু কাজ করেছেন। আমাদের তা ভুলে যাওয়াও ঠিক হবে না। তবে প্রত্যেকেরই তো ব্যক্তিগত জীবন আছে। আর তাই তার এখন সরে দাঁড়ানোই উচিৎ”-১৯৯৯ থেকে ইংল্যান্ডের কোচের দায়িত্বে থাকা ফ্লেচার সম্পর্কে বোথামের অভিমত। এবং তার দৃঢ় ধারণা, হতশ্রী চেহারার ইংল্যান্ড দলকে অনুপ্রাণিত করার কোনো ক্ষমতাই নেই ফ্লেচারের,“আমাদের দলকে দেখে মনে হচ্ছে তারা দ্বিধা বিভক্ত, দিগভ্রান্ত। আমার তো মনে হয় না তিনি (ফ্লেচার) দলকে আর উজ্জীবিত করতে পারবেন। আশা করি চুপচাপ বসে না থেকে ইসিবি (ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড) ব্যাপারটা নিয়ে চিন্তা করছে এবং (কোচ) পরিবর্তনের কথা ভাবছে। বিশ্বকাপের চ্যালেঞ্জ শেষ। ইংল্যান্ডকেও ভালোই অপমানিত হতে হলো। এখন সময় এসেছে পরিবর্তনের।”
বহুল প্রচারিত ট্যাবলয়েড ‘দি সান’-এর দুটো রিপোর্টের শিরোনাম ‘ডুবন্ত ডানকান’ ও ‘বিশ্বকাপে বিপর্যয়’! ‘দি টাইমস’ পত্রিকা ‘দুর্বল পারফরম্যান্স’-এর কারণে ভনের ওয়ানডে অধিনায়কত্বের পাশাপাশি ফ্লেচারের অপসারনের দাবী জানিয়ে লিখেছে,“সত্যি বলতে কি আমাদের বিশ্বকাপ জয়ের আশা কখনোই ঠিক বাস্তবসম্মত ছিল না। ইংল্যান্ড দলকে দেখে মনে হয়েছে বিভ্রান্ত, অরক্ষিত ও পরাজিত।”
