সব ভালো তার, শেষ ভালো যার
সম্ভব হলে একটা সঙ্গীত-সন্ধ্যার আয়োজন করে ফেলতো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে সঙ্গীত-সন্ধ্যা মানেই হৈ-চৈ, চিৎকার, রেগে-র্যাপ-রক ইত্যাদি। কিন্তু বাংলাদেশের সঙ্গীত-সন্ধ্যায় থাকতো একটাই গান। একটাই সুর। “সব ভালো তার, শেষ ভালো যার”-পুরনো এই প্রবাদটা সুরারোপ করে শুনে শুনে একেবারে অস্তিত্বের সঙ্গে মিশিয়ে নিত বাংলাদেশ। ব্যাট আর বলকে পেছনে রেখে শেষ ভালো করাটাই বিশ্বকাপের শেষ ম্যাচে প্রেরণার স্রোত।
যে কয়েকটা দলকে কোনোদিন কোথাও হারানো যায়নি, তাদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজও আছে। আগে যা কোনোদিন হয়নি, তার কোনো কোনোটা এই বিশ্বকাপে এমনভাবে হয়েছে যে কোনোকিছুই আর না হওয়ার নয়। আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচটা অবশ্যই স্বপ্নে বাধা হয়ে থাকছে, কিন্তু সেটা আবার একদিক থেকে সম্ভাবনার সূচকও। দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের সঙ্গে টানা দুই ম্যাচে এমন লড়াইয়ের পর আয়ারল্যান্ড উড়েই যাওয়ার কথা ছিল। যা হওয়ার কথা তা না হয়ে অন্য কিছু করাটাও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে বাংলাদেশের স্বভাব। সেই স্বভাবটা উল্টো দিক থেকে আজ ফলতে অসুবিধা কী! উল্টো দিক থেকে ফলানোর উদাহরণও বাংলাদেশ স্থাপন করে রেখেছে।
ক্রিকেটে বোল্ড আর ক্যাচ আউটের মতো এটাও এখন প্রায় একটা নিয়ম যে অস্ট্রেলিয়ার কাছে সবাই শোচনীয়ভাবে হারবে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সঙ্গে দুটো ম্যাচে যা-তা ভাবে হারলে পরের ম্যাচের প্রতিপক্ষ যদি দক্ষিণ আফ্রিকা হয়, তাহলে তাদের কাছে বড় ব্যবধানে হারাটাও একটা নিয়ম। আবাার নিয়মটা বাংলাদেশ যখন ভাঙ্গতে পেরেছে তখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নিয়তির বেঁধে দেয়া নিয়মটা ভাঙ্গতে অসুবিধা কী! প্রতিটি বিশ্বকাপেই কীভাবে কীভাবে যেন ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে যায়। আগের দুই বিশ্বকাপের মুখোমুখি লড়াই থেকেও কুড়িয়ে আনার প্রেরণা আছে কিছু। প্রথমবার বাংলাদেশ বড় ব্যবধানেই হেরেছিল, কিন্তু মেহরাব হোসেন অসাধারন একটা ফিফটি করে জানিয়েছিলেন অ্যামব্রোস-ওয়ালশদের বল মানেই বিষ নয়। খেলা যায়।
আবার মুখোমুখি দক্ষিণ আফ্রিকাতে। ঘেঁটে দেখছি, গত বিশ্বকাপে এটাই বাংলাদেশের সবচেয়ে সুখস্মৃতির ম্যাচ। বৃষ্টি খেলা শেষ হতে দেয়নি, তাই বাংলাদেশকে হারতে হয়নি। গতবার কেনিয়া-কানাডার কাছে হারের তুলনায় এটা তো সম্মানজনক এবং স্বস্তিকর ফলই। দুর্দান্ত কিছু শট খেলে বৃষ্টি পর্যন্ত আশরাফুলের অপরাজিত থাকাটাও গত বিশ্বকাপের তুলনায় বিরাট ব্যাপারই যেন।
গত এক-দেড় দশকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের যে নিম্নগামীতা তাতে ভাগ্যেরও দায় আছে কিছু। এমন কিছু ম্যাচ হেরেছে তারা, এমন কিছু ব্যর্থতা যে মনে হয়েছে ভাগ্য ওদের বিপক্ষে অদৃশ্যে ব্যাট হাতে নেমে গেছে। কিংবা গোপনে বল করে দিচ্ছে। কিন্তু বাংলাদেশের সঙ্গে ম্যাচগুলোতে ভাগ্যদেবতার কেন যে ওয়েস্ট ইন্ডিজকে পছন্দ। নইলে ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজটাতে তো বাংলাদেশেরই জেতার কথা ছিল। প্রথম ম্যাচটাতে বাংলাদেশ হেরেছিল এক উইকেটে, একেবারে শেষ সময়ে রাজিন সালেহর বলে ছক্কাটা না হলে হয়তো বাংলাদেশই জেতে। পরের ম্যাচেও ওদের কাঁধে গরম নিঃশ্বাস ফেলে শেষ পর্যন্ত দীর্ঘশ্বাসের জ্বালায় জ্বলতে হয়েছিল বাংলাদেশকে। না। দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের মতো ব্যাপার নয় যে বাংলাদেশ কোনোদিন কাছে-পিঠেই যেতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উল্টো। এত কাছে তবু কতো দূরের বহু জমানো জ্বালা। নিজেদেরকে কোনঠাসা করে ফেলায় বাংলাদেশ খুব জোর গলায় কিছু বলতে পারছে না, কিন্তু হাবিবুল বাশার তবু প্রতিশ্রুতি দিয়ে রাখছেন,“যদি কোনো সুযোগ আসে তাহলে এবার সেটা অন্তত আমরা হাতছাড়া করবো না। দলের সবাই বুঝতে পারছে, বিশ্বকাপে আমরা সবমিলিয়ে যা খেলেছি সেটা অনেক ভালো ক্রিকেট। এখন শেষটা ভালো করলে খারাপ যা কিছু হয়েছে সেটাও ভুলে যাওয়া যাবে।”
বিশ্বকাপে স্বাগতিক দেশ হওয়াটা একটা ক্রিকেট-পাপই যেন। আজ পর্যন্ত কোনো স্বাগতিক বিশ্বকাপ জেতেনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এই বিশ্বকাপে যা করলো তাতে বাকিদের আপনা-আপনি পাপমোচন হয়ে গেলো বোধহয়। অন্যরা তবু একটা সময় পর্যন্ত লড়াইয়ে ছিল, কিন্তু দেশের মানুষের সামনে এমন দরিদ্র চেহারায় হাজির হয়নি আগের কোনো স্বাগতিকই। সুপার এইটে তারাই একমাত্র দল যারা কোনো ম্যাচ জেতেনি। সমালোচনার আগুন জ্বলছে চারদিকে। লারাকে বরখাস্ত করার জন্য গনমিছিল ছাড়া আর সবই হয়েছে। বেরোচ্ছে ভেতরের নানান অশান্তি আর অনৈক্যের খবরও। মোট কথা, চারদিকের চাপে তারা পিষ্ট। অঘটন ঘটানোর জন্য এর চেয়ে ভালো প্রতিপক্ষ সচরাচর পাওয়া যায় না। কিন্তু নিজের ঘরে আগুন লাগলে অন্যের ঘরের আগুন দেখে তো আর খুশি হওয়া যায় না! আয়ারল্যান্ডের সঙ্গে হারের পর বাংলাদেশ শিবিরেও নানান অস্বস্তির খবর। ঘুমন্ত নানান সমস্যা এখন ফনা তুলতে চাইছে।
সেসব শুনলে আর দেখলে মনে হয়, না, কিছুই হওয়ার নয়! এবং যখন মনে হয় কিছুই হবে না তখনই আবার উঠে আসে দক্ষিণ আফ্রিকা ম্যাচ। সেই ম্যাচেও তো কিছু হওয়ার ছিল না,অথচ...! বিশ্বকাপে বাংলাদেশের অ-ধারাবাহিকতার বৈশিষ্ট্য তো সোজা-উল্টো দু-দিক থেকেই ফলে!
বিচিত্র এই বৈশিষ্ট্যের সঙ্গে শেষ ভালো করার অনন্ত প্রেরণা-সংগীত। আবহে আশাবাদ কিন্তু থাকছেই।
