২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিদায়ে শেষ হলো শেষ সম্ভাবনাও

ক্যারিবিয়ান তার সৌন্দর্যের সাজ দিয়ে ইংলিশদের ভুলাতে পারল না! যেমন পারেনি ভারতকে। যেমন পাকিস্তানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বার্বাডোজ থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 03:15 AM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বিশ্বকাপে ভারত-পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের পথ ধরে ইংল্যান্ডেরও বিদায় ঘণ্টা বেজে গেলো। বিশ্বকাপ বানিজ্য আর আকর্ষনের সর্বনাশ করে ভারত-পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ আগেই গিয়েছিল। শেষ আশার বাতি নিয়ে টিমটিম করে জ্বলছিল ইংল্যান্ড। সেই বাতি নিভে যাওয়াতে বিশ্বকাপ নেমে এল অন্ধকার। এতদিন খুড়িয়ে খুড়িয়ে চলছিল, এখন শেষ পা-টাও হারিয়ে হামাগুড়ি দিয়েই সেমিফাইনাল-ফাইনাল পর্যন্ত যেতে হবে।

এই শেষ পা-টা হলো ইংল্যান্ড। গত এক-দুই দশক ধরে ইংল্যান্ড যে ক্রিকেটটা খেলে সেই ক্রিকেট দিয়ে বিপক্ষকে যত না ভয় দেখানো যায় তার চেয়ে বেশি লোক হাসানো হয়। মাঝে-মাঝে আবার কী এক আশ্চর্য টনিকে জেগে ওঠে। ওঠে অস্ট্রেলিয়াকে অ্যাশেসে হারিয়ে দেয়। অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে টুর্নামেন্ট জিতে যায়। বিশ্বকাপের আগেও জিতে গিয়েছিল। ব্যস! শুরু হয়ে গেলো মুখর ইংলিশ মিডিয়ার ঢোল বাজানো। বাড়াবাড়ির চূড়ান্ত। সেই ঢোল একেবারে ফেটে গেলো কেনসিংটন ওভালে, বাড়াবাড়ির কবরও হয়ে গেলো। দক্ষিণ আফ্রিকা ইংলিশদের নিয়ে এমন ছেলে খেলা খেলল যে মনে হলো ওদের একটা উচিত শিক্ষা দেয়াটাই ছিল বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকানদের মিশন নাম্বার ওয়ান। কোনো পুর্বজন্মের শত্রুতা আজ ব্যাট আর বলে মেটাতে হবে। মেটালও। ইংল্যান্ড ব্যাট নিয়ে ধৈর্য দেখাল শুরুতে। কিন্তু পোলক-নেইল-হলদের বল এমন আগুনের গোলা যে ঢালটা যেন কাপড়ের পর্দা। ছিন্নভিন্ন রীতিমতো। ১৫৪ রান রয়ে সয়ে খেললেই হয়। কিন্তু কীসের কী! দক্ষিণ আফ্রিকানরা ইংলিশদের পিষ্ট করার সিদ্ধান্ত যেন নিয়েই রেখেছে। এমন মার-মার কাট-কাট ব্যাটিং যে কখনও কখনও মনে হচ্ছে বল নয় ইংলিশ ক্রিকেট আর ক্রিকেটাররাই প্রহৃত হচ্ছে। এভাবে বিশ্বকাপ খেলার চেয়ে আসলে বিদায় নেয়াই ভালো। সবমিলিয়ে বিশ্বকাপে ইংল্যান্ড যা খেলেছে তাতে সেমিফাইনালে ওদের একেবারেই মানায় না। ভাগ্যিস গ্রুপে দু-টো দুর্বল দল ছিল, নইলে বোধহয সেখানেই যা হওয়ার হয়ে যেতো।

কিন্তু বিশ্বকাপের জন্য বিষয়টা যেন হলো অন্ধের হাত থেকে তার লাঠিটা কেড়ে নেয়ার মতো। ভারত নেই বলে বিশ্বকাপের অর্ধেক আকর্ষন নেই। দর্শক নেই। ভেন্যুগুলোতে একের পর এক রিজার্ভেশন বাতিল হয়েছে আর দেশগুলোর পর্যটন মন্ত্রনালয়ের দীর্ঘশ্বাস পড়েছে। তারপর গেছে স্বাগতিকরাও, ওদের ক্রিকেটে অনেক রাজনীতি, দলটা আর ক্যারিবিয়ানদের ঐক্যের সূতা নয়, তবু স্বাগতিক দেশবিহীন বিশ্বকাপ তো বরবিহীন বরযাত্রীর মতোই। ভারতের সঙ্গে পাকিস্তানও বিদায় নেয়াতে এশিয়ার বাজারে বিশ্বকাপ পচা ফলের মতোই প্রায় বর্জনীয়। শেষ সম্বল ছিল ইংল্যান্ড। ক্রিকেট যেমনই খেলুক, কিন্তু ইংল্যান্ডের সমর্থকরা সব আসরের মতো এখানেও একটা বড় আকর্ষন। কালকের দিনে যে কেনসিংটন ওভালে প্রথম প্রথম বিশ্বকাপ-বিশ্বকাপ গন্ধ পাওযা গেলো তা একটুও ক্রিকেটের জন্য নয়, দর্শকদের জন্য। বাহারি সাজে সেজে ইংলিশরা এসেছে, ঢোল-বাজনা সঙ্গে, অবিরত গান চলছে গ্যালারিতে। মাঠের ক্রিকেট আর কতোক্ষণ, বিশ্বকাপের মতো আসর আসলে জমিয়ে রাখে বাইরের এসব সমর্থকরাই। তাদের রং। তাদের উন্মত্ততা। বাইরে বিশ্বকাপ বানিজ্যেও শেষ ভরসা ছিল ইংল্যান্ড। ভারতের পর তাদের সমর্থকই সবচেয়ে বেশি হাজির ওয়েস্ট ইন্ডিজে, সেমিফাইনাল-ফাইনালে আরও আসত নিশ্চিত, ইংল্যান্ডের বিদায়ে সেই বানিজ্যের চাকায় আর হাওয়া নেই। কাজেই..। বিশ্বকাপ তার রথের শেষ পা-টাও কাল হারিয়ে ফেলল। এতদিন চলছিল খুড়িয়ে, এখন চলবে হামাগুড়ি দিয়ে।

ক্যারিবিযান সৌন্দর্যে কোথাও কোথাও প্রায় স্বর্গের কাছাকাছি। বিশ্বকাপ সজ্জাও কম ছিল না। কিন্তু সেই সাজে যাদের ভোলাতে চেয়েছিল তাদের কেউই ভূলল না।

কনে সেজেছিল বরের জন্য, কিন্তু পছন্দ করলো শুধুই তার বন্ধুরা!