আয়ারল্যান্ডের লক্ষ্য বাংলাদেশকে পেছনে ফেলা
আয়ারল্যান্ডের কোচ হিসাবে শুরুর সেই সব ভয়াবহ দিনগুলোর কথা কি এখন মনে পড়ে অ্যান্ড্রু বিরেলের? দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া বিরেল তখন মাত্র দায়িত্ব নিয়েছেন আইরিশ দলের। ২০০২ সালের মে মাসে সি অ্যান্ড জি ট্রফিতে নটিংহ্যামশায়ারের বিপক্ষে আয়ারল্যান্ডের লড়াই।
আয়ারল্যান্ডের কোচ হিসাবে অভিষেক ম্যাচে বিরেল অবাক হয়ে দেখলেন তার দলের খেলোয়াড়রা জয়ের চেয়ে স্লেজিংয়েই বেশি ব্যস্ত! তার ফল পেতেই দেরি হয়নি। নটিংহ্যামশায়ারের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হয়ে বিরেলের অভিষেকটাকে বিঃস্বাদে পরিণত করেছিলেন আইরিশ ক্রিকেটাররা।
সেদিনের পর বিশ্ব ক্রিকেটে অনেকটা পথ পাড়ি দিয়েছে আয়ারল্যান্ড। প্রথম বারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করাই বড় এক প্রাপ্তি হতে পারতো তাদের জন্য। তবে শুধু অংশগ্রহণ করার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তারা। পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে এবারের বিশ্বকাপের বিস্ময় হিসাবেই আবির্ভূত হয়েছে। রোববার বাংলাদেশের সঙ্গে ৭৪ রানের জয় দিয়ে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়েও জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড। বুধবার শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে তাদের বিশ্বকাপ অভিযাত্রা। দলের কোচ হিসাবে এটাই বিরেলের শেষ ম্যাচ বলে তিনি যথেষ্ট আবেগাক্রান্ত ,“শেষ ম্যাচ বলে এটাকে ঘিরে আবেগ থাকবেই। তবে রোববার সুপার এইটের ম্যাচটাতে (বাংলাদেশের বিপক্ষে) জয় পাওয়ায় বুধবার অনেক হিসাবও থাকবে আমাদের সামনে। ধরে নিচ্ছি, (পরের দিন) বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারবে না। তার মানে, শ্রীলঙ্কার বিপক্ষে আমরা সপ্তম স্থান পাওয়ার জন্যই খেলবো। আর তা হতে পারলে ৫০ হাজার ডলার পাবো আমরা। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং যতটা সম্ভব লড়াই করার চেষ্টাই আমরা করবো।”
আইরিশ অধিনায়ক ট্রেন্ট জন্সটনের কণ্ঠেও লড়াইয়ের প্রতিজ্ঞা। বাংলাদেশকে হারিয়ে তিনি খুশি, কিন্তু পুরোপুরি তৃপ্ত নন,“বিশ্বকাপ জিতে নিয়েছি এমন অনুভূতি নিয়ে আমরা মাঠে নামবো না। কারণ, আমরা তো তা জয় করিনি। আমাদের সামনে এখনো একটা বড় ম্যাচ আছে।”
সেই ‘বড়’ ম্যাচে জন্সটন ও তার সতীর্থরা বিরেলকে যে একটা সুন্দর বিদায় সম্বর্ধনা দিতে আগ্রহী তা বোধহয় না বললেও চলছে!
BBC SPORTS-এর সহায়তায়
