২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের নতুন অধিনায়ক শোয়েব মালিক?

ইউনিস খান পাকিস্তানের অধিনায়ক হতে অনিচ্ছুক। মোহাম্মদ ইউসুফ আগ্রহী, কিন্তু শুধু ক্রিকেটে মনোনিবেশ করার চাইতে ধর্ম-কর্মের দিকে বেশি মনযোগের কারণে পিসিবি’র একটা বড় অংশ তাকে নেতৃত্বে দেখতে চাইছে না। এমন অবস্থায় ইনজামাম-উল হকের উত্তরসূরী সম্পর্কে বিভিন্ন গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে। ঠিক এই সময়েই পিসিবি’র একটি উর্ধ্বতন সূত্র জানিয়েছে, ইউনিস খান তার সিদ্ধান্তে অটল থাকলে শোয়েব মালিককে দেখা যেতে পারে পাকিস্তানের নেতৃত্বে!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 06:21 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

“স্বল্প সময়ের জন্য শোয়েব মালিককে পরবর্তী অধিনায়ক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ইউনিস খান তার সিদ্ধান্ত পরিবর্তন না করলেই তাকে (শোয়েব) নিয়োগ দেয়া হবে। সাবেক অধিনায়ক ইমরান খান এবং বোর্ডের কয়েক জন সদস্য মনে করেন ইউনিসের মত পরিবর্তনের জন্য চেয়ারম্যানের (নাসিম আশরাফের) একবার শেষ চেষ্টা করা উচিৎ। সেটাও ব্যর্থ হলে মালিককেই (অধিনায়ক হিসাবে) পছন্দ করবে সবাই”-পিসিবি’র সেই ঘনিষ্ঠ সূত্র এভাবেই তুলে ধরেছেন নতুন অধিনায়ক নির্বাচনে সাম্প্রতিক অগ্রগতির কথা।

তবে শোয়েব মালিককে অধিনায়ক করা হলেও তা দীর্ঘ মেয়াদী হওয়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছে সূত্রটি,“আপাতত সিদ্ধান্ত হয়েছে, আগামী জুলাইয়ে লর্ডসে ভারতের বিপক্ষে প্রিন্স চার্লস চ্যারিটি ম্যাচের জন্য মালিককে অধিনায়ক করা হবে। এরপর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপেও নেতৃত্বে থাকবেন তিনি।” ওই ম্যাচগুলোতে অধিনায়ক হিসাবে মালিকের পারফরম্যান্সের ভিত্তিতে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও নভেম্বরে ভারত সফরে তাকেই নেতৃত্বে রাখা হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

পিসিবির ঐ সূত্র আরো জানিয়েছে, ভবিষ্যতের কথা ভেবে মালিককেই অধিনায়ক হিসাবে দেখতে আগ্রহী বোর্ড। তবে এই অলরাউন্ডারকে নিয়ে সবচেয়ে বড় সমস্যা হলো, তিনি টেস্ট দলে নিয়মিত নন। আর সেজন্যই তাকে দীর্ঘমেয়াদে অধিনায়ক হিসাবে নিয়োগ দেয়ার ঝুঁকিতে যেতে চাইছে না পিসিবি। তবে শোয়েব, এমনকি সালমান বাটকে ভবিষ্যত অধিনায়ক হিসেবে ভাবা হলেও প্রতিষ্ঠিত এবং সিনিয়রদের কাউকে নাকি বিবেচনাতেই নিচ্ছে না পিসিব,“সম্ভাব্য অধিনায়ক হিসাবে শুধু মালিক আর সালমান বাটের নামই আলোচনায় এসেছে। মোহাম্মদ ইউসুফ, শহীদ আফ্রিদি কিংবা আব্দুল রাজ্জাক বিবেচনাতেও আসেননি।” ইউনিস খান ছাড়া অন্য কোনো সিনিয়রকে বিবেচনায় না নেয়াটা অনেকের কাছেই হাস্যকর বা অযৌক্তিক মনে হতে পারে। শোয়েব মালিক টেস্ট দলে সুযোগই পান না নিয়মিত, আর বাঁহাতি ওপেনার সালমান বাট অনেক দিন ধরেই দলের বাইরে-এমন দুজনকে অধিনায়ক করা হতে পারে মোহাম্মদ ইউসুফদের মতো অভিজ্ঞ ক্রিকেটার এবং নিয়মিত পারফর্মারকে ডিঙ্গিয়ে!

যাহোক, নিজের অধিনায়ক হওয়ার গুঞ্জন নিয়ে শোয়েব মালিক আপাতত মুখ খুলতে নারাজ,“এই মুহূর্তে আমি কিছুই বলতে পারবো না। আগে বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নিক। তারপর আমি কথা বলবো।” অন্যদিকে নেতৃত্ব নিতে আগ্রহী ইউসুফ জানাচ্ছেন যে-ই অধিনায়ক হোক, তাকে তিনি পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত,“অধিনায়কত্ব আমার জন্য এমন বড় কোনো বিষয় নয়। যদিও আগেই বলেছি, বোর্ড প্রস্তাব দিলে আমি সানন্দে তা গ্রহণ করবো। তবে আমি এর জন্য লালায়িত নই। দেশের পক্ষে যে কারো নেতৃত্বে আমি খুশি মনেই খেলা চালিয়ে যাবো। আসল কথা হলো, বিশ্বকাপের হতাশার পর আমাদের দলের সম্মান পুনরুদ্ধার করা।”

PTI-এর সহায়তায়