২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংয়ের চোখে ভয়ঙ্কর দুই প্রতিপক্ষ

অস্ট্রেলিয়ার জন্য বড় হুমকি নিউজিল্যান্ড। এটা যার-তার কথা নয়, খোদ অস্ট্রেলিয়া-অধিনায়ক রিকি পন্টিংয়ের। তাদের সঙ্গে অস্ট্রেলিয়ার সুপার এইটের ম্যাচটা এখনো বাকি। সেমিফাইনালে উঠে যাওয়া কিউইদের লড়াই করার মানসিকতাকে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার পথে বড় হুমকিই মনে করছেন রিকি পন্টিং। দক্ষিণ আফ্রিকাকেও নিজেদের দিনে ভয়ঙ্করই মনে হয় তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 10:30 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

নিউজিল্যান্ড এখন পর্যন্ত একটি ম্যাচই হেরেছে, শ্রীলংকার কাছে। অন্যদিকে তিনবারের চ্যাম্পিয়নেরা এখনো অপরাজিত। পন্টিংয়ের কাছে সেটা অবশ্য বড় ব্যাপার নয়, তার হিসেবে বেশি গুরুত্ব পাচ্ছে গত এক বছরের পারফরম্যান্স, “প্রায় ১ বছর তারা ওয়ানডেতে চমৎকার ওয়ানডে খেলেছে। এখন তারা পুরোপুরি এই টুর্নামেন্টের দিকেই বেশি মনযোগী।”

কিউইদের নিয়ে পন্টিংয়ের দুশ্চিন্তার মূল উৎস কিন্তু গত ফেব্রুয়ারির চ্যাপেল-হ্যাডলি ট্রফি, যেখানে ০-৩-এ হেরেছিল অস্ট্রেলিয়া। পন্টিং ওই সিরিজের জন্য পুরো কৃত্বিত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডকে, “ ওখানে তারা অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে, নিজেরা বড় স্কোর করেছে আবার বিশাল স্কোর তাড়া করেও জিতেছে। এসব তাদের আত্মবিশ্বাসকে এমন জায়গায় নিয়ে গেছে যে নিউজিল্যান্ড এখন ভীষণ লড়াকু এক প্রতিপক্ষ।”

কিউইদের সেই জায়গায় নিয়ে গেছেন তাদের লড়াকু ক্রিকেটাররাই। তাদের মধ্যে অস্ট্রেলিয়ানদের কাছে বিশেষভাবে আলোচিত তিনজন-স্কট স্টাইরিস, ড্যানিয়েল ভেট্টোরি ও শেন বন্ড। বিশ্বকাপে একশ’র বেশি গড়ে রান তুলছেন স্টাইরিস। বাঁ-হাতি স্পিনার ভেট্টোরি ক্যারিবিয়ান উইকেটে যে কোনো প্রতিপক্ষের জন্যই ভয়ংকর। আর ফাস্ট বোলার বন্ড অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের জন্য চিরকালীন এক আতংক। এই ফাস্ট বোলারের প্রসঙ্গ উঠলেই যেন পন্টিংকে পেয়ে বসে চার বছর আগের আতংক, “ গত বিশ্বকাপে পোর্ট এলিজাবেথে ২৩ রানে ৬ উইকেট নিয়ে আমাদের শেষ করে দিয়েছিল, এবছর আমাদের বিপক্ষে ও একটা হ্যাটট্রিকও করেছে। নতুন বলে ও ভয়ংকর এক বোলার, তাকে আপনার সমীহ করতেই হবে।”

এসবই নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ানদের ভয়ের জায়গা। কিউইদেরও ভয় আছে, তবে সেটা নিজেদের নিয়ে। বিশ্বকাপ সেমিফাইনালে তাদের অতীত ব্যর্থতায় ভরপুর। আগের চারটি বিশ্বকাপেই শেষ চার থেকে বিদায় নিতে হয়েছিল তাদের, যেন ওই পর্যন্তই তাদের দৌড়। ওই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারলেই বেঁচে থাকবে তাদের বিশ্বকাপ-স্বপ্ন। আপাতভাবে কিউইদের ওই ব্যর্থতার পরিসংখ্যানই প্রেরণা যোগাচ্ছে অস্ট্রেলিয়ানদের।

টুর্নামেন্ট শুরুর আগে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ভয় থাকলেও এখন তা অনেকটাই উবে গেছে অস্ট্রেলিয়ানদের। পন্টিংয়ের মতে, “এই মুহুূর্তে তারা নিজেদের সেরাটা খেলতে পারছে না।” অবিশ্বাস্যভাবে বাংলাদেশের কাছে হেরে গেলেও দক্ষিণ আফ্রিকাকে বেশ সমীহ করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক,“ আমি যেমন ভেবেছিলাম তার চেয়েও দুটো ম্যাচ বেশি হেরেছে ওরা। তবে সবকিছু ঠিকঠাক হলে তারা যে কীরকম ভয়ংকর হতে পারে তা আমার জানা আছে।”