লারাকে বাদ দেয়ার খবর, অধিনায়ক হতে চান সারওয়ান
ব্রায়ান লারার টেস্ট অধিনায়কত্বও শেষ হওয়ার পথে! চমকে ওঠার মতো খবরটা দিয়েছে বৃটেনের ‘সানডে টেলিগ্রাফ’ পত্রিকা। সুপার এইটে টানা ৪ ম্যাচ হেরে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নিশ্চিহ্ন হওয়ার পর লারা নিজেই ঘোষণা করেছেন, বিশ্বকাপ শেষে আর ওয়ানডে খেলবেন না। তবে টেস্ট ক্রিকেটে তার ভবিষ্যৎ সম্পর্কে তখন কোনো মন্তব্য করেননি টেস্টে সর্বোচ্চ রানের মালিক। কিন্তু বৃটেনের জনপ্রিয় পত্রিকাটি জানাচ্ছে, বিশ্বকাপের পর লারার টেস্ট অধিনায়কত্ব কেড়ে নেয়া হতে পারে। এমনকি আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরের দল থেকেও বাদ পড়তে পারেন টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের অধিকারী।
লারার টেস্ট অধিনায়কত্ব নিয়ে এই গুঞ্জনের সময় একটা ঘোষণাও এলো রামনরেশ সারওয়ানের কাছ থেকে। ঘোষণা না বলে অবশ্য আকাক্সক্ষা বলাই ভালো। ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক জানালেন সুযোগ পেলে দলকে নেতৃত্ব দিতে তিনি প্রস্তুত,“(অধিনায়কত্বের) সুযোগ দেয়া হলে আমি এটাকে দুই মুঠোতে বন্দী করবো। তবে আমাদের অপেক্ষা করতে হবে। কারণ, এখনো বিশ্বকাপে দুটো ম্যাচ বাকি আছে আমাদের। ব্রায়ানই (লারা) থাকুক কিংবা অন্য যে কেউ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হোক না কেন, আমি তাকে পূর্ণ সমর্থনই দেবো। তবে সুযোগ এলে আমি তা অবশ্যই নেবো।”
সেমিফাইনালে ওঠার আশা শেষ হলেও বাকি দুটো ম্যাচের গুরুত্ব শেষ হয়ে যায়নি বলেই সারওয়ানের বিশ্বাস। বৃহস্পতিবার বাংলাদেশ ও দু দিন পর ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেই সামনের সফরটার জন্য দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে আগ্রহী তিনি,“বিশ্বকাপ শেষ হওয়ার পর আমরা ইংল্যান্ড যাবো। ইংল্যান্ড সফরে আত্মবিশ্বাস ও ধারাবাহিকতা নিয়ে যাওয়া আমাদের ভীষণ প্রয়োজন। সামনে একটা লম্বা সফর আছে বলেই (বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে) এই দুটো ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।” এবং এবারের বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখানো বাংলাদেশকে সমীহের দৃষ্টিতেই দেখছেন সারওয়ান,“বাংলাদেশ দারুণ উন্নতি করেছে, অনেকটা পথও পাড়ি দিয়েছে। এখন আর তারা দুর্বল দল নয়। এই টুর্নামেন্টেও খুব ভালো খেলেছে। বেশ কয়েক জন তরুণ প্রতিভাবান খেলোয়াড় আছে বলে তাদেরকে কিছুতেই হালকাভাবে নেবো না আমরা।”
প্রথম দুটো বিশ্বকাপ বিজয়ী ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডের ধারনা, ফিটনেস সমস্যার জন্যই এবারের বিশ্বকাপে লারার দলের এমন দুরবস্থা। তবে অভিযোগটা উড়িয়ে দিয়ে সারওয়ানের মন্তব্য,“দল খারাপ খেললে মানুষ ভিন্ন বিষয় নিয়েও সমালোচনা করে। গায়ানায় (শ্রীলংকার বিপক্ষে) আমরা ভালো ফিল্ডিং করতে পারিনি। এবং অবশ্যই দক্ষিণ আফ্রিকার সঙ্গেও পারিনি। হেরে যাওয়াতে ব্যাপারটা আরো বেশি করে চোখে পড়েছে। তবে আমি নিশ্চিত, ছেলেরা সবাই পুরোপুরি ফিট আর নিজেদের উজাড় করে দেবেই আগামীতে।”
অবশ্য নিজেদের আঙ্গিনায় অনুষ্ঠিত ক্রিকেটের সেরা আসরে খারাপ পারফরম্যান্সের জন্য স্বদেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন সারোয়ান,“এই টুর্নামেন্টে আমরা ভালো ব্যাট করতে পারিনি। একমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ভালো ব্যাট করেছিলাম। তবে সেই ম্যাচে ২৫০-এর ওপরে করলেও তা যথেষ্ট বলে প্রমাণিত হয়নি। আমরা ভালো খেলতে পারিনি বলে নিঃসন্দেহে ভক্তরা ভীষণ হতাশ। যেভাবে খেলেছি, সেজন্য তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। তবে আমরা চাই তারা আমাদের সমর্থন দিয়ে যাক এবং সামনে এগিয়ে যাবার জন্য আমাদের আত্মবিশ্বাস যোগাক।”
