২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওপেনার গ্রিনিজের তুলনা আজও খুঁজে পান না সিমন্স

গায়ানায় প্রেসবক্সে ফিল সিমন্স ঢুকেছিলেন তার মতোই। কাঁধে আইসিসির পক্ষ থেকে স্যুভেনির হিসাবে পাওয়া ব্যাগ, একটা কুচকানো টি শার্ট গায়ে। গদাই লস্করী চালে হেঁটে চলার মধ্যে কেমন যেন উদাসী ভাব। এসবই সিমন্সের ট্রেড মার্ক। যে বা যারা সিমন্সকে মাঠে দেখেছেন তারা জানেন, এই-ই আসলে সিমন্স। এলোমেলো। এমন খেয়ালি, যেন মাঝে-মধ্যে টিভি ক্যামেরা তাকে ক্লোজ করে দেখাত, ভাষ্যকাররা গবেষনায় মেতে উঠতেন, ঠিক সেই মুহুর্তে সিমন্সের মনটা আসলে ঠিক কোথায়!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বার্বাডোজ থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 09:16 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

তার একটা লম্বা সোয়েটার ছিল। এমনই লম্বা যেন ওটা বড় ভাইয়ের, আজ তার কিছু পরার নেই বলে পরে এসেছেন। এক ম্যাচে আবিষ্কৃত হলো, সেখানে কিছু ছেড়াও আছে। অনেক গবেষনা চলল। সিমন্স যথারীতি নির্বিকার। ডিপে ফিল্ডিংয়ে দাঁড়িয়ে এক মনে কিছু বলছেন, কিংবা হঠাৎ করে অসময়ে হয়তো একটা হাততালি দিলেন। খেলোয়াড়ি ক্যারিয়ারটাও তাই এলেমেলো। সময়ের সেরা হার্ড হিটারদের একজন হয়েও সিমন্সের ক্যারিয়ার এগোয়নি বেশি-দূর। কিন্তু খেলা ছেড়ে সেই সিমন্সই কিনা কোচ! কোচের কাজ যেখানে বিন্যস্ত চিন্তা, হিসাবী মস্তিষ্ক, তার সঙ্গে তো সিমন্স একেবারেই যান না!

তবু জিম্বাবুয়ে দলের কোচ ছিলেন এই কিছুদিন আগ পর্যন্ত। এখন তিনি আয়ারল্যান্ডের কোচ, কাগজে-কলমে নয় অবশ্য, তার সঙ্গে চুক্তি হয়ে গেছে, কিন্তু বর্তমান কোচ আড্রিয়ান বিরেলের মন খারাপ হবে বলেই কিনা বিশ্বকাপে বিরেলই অফিসিয়ালি কোচ, সিমন্স আছেন পেছনের লোক হয়ে। বিশ্বকাপ শেষে বিরেল চলে যাবেন, সিমন্স স্থায়ী কোচ। গায়ানায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিন যখন কথা হয়, তখনও বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ হয়নি, কিন্তু দু-দলই বিশ্বকাপের চমক জাগানো দল এবং সে হিসাবে তাদের ম্যাচটা যথেষ্টই জমজমাট হওয়ার কথা। সিমন্সও বললেন সেটাই,“বিশ্বকাপে দু-দলই খুব ভালো খেলেছে। দুটোই জায়ান্ট কিলার দল। এক দল ভারতকে হারিয়েছে, আরেক দলের কাছে হেরেছে পাকিস্তান। তার ভিত্তিতে দুই দলের ওপর কিছু দায়ও এসে বর্তেছে। আশা করি, তারা সেটা পালন করবে। আয়ারল্যান্ড দল নিয়ে এখনও কাজ শুরু করিনি, কিন্তু বিশ্বকাপে তাদের দেখে আমি আশাবাদী, তারা অনেক দূর এগোবে।”

সিমন্স দায়িত্ব নেয়ার পর অনেক দূর এগোনোর পথে একটা বড় পদক্ষেপ হয়ে গেলো। বাংলাদেশকে হারানোয় আইসিসির নিয়ম অনুযায়ী তারা স্থায়ী ওয়ানডে স্ট্যাটাস পেয়ে যাচ্ছে। নিয়মটা হলো, কোনো সহযোগী সদস্য দেশ দুটো পূর্ন সদস্য দেশকে হারালেই তারা হয়ে যাবে ওয়ানডে স্ট্যাটাসের মালিক। সিমন্সকে পাওয়ার আগেই একটা কাজ কমিয়ে রাখলো আয়ারল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তখনও তার রং হারায়নি। সর্বজয়ী চেহারা নিয়ে পুরো বিশ্বকে পদানত করে রাখার সময়েই সিমন্সের অভিষেক। কিন্তু সেই সর্বজয়ী রুপটাই ছিল ব্যক্তি সিমন্সের জন্য সমস্যা। অনেকের হিসাবে সর্বকালের সেরা ওপেনিং জুটি গ্রিনিজ এবং হেইন্সের জমাট জুটির ভীড়ে তার সুযোগ কোথায়! তবু ফাঁকে যা সুযোগ হলো তাতেই জানিয়ে রাখলেন, তিনি তৈরি। এখন পাতা ওল্টাতে গিয়ে কি মনে হয় না যে ভূল সময়ে তার আবির্ভাব? একটু পরে হলে, এখনকার মতো দল হলে নির্বিঘেœ আন্তর্জাতিক ক্রিকেট খেলে যেতে পারতেন বহু-বহুদিন? সিমন্সের দুঃখ থাকলেও থাকতে পারে, কিন্তু এখন যে নতুন জীবনে চলে গেছেন, সেটাকে আর পুরনো দুঃখবোধ দিয়ে ভারাক্রান্ত করার কোনো ইচ্ছা নেই। তাই বললেন,“তখনকার ঐ দলের সঙ্গে ড্রেসিং রুমে থাকতে পারাটাও একটা ব্যাপার ছিল। কী অসাধারণ দল ছিল আমাদের!”

এর মধ্যেও ব্যাটসম্যান হিসাবে আর সবার মতো তিনি আলাদা করে রাখেন রিচার্ডসকে। রিচার্ডসকে তিনি দেখেছেন ড্রেসিং রুমে বসে, লারার উত্থানের সময়টাতেও তিনি ছিলেন। দুজনকে তুলনা করতে বললে কাকে তিনি আগে রাখবেন? “দ’ুজন দুরকম। তুলনা হয়তো হয় না। কিন্তু সবকিছুর পরও আমি মনে করি রিচার্ডস ছিল অন্যরকমের। ধারাবাহিকতাটাও তার অনেক বেশি ছিল। জোরে বল মারতে, বোলারদের শাসন করতে এক-আধদিন যে কেউই পারে, কিন্তু টানা কাজটা করে যাওয়াতে রিচার্ডস ছিলেন অপ্রতিদ্বন্দ্বী।”

যেমন তার হিসাবে ওপেনার হিসাবে অপ্রতিদ্বন্দ্বী গর্ডন গ্রিনিজ,“তোমাদের ওখানে সে কোচ ছিল। আমি জানি না কোচ হিসাবে সে কেমন করেছে। কিন্তু ওপেনার হিসাবে! অসাধারণ। এই যে এখন ওপেনারদের হার্ড হিটিং-পিঞ্চ হিটিং নিয়ে এত কথা হয় এসবকিছুই গর্ডন করে রেখেছে সেই টেস্ট ক্রিকেটেই। গর্ডনের জন্য ওয়েস্ট ইন্ডিজের সেই সময়ের ক্রিকেট প্রথম বল থেকেই আকর্ষনীয় ছিল।” বাংলাদেশের ক্রিকেটও এখন একজনের জন্য শুরু থেকেই আকর্ষনীয়। তামিম ইকবাল। প্রথম বল থেকেই তার ব্যাট উদ্যত তরবারী, প্রথম শট থেকেই বোলার খুন করার উন্মত্ত মানসিকতা। সিমন্স তাকে ঐ দিনই প্রথম দেখেছেন, দেখে তার মনে হয়েছে,“এরকম ব্যাটসম্যান জোর করে তৈরি করা যায় না। আক্রমনের মানসিকতাটা রক্তে থাকতে হয়। তার এরকম মানসিকতা আছে, সেটা খুব ভালো কথা। কিন্তু মনে রাখতে হবে, কাজটা ধারাবাহিকভাবে করতে পারলে, বোলারদের কাছে ভীতি হতে পারলে তবেই এই আক্রমনাত্মক মানসিকতাটা সার্থক। নইলে বরং উল্টো ব্যাপার। বোলারদের জন্য বিষয়টা ফাঁদ হয়ে দাঁড়ায়। কাজেই অনেক পরিশ্রম করতে হবে। নিজের উইকেটটা যথেচ্ছ বিলিয়ে দিলে হবে না।”

যে কোনো ওয়েস্ট ইন্ডিয়ান সাবেক ক্রিকেটারের কাছে এটা অবধারিত প্রশ্ন থাকে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই হাল কেন? তখনও বিশ্বকাপ থেকে বিদায় হয়নি, কিন্তু যা খেলছিল তাতে বিদায়ের সংকেত তখনই মিলছিল। প্রশ্নটাতে আর দশজন সাবেকের মতো সিমন্সেরও অহংয়ে ঘা লাগল নিশ্চয়, কারণ তখনই তার মনে পড়ে গেলো, হাতে অনেক কাজ রয়ে গেছে, যেতে হবে ...! যেতে যেতে স্বগতোক্তির মতো করে বলে গেলেন,“আমি বছর চারেক ধরে দেশের বাইরে আছি। ঠিক বলতে পারব না কেন এরকম হচ্ছে।”

কিন্তু বাইরে থাকলেও দূর থেকে নিশ্চয়ই দেখে খারাপ লাগে?

সিমন্স রওনা হয়ে গেছেন। গতি আরও বাড়ছে। পদক্ষেপ আরও লম্বা।

এমন প্রশ্নে ওয়েস্ট ইন্ডিয়ান সব সাবেকই এখন পালাতে চান। তাদের ব্যস্ততার কথা মনে পড়ে যায়!