২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেসেখেলেই জিতল অস্ট্রেলিয়া

লাসিথ মালিঙ্গা নেই, নেই চামিন্ডা ভাস আর মুত্তিয়া মুরালিধরনও। শ্রীলংকার বোলিং আক্রমণটা তাই একেবারেই নখ-দাঁতহীন। ম্যাথু হেইডেন ও অ্যাডাম গিলক্রিস্টের ঝড়ের মুখে আরো সাদামাটা মনে হচ্ছিল তাদের। শ্রীলংকার ছুঁড়ে দেওয়া ২২৭ রানের টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার এই দু ওপেনার মাত্র ১১ ওভার ৫ বলেই গড়েছেন ৭৬ রানের জুটি। এমন সূচনার পর আর পেছন ফিরে তাকানোর কোনো কারণ থাকে না। রাসেল আরনল্ডের পর পর দু ওভারে গিলক্রিস্ট আর হেইডেনকে হারালেও তাই জয় পেতে কোনো কষ্টই হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের। ৭ ওভার ২ বল বাকি থাকতেই ৭ উইকেটের এক সহজ জয় পেয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 03:00 AM

Updated : 26 Apr 2022, 02:14 PM

প্রথম দু ওভারেই ওই দুজনকে ফিরিয়ে দিয়ে লড়াই খানিকটা জমিয়ে তুলেছিলেন আরনল্ড, আর মালিঙ্গা বান্দারা মাইকেল ক্লার্ককে (২৩) ফিরিয়ে দিলে শ্রীলংকানরা খানিকটা নড়েচড়ে বসার সুযোগ পায়। কিন্তু রিকি পন্টিং আর অ্যান্ড্রু সাইমন্ডস মিলে চতুর্থ উইকেটে ১০৬ রানের আরেকটি জুটি গড়ে মুছে দিয়েছেন যে কোনো রকমের অঘটনের সম্ভাবনা। মালিঙ্গা বান্দারার বলে নিজের একমাত্র ছক্কাটি মেরে খেলা শেষ করে দেওয়ার সময় পন্টিং অপরাজিত ছিলেন ৬৬ রানে, ৬৩ রানের ইনিংসে সাইমন্ডস মেরেছেন দুটি ছক্কা আর পাঁচটি বাউন্ডারি।

আরনল্ডকে মিড অফ দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন এক বল আগেই ৩০ বলের ইনিংসে দ্বিতীয় ছক্কা মারা হেইডেন (৪১)। কিন্তু বল চলে গেছে মিড উইকেটে দাঁড়ানো তিলকরত্নে দিলশানের হাতে।

পরের ওভারে গিলক্রিস্টের ৩০ রানের ইনিংসটাও শেষ করে দিয়েছেন আরনল্ড, এলবিডব্লুর ফাঁদে ফেলে।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলংকা তাদের ইনিংসের ২ বল বাকি থাকতে অলআউট হয়ে গেছে ২২৬ রান তুলে। সেটাও সম্ভব হয়েছে তৃতীয় উইকেটে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে আর চামারা সিলভার ১৪০ রানের একটি জুটির কল্যাণে।

শুরুতে ২৭ রানে তিন উইকেট, তারপর ১৭ রানের মধ্যে আরো পাঁচটি। মাঝে শ্রীলংকার ইনিংসে ওঠা নামার মধ্যে ওই জুটিটাই ছিল অন্য রকম। শেষ দিকে ফারভিজ মাহারুফ ও মালিঙ্গা বান্দারার দুটি ঝড়ো ইনিংসও অবশ্য রেখেছে খানিকটা অবদান।

জয়াবর্ধনে আর সিলভা যখন ব্যাট করছিলেন, তখন কিন্তু অন্য রকমই মনে হচ্ছিল। সকালে ২৭ রানে তিন উইকেট হারানোর পর জুটি বাঁধলেও শুরু থেকেই তারা দুজন ছিলেন দারুণ মেজাজে, ভালো বলগুলোকে মূল্য দিয়েছেন যেমন, তেমনি খারাপ বলগুলোকে সীমানার বাইরে পাঠাতে দ্বিধা করেননি মোটেই। ৮৮ বলে শ্রীলংকান অধিনায়কের ৭২ রানের ইনিংসে পাঁচটি বাউন্ডারির সঙ্গে আছে একটি ছক্কা, সিলভার ১০৭ বলে ৬৪ রানের ইনিংসে বাউন্ডারি ছয়টি।

পর পর দু ওভারে এই দুজনকে ফিরিয়ে দিয়ে দ্বিতীয় দফায় ধ্বংসযজ্ঞের সূচনাটা করেছেন বাঁহাতি লেগস্পিনার ব্র্যাড হগ। প্রথমে তাকে সুইপ করতে গিয়ে আকাশে তুলে দিয়েছেন সিলভা, পরের ওভারেই জয়াবর্ধনে হয়েছেন অ্যাডাম গিলক্রিস্টের দারুণ এক স্টাম্পিংয়ের শিকার।

তবে এই দুজনের বিদায়ের পর যেন হঠাৎ করেই তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ার যোগাড় শ্রীলংকার ইনিংস। তিলকরত্নে দিলশান, রাসেল আরনল্ড আর নুয়ান কুলাসেকারারা কেবল আসা যাওয়ার খেলায় মেতে ওঠায় বড় স্কোরের সম্ভাবনাটা বিসর্জন দিতে হয় জয়াবর্ধনেদের। প্রথম স্পেলে দারুণ পিটুনি খাওয়া শন টেইটও এই সুযোগে হয়ে উঠেছেন দুর্ধর্ষ। তাকে হুক করতে গিয়ে দিলশান (৭) ক্যাচ দিয়েছেন শর্ট ফাইন লেগে, পরের ওভারেই আরনল্ডকে (৩) বোল্ড করে দিয়েছেন তিনি। শ্রীলংকার দুঃসময় আরো ঘনীভূত হয়েছে দ্বিতীয় স্পেলে ফিরে নাথান ব্র্যাকেনও এই উৎসবে যোগ দেওয়ায়। এই ম্যাচেই প্রথম সুযোগ পাওয়া কুলাসেকারা (১) তার দারুণ এক ইনসুইঙ্গারে ক্যাচ দিয়েছেন স্লিপে। পরে ফারভিজ মাহারুফকেও ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার এই বাঁহাতিই। ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।

তবে বিদায় নেওয়ার আগে মাহারুফ যথারীতি খেলে গেছেন ২২ বলে ২৫ রানের এক মূল্যবান ইনিংস। চারটি বাউন্ডারিতে সাজানো এই ইনিংসে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন মালিঙ্গা বান্দারা। ম্যাকগ্রার বলে মিডউইকেটে হগের হাতে ক্যাচ দেওয়ার আগে ১৯ বলে ১৭ রানের ইনিংসে দুটি ছক্কা মেরেছেন তিনি, নবম উইকেটে এই দুজন গড়েছেন ৩৪ রানের জুটি। শ্রীলংকার ইনিংসে এটাই ছিল দ্বিতীয় সর্বোচ্চ জুটি!

সেরা তিন বোলারের কেউ নেই, এমন একটা ম্যাচে ব্যাটসম্যানদের কাছে প্রত্যাশাটা একটু বেশিই থাকার কথা। কিন্তু শ্রীলংকার ব্যাটসম্যানরা সেই প্রত্যাশা মেটাতে পারছিলেন না শুরুতে। অস্ট্রেলিয়ার দুই পেসার গ্লেন ম্যাকগ্রা আর নাথান ব্র্যাকেনের তোপের মুখে ২৭ রানেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল ১৯৯৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

জয়াসুরিয়াকে দিয়েই শুরু বিপর্যয়ের। ব্র্যাকেনের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে শেষ হয়েছে এই বিশ্বকাপের অন্যতম সফল ব্যাটসম্যানের ১২ বলে ১২ রানের ইনিংস।

পরের ওভারেই আরেকটি এলবিডব্লু, এবার বোলার ম্যাকগ্রা আর শিকার কুমার সাঙ্গাকারা (০)।

২৩ রানের উদ্বোধনী জুটির পর ৩ রানে ২ উইকেট, সমীকরণটা পরের ওভারেই হয়ে গেল ৪ রানে তিন উইকেট। ব্র্যাকেনের পরের ওভারে স্লিপে ম্যাথু হেইডেনের বিশ্বস্ত হাতে ধরা পড়ে শেষ উপুল থারাঙ্গার ৬ রানের ইনিংস।

সেখান থেকেই শুরু জয়াবর্ধনে আর সিলভার লড়াই।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা : ৪৯ দশমিক ৪ ওভারে ২২৬/১০ ( জয়াসুরিয়া ১২, সাঙ্গাকারা ০, থারাঙ্গা ৬, জয়াবর্ধনে ৭২, সিলভা ৬৪, দিলশান ৭, আরনল্ড ৩, মাহারুফ ২৫, কুলাসেকারা ১, বান্দারা ১৭, অতিরিক্ত ১৯, ব্র্যাকেন ৪/১৯, টেইট ২/৬৮, ম্যাকগ্রা ২/৪৮, হগ ২/৩৫, সাইমন্ডস ০/১৫, ক্লার্ক ০/৩৬)

অস্ট্রেলিয়া: ৪২ দশমিক ৪ ওভারে ২৩২/৩ ( হেইডেন ৪১, গিলক্রিস্ট ৩০, পন্টিং অপরাজিত ৬৬, ক্লার্ক ২৩, সাইমন্ডস অপরাজিত ৬৩, অতিরিক্ত ৯, ফার্নান্ডো ০/৩৬, মাহারুফ ০/৫২, কুলাসেকারা ০/২০, আরনল্ড ২/২০, বান্দারা ১/৫৩, জয়াসুরিয়া ০/৩২, দিলশান ০/১৯)