২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে হারানোর আরেকটি পুরস্কার

এই বিশ্বকাপে এসে আয়ারল্যান্ডের বৃহস্পতি আক্ষরিক অর্থেই তুঙ্গে উঠে গেল। রোববার বাংলাদেশকে ৭৪ রানে হারানোর পর মর্যাদাপূর্ণ আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টসে ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 06:00 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির নিয়ম অনুযায়ী কোনো সহযোগী দেশ দুটি টেস্ট দলকে হারালেই ওয়ানডের মূল র‌্যাঙ্কিংয়ে চলে আসে। সেই হিসেবে আইসিসি র‌্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডকে নিয়ে এখন দল হয়ে গেল ১২ টি।

প্রথম রাউন্ডে টেস্ট দল পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে চলে আসে আয়াল্যান্ড। আধা-পেশাদার দলটি তারপর অস্ট্রেলিয়া ছাড়া অন্যদের সঙ্গে দারুণ লড়েছে। তাদের ধরা হচ্ছিল বিশ্বকাপের চমক। প্রথম রাউন্ডে ভারতকে হারিয়ে সুপার এইটে আসা বাংলাদেশ আরো বড় চমক দেখিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। কিন্তু সেই বাংলাদেশকে হারিয়ে আয়ারল্যান্ড পেয়ে গেল র‌্যাঙ্কিংয়ের জায়গা।

এই ম্যাচের পর আইসিসি আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়ে দিয়েছে, ‘‘সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের শেষ ম্যাচের পর আয়ারল্যান্ডের নাম র‌্যাঙ্কিংয়ের তালিকায় আনুষ্ঠানিকভাবে উঠে আসবে। আইসিসির সহযোগী র‌্যাঙ্কিং পার হয়ে আয়ারল্যান্ড এখন এলজি আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপে উন্নীত হয়েছে। আর তারা এ স্বীকৃতি পেয়েছে বাছাই নিয়ম অনুযায়ী দুটি পূর্ণ সদস্য দলকে হারিয়ে।’’

সুতরাং, আয়ারল্যান্ড এখন থেকে ১০টি টেস্ট খেলিয়ে দেশ এবং শুধু ওয়ানডে খেলা কেনিয়ার সঙ্গে একদিনের আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ের দল হয়ে গেল!