২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একটি আত্মহত্যার গল্প

একটি অভিনব আত্মহত্যা দেখলাম! শোকে-দুঃখে আত্মহত্যা হয়, যন্ত্রণা আর বেদনার ভার বইতে না পারাই আত্মহত্যার কারণ সাধারণত, কিন্তু এ যেন আনন্দের আতিশয্যে আত্মহত্যা। এত কিছু হয়েছে, আর পাওয়ার কিছু নাই ভেবে ধেই ধেই করে নাচতে নাচতে...

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বার্বাডোজ থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 04:05 AM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বাংলাদেশ ক্রিকেট দল রোববার বার্বাডোজের কেনসিংটন ওভালে নিজেদের যা কিছু অর্জন তার সবকিছু ঝোলায় ভরে এমন অন্ধকারে ঝাঁপ দিল যে দেখেও ঠিক বিশ্বাস হতে চাইছিল না। বারবার মনে হচ্ছিল দুঃস্বপ্ন বুঝি! ঘুম ভাঙ্গলেই শেষ। কিন্তু ঘুম নয়, কালকের ম্যাচটা আসলে কাটিয়ে দিল ঘোর। সেই ঘোর যার ওপর ভর করে বাংলাদেশ ক্রিকেট বড় সম্মানের জায়গায় চলে গিয়েছিল। ঠিক, এখানেই জীবন শেষ নয়, এই আয়ারল্যান্ড পাকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশকে হারাতে পারবে না কেন? আর বাংলাদেশও তো দুই পরাশক্তি ভারত আর দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। বাজে দিন গেছে তাই। কিন্তু সমস্যাটা হলো বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ পুরো বিশ্বের কাছ থেকে যে মর্যাদা আদায় করেছিল তা এই ম্যাচের পর ধুলি-ধুসর। এই ম্যাচের আগ পর্যন্ত বাংলাদেশ মানে ভারত-দক্ষিণ আফ্রিকাকে হারানো আগামী দিনের পরাশক্তি, ম্যাচের পর বাংলাদেশ আর শুধুই মর্যাদার রং নয়। সঙ্গে সঙ্গে অমর্যাদার কালিও। ম্যাচ শেষে আয়ারল্যান্ডের বিজয় উৎসব দেখতে দেখতে মনে হচ্ছে, দক্ষিণ আফ্রিকাকে না হারিয়ে বরং আয়ারল্যান্ডের সঙ্গে জিতলেই বরং ভালো হতো! এখন তো সবাই বলবে বাংলাদেশ আসলে সাপ-লুডু খেলার মতো অনিশ্চিত একটা দল। অন্যদের লজ্জা দেয়। আবার নিজেরাও লজ্জা পায়। এই ম্যাচের বাংলাদেশ সংক্রান্ত আলোচনায় দক্ষিণ আফ্রিকা-ভারতের জয়ের সঙ্গে সঙ্গেই যে আয়ারল্যান্ডের কাছে হারটাও চলে আসবে।

এই বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিংটা হচ্ছিল পিরামিড প্রকৃতির। এক ম্যাচে ভালো করার পরের ম্যাচে খোঁজ নেই। কাল বোলাররাও তাদের দলে নাম লেখালেন। যারা ১৪৩ রান নিয়ে ইংল্যান্ডের রক্ত পানি করে দিতে পারে সেই তারাই কোথাকার কোন আয়ারল্যান্ডের সঙ্গে অচেনা গ্রহের বোলার যেন। ভাবা যায় আয়ারল্যান্ডের একটা উইকেট ফেলতে অপেক্ষা করতে হয়েছে ২৬ ওভার পর্যন্ত। তাও কোনো বোলিং কৃতিত্ব নয়, রান আউটের সুবাদে ৯২ রানে গিয়ে ওদের প্রথম উইকেটটার পতন। সর্বনাশের দিনে বোলারদের সঙ্গে যোগ দিলেন ফিল্ডাররাও। লোপ্পা ক্যাচ পড়ল হাত থেকে। ফিল্ডিং হলো না যেমন হয় আগের সব দিন। সর্বনাশের প্রতীক হয়েই যেন এসেছিলেন শাহাদাত। অ্যান্ডি রবার্টসের সামান্য কিছু টিপসে মাশরাফি কী ক্ষুরধার! শাহাদাতের পেছনেও কম শ্রম দেননি, কিন্তু একেবারে বেগার খেটেছেন রবার্টস। কালকের ম্যাচটা যদি দেখে থাকেন তাহলে তার চিরকালীন বাজে ছাত্রের তালিকায় একেবারে ওপরের দিকে চলে যাবেন শাহাদাত। শুরুতে বাজে বল করে ব্যাটসম্যানদের সেট হতে দিলেন, ক্যাচ ফেললেন, দ্বিতীয় স্পেলে ফিরে এক ওভারে ১৬ রান দিয়ে ওদের রানরেটে জোয়ার বইয়ে দিলেন। ভাগ্যও বড় মোক্ষম সময়ে শত্রুতাটা করল! নইলে ম্যাচের ঠিক আগে ফিল্ডিংয়ে কেন চোট পাবেন রাসেল। না থাকাতে বোঝা গেলো রাসেলের কতোটা দরকার। গায়ের জোরে বল করলেই হয় না, বুদ্ধির জোর যে তার চেয়ে অনেক বেশি লাগে, সেটা সবাই বুঝল, শাহাদাতও যদি বুঝতে পারেন।

বোলিংয়ে যদি শাহাদাত একা নন, তাহলে ব্যাটিংয়ে প্রায় পুরো দল। শুরু দুই ওপেনারকে দিয়ে। দুজন প্রথম কয়েক ওভার যে ব্যাট করেছেন বিদেশের মাটিতে জাতীয় লজ্জা। আউট হতেই পারেন, কম রানও করা যায়, কিন্তু তারা যেন ঠিক বুঝতেই পারছিলেন না করণীয় কী! এই ম্যাচের পর শাহরিয়ার নাফীসকে আরেক দফা বিশ্রামেই পাঠানো উচিত বোধহয়, আত্মবিশ্বাসের অভাব তার ব্যাটে এমন মরচে ধরিয়েছে যে কোনো বলেই টাইমিং হচ্ছিল না ঠিকঠাক। তামিমের বিষয়টা এমন যে তাকে হয় ডাউন দ্য উইকেটে গিয়ে মারতে হবে, নইলে তিনি জায়গায় দাঁড়িয়ে মারবেন। ফুটওয়ার্কের বালাই নেই। একটা ওভারে একের পর এক এমন পরাস্ত হলেন যে তারপর আসলে তার উইকেটে থাকার অধিকারই নষ্ট হয়ে যায়। তবু ক্রিকেটে ভাগ্যে পাওয়া সুযোগ কাজে লাগাতে হয়। তামিম এবং শাহরিয়ারের কেউই কাজে লাগালেন না। মোটের ওপর দুজন শুরুতে যে ব্যাট করেছেন তাতেই ড্রেসিং রুমে বসে থাকাদের হার্টবিট বেড়ে যাওয়ার কথা।

একজন সবসময়ই আলাদা। এবং যে যাই বলুক তিনিই আশার আলো। তিনিই শক্তির আঁধার। আশরাফুল আরেকবার দেখালেন। উইকেটে আসতেই সব কেমন সহজ। বোলাররা তখন আর বিষধর নন, ফিল্ডিংয়েও তখন কতো ফাঁক-ফোকর। কিন্তু আমরা যারা আশরাফুলচরিত জানি, তারা তো এও জানি যে আশরাফুল বরাবরই আত্মঘাতী। সেই যে হুক করতে গিয়ে লং লেগে ক্যাচটা দিলেন ওখানেই আসলে শেষ হয়ে গেলো। ৪৮ রানে ৩ উইকেট পড়ার পর তামিমকে নিয়ে ৪৫ রানের যে পার্টনারশিপ গড়েছিলেন সেটাই এই ম্যাচের বাংলাদেশের একমাত্র উজ্জল অংশ এবং ঐ সময়টাতে মনে হচ্ছিল সব চোট সেরে যাবে। তামিম ভাগ্যে পাওয়া সুযোগটা পায়ে মাড়ালেন। তারপর আশরাফুলের আত্মহত্যা! হাবিবুল চেষ্টা করেছেন, আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে, কিন্তু এ যে রোগী মারা যাওয়ার পর ডাক্তার আসার গল্প। আর সেই ডাক্তারের সঙ্গে ওষুধ-পত্র নেই, নেই একজন কম্পাউন্ডার পর্যন্ত। ব্যাটসম্যানদের একেকজন এসেছেন, চালিয়েছেন, চলে গেছেন। আর রক্ত দিয়ে যেন আত্মহত্যার গল্পের একেকটি অধ্যায় তৈরি হয়েছে।

ক্রিকেটে কেউ না কেউ হারবেই, বাংলাদেশও তুলনামুলনক দৈত্যশক্তির দলকে এই এক ম্যাচ আগেই হারিয়েছে, কিন্তু বাংলাদেশের হারটার মহিমা শুধু এক ম্যাচের হারেই নয়। এক মন দুধে এক ফোটা বিষ পড়ার ঘটনাই তো!

তাই এটা আসলে আত্মহত্যার গল্পই। সব অর্জন নিয়ে অন্ধাকারে ঝাঁপ দেয়াই তো!