ফ্লেমিংকে ‘বোনাস’ দিতে পেরে খুশি ম্যাকমিলান
বাংলাদেশের কাছে সুপার-এইটে হারই দক্ষিণ আফ্রিকাকে ঠেলে দিয়েছে ব্যাকফুটে। বিশ্বকাপ ফেভারিটদের যে এখন সেমিফাইনালে খেলাই অনিশ্চিত, তার আরেকটি কারণ শনিবার নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটের হার। কিন্তু বাংলাদেশ নয়, নয় নিউজিল্যান্ডও, এমনকি নিজেদের পারফরম্যান্সও নয়, দক্ষিণ আফ্রিকার সব রাগ গিয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়ার ওপর! আগে থেকে যা সম্পর্কে কোনো অনুমান করাই কঠিন।
গ্রেনাডার এই ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড, সঙ্গে নিয়ে গেছে শ্রীলঙ্কাকেও। সেমিফাইনালে খেলার অনিশ্চয়তাকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকান অল রাউন্ডার জ্যাক ক্যালিস দুষছেন কন্ডিশনকে, “খেলায় আবহাওয়া যদি এমন বড় ভূমিকা পালন করে তাহলে তা খুব হতাশার। টসটা ছিল দারুণ গুরুত্বপূর্ণ। প্রথম ২০ ওভারে এটা ছিল সবুজ টেস্ট উইকেট। ওখানে যতটা টিকে থেকে বোলিংয়ের জন্য যেটুকু সম্ভব রান করার কাজটা দল করেছে।”
ক্যালিসের মে ত, সকালের বৃষ্টির পর মেঘলা আকাশের নিচে টস জিতে কিউই অধিনায়ক জিতে নিয়েছেন ম্যাচের অর্ধেকটাই। কিন্তু হতাশার ব্যাপার, দক্ষিণ আফ্রিকা যখন তাদের ১৯৩ রান ধরে রেখে জয়ের লক্ষ্যে নামলো, উইকেট তখন অনেক ব্যাটিং উপযোগী। তবে চারটি ক্যাচ ফেলার দায়ও দক্ষিণ আফ্রিকাকে নিতে হবে। ক্যালিস বলেছেন, “ কে জানে একটা দুটো ক্যাচ নিতে পারলে আমাদের অবস্থাটা অন্যরকমও হতে পারতো। দুপুরের পরে বদলে যাওয়া উইকেটে এমন বোলিংয়ের জন্য বোলারদের কৃতিত্ব দিতে হবে।”
আগের ম্যাচে ৩৫৬ রান করা দক্ষিণ আফ্রিকার এই ম্যাচে দুশ’ করতে না পারা কি ধারাবাহিকতার অভাব নয়? ক্যালিস মানছেন না, “যদি কেউ ধারবাহিকতাহীন হয়ে থাকে সেটা হলো উইকেট।” সেমিফাইনালে তবু যাওয়ার আত্মবিশ্বাস আছে ক্যালিসের, “ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচটা আমাদের জিততেই হতো। এখন সেটা আরো জরুরি হয়ে গেল।”
কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং জয়ের কৃতিত্বের বড় অংশটা দিচ্ছেন ক্রেইগ ম্যাকমিলানকে। এই অল রাউন্ডার বল হাতে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নেওয়ার পর ৫৫ বলে ৩৮ রান করে ছিলেন অপরাজিত। অলরাউন্ড পারফর্ম্যান্সের সুবাদে ম্যাচ জেতানোর পুরস্কার হিসেবে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। অথচ এই ম্যাকমিলানকে ২০০৫-এর শেষদিকে দল থেকে বাদ দিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড!
সম্প্রতি তিনি ফিরেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ তে ওয়ানডে সিরিজ জয়ে রেখেছেন বড় অবদান। নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরিও করেছেন সেই সিরিজে। আর এই ম্যাচে দারুণ পারফরম্যান্সের পর অধিনায়ক ফ্লেমিং অকুণ্ঠ প্রশংসা করেছেন তার, “কঠিন সময়ে উইকেট পাওয়ার সামর্থ আছে ম্যাকমিলানের। ঘটনা হচ্ছে, এবার তার তিনটি উইকেট পাওয়া আমাদের জন্য হয়েছে বিশাল বোনাস। তখন সময়টা এমন যে, কাউকে বোলিংয়ে পাঠাতে হবে যার কথা ওরা ভাবেনি। বিশেষ করে বাউচার ছিল আমাদের জন্য বড় উইকেট।”
তিনটি বিশ্বকাপ খেললেও এবারই প্রথম উইকেট পেলেন ম্যাকমিলান। ৫ ওভারে ২৩ রানে এসেছে তিন উইকেট। সব মিলিয়ে দিনটা খুব উপভোগ করছেন ম্যাকমিলান, “আমাকে সাধারণত ও (ফ্লেমিং) ডাকে বড়জোর দুই বা তিন ওভার বোলিং করতে, চেষ্টা করে একটা উইকেট পাওয়ার। তারপর ফিরে যায় মূল বোলারদের কাছে। আমার প্রথম বিশ্বকাপ উইকেট আসতে অনেক সময় লেগে গেল।”
দলের জয়ে তার দুটো যোগ্যতাই কাজে এলো। আর সে প্রসঙ্গে ম্যাকমিলান বলেছেন, “ব্যক্তিগত হিসেবে আমার মূল শিল্প হলো ব্যাটিং, বোলিং সত্যিকারের বোনাস। আমিও যে কখনো কখনো উইকেট নিতে পারি তা ফ্লেমিংকে দেখাতে পেরে ভালো লাগছে। বোলিং করতে ভালোবাসি আমি। কিন্তু দিনকে দিন এই সুযোগটা কমছে তো কমছেই।”
সামনের ম্যাচগুলোতে অধিনায়ক ফ্লেমিং নিশ্চয়ই আরো বেশি ভরসা রাখবেন ম্যাকমিলানের ওপর!
