২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াসিম আকরামের চোখে ইনজামাম স্বৈরাচারী!

ইনজামাম উল হক একজন স্বৈরাচারী অধিনায়ক! কথাটা শুনে ধাক্কা খাবেন যে কেউ। কথাটা যেমন-তেমন কোনো মানুষের নয়, পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের!বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পেছনে ইনজামামের সৈরাচারী মনোভাবকেই দায়ী করেছেন আকরাম।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Apr 2007, 06:34 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বোমা ফাটিয়েছেন আকরাম। তার দাবি, ইনজামাম গত চার বছরে এমনই ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন যে শুধু কোচ বব উলমারই নন, নিয়ন্ত্রণ করতে শুরু করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদেরও। ওয়াসিম আকরামের ভাষায়, ‘‘ইনজামাম সত্যিকার অর্থেই স্বৈরাচারী হয়ে উঠেছিল। খুব ক্ষমতাবান হয়ে উঠেছিল সে। আমি এ-ও জানি যে বব উলমার ও অন্যান্য বিদেশীরা তারই কারণে চলে যেতে চাইছিল।’’

বিশ্বকাপ ব্যর্থতার জন্য পাকিস্তানের সবাই যখন খেলোয়াড়দের মুণ্ডুপাত করছে, তখন ওয়াসিম আকরাম ছাড়ছেন না খোদ ক্রিকেট কর্তাদেরও। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলারের দাবি, ‘‘আমি দেখেছি পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) কর্মকর্তারা আদেশের অপেক্ষায় তার (ইনজামাম) বাড়ি গিয়ে বসে আছে।’’

পাকিস্তান কেন ব্যর্থ হলো বিশ্বকাপে? ইনজামামের পাশাপাশি ক্রিকেট বোর্ডের কাঠামোকেও দায়ী করছেন ওয়াসিম আকরাম। তার কথায়,‘‘গত সাত বছর ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডে কোনো সিস্টেমই নেই। অ্যাড-হক ভিত্তিতে চলায় লাভ হচ্ছে না। আর এই কারণেই ইমরান খানের মতো মানুষ বোর্ডের সঙ্গে জড়িত হতে আগ্রহী হন না।’’

পাকিস্তানকে ১৯৯২ সালের বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইমরান খানের দলে ছিলেন ওয়াসিম আকরাম ও ইনজামাম উল হক। সম্প্রতি ইমরান খান নিজেও বলেছেন, অ্যাড-হক পদ্ধতিতে পাকিস্তানের ক্রিকেট বোর্ড চলতে থাকলে পতনের ধারাবাহিকতাও চলবে।

ইমরানের সঙ্গে ওয়াসিম আকরামও একমত। এক্ষেত্রে আকরাম মনে করেন, ভারত আর পাকিস্তানের অধিনায়ক পদটিতে পরিমার্জন দরকার, ‘‘ভারত আর পাকিস্তানের ক্রিকেটে অধিনায়ককেই ‘বস’ হতে হবে। কারণ, মাঠে দলটা তাকেই চালাতে হয়। তবে অবশ্যই অধিনায়কের সঙ্গে নির্বাচকদের ভালো বোঝাপড়া থাকতে হবে।’’ এমনটা হলে, আকরামের মতে, ‘‘সাফল্য এমনিতেই আসবে।”