২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জয়াসুরিয়াকে চাই ম্যাকগ্রার

এখন পর্যন্ত যা অবস্থা তাতে এটা হতে পারে গ্লেন ম্যাকগ্রার ‘সব পেয়েছি’র বিশ্বকাপ! তাই, সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে এই ফাস্ট বোলার যখন তার লক্ষ্যের কথা সরাসরি বলেন, সেটিকে গুরুত্বের সঙ্গেই নিতে হয়। বরাবরের মতো আগুনঝরা ব্যাটিং করে চলা সনাৎ জয়াসুরিয়া এবার ম্যাকগ্রার টার্গেট। ১৮ উইকেট নিয়ে এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী ম্যাকগ্রার এ ঘোষণায় লঙ্কান শিবিরের প্রতিক্রিয়া অবশ্য জানা যায়নি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2007, 09:50 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

নতুন বলে বহু পুরনো বোলার ম্যাকগ্রা এখনো বিধ্বংসী। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারের গর্বটা অর্জন করেছেন এই বিশ্বকাপের শুরুতেই। অন্যদিকে তার মতোই শেষ বিশ্বকাপ খেলতে আসা জয়াসুরিয়া আবার ব্যাটে খুব ধারাবাহিক। ৭ ম্যাচে ২ সেঞ্চুরিসহ ৩৬৭ রান তুলে ‘মাতারা হারিকেন’ এই আসরে এ পর্যন্ত সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ। ৩৮৫ ম্যাচ খেলে শ্রীলংকার সাবেক অধিনায়ক এখন ১২ হাজার রান পূর্ণ করার অপেক্ষায়। ওয়ানডেতে তার সংগ্রহে আছে ১১,৯০৫ রান।

রানে ধারায় থাকা জয়াসুরিয়ার উইকেটটি তাই চাই-ই চাই ম্যাকগ্রার। বরাবরই প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরানোর দিকে বিশেষ নজর থাকে ‘দ্য পিজিয়ন’-এর। তাই তার দৃপ্ত উচ্চারণ, ‘‘জয়াসুরিয়া যে গ্রেট খেলোয়াড় তাতে সন্দেহ নেই। তাকে শুরুতেই বিদায় করে দিতে চাই আমরা। আমাদের মনযোগ এখন তার দিকে।’’ কিন্তু গ্রেনাডার উইকেটের দিকে তাকিয়ে সম্ভবত একটু হতাশই হচ্ছেন ২৪৬ ওয়ানডেতে ৩৭৩ উইকেটশিকারী ম্যাকগ্রা, ‘‘যা দেখলাম তাতে গ্রেনাডার উইকেটকে একটু ধীর ও স্পিন উপযোগী মনে হয়। তাই এটা হবে আমাদের জন্য বড় পরীক্ষা। শ্রীলঙ্কার জন্য ওখানে সম্ভবত সুবিধাই হবে।’’

ওয়েস্ট ইন্ডিজের উইকেটের প্রসঙ্গ আসতেই কেমন যেন স্মৃতিভারাতুর হয়ে পড়েন ম্যাকগ্রা। কিন্তু স্মৃতি হাতড়ে অতীতে দেখা উইকেটের সঙ্গে এখনকারগুলো কোনোভাবেই মেলাতে পারেন না, ‘‘মূলত টেস্ট ম্যাচের কথাই বলছি। ১৯৯৫ সালে এখানে দেখেছি উইকেটে ভালো বাউন্স, পেস ধরে, বলও ‘ক্যারি’ করে। ’৯৯-তেও তেমন ছিল। কিন্তু ২০০৩ সালে এখানে সবচেয়ে ধীর উইকেটে খেলেছি।’’

শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে অবশ্য বার্বাডোজের ব্রিজটাউনের উইকেট খুশি করে দিয়েছে বর্ষীয়ান পেসারকে। মনে করিয়ে দিয়েছে অনেক কথা। ম্যাকগ্রা বলছিলেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজের অন্যান্য জায়গার চেয়ে এখানকার উইকেটে বাউন্স অনেক বেশি। এখানে পেস সহায়ক বাউন্সি উইকেট ফিরে পেয়ে দারুণ লাগছে। আমি প্রতীক্ষায় আছি এখানে ফাইনাল খেলার। আমার কাছে এটাই ওয়েস্ট ইন্ডিজের আসল উইকেট-আশির দশকের মাঝামাঝিতে চার ফাস্ট বোলারের তাণ্ডব, পেস আর বাউন্স দেখতে দেখতে আমি বড় হয়েছি। তেমন উইকেট পেয়ে ভালো লাগছে।’’