২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয় দিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ড

দক্ষিণ আফ্রিকার ইনিংসের সময় মনে হচ্ছিল এই উইকেটে ব্যাট করা ভীষণ কঠিন। বল মুভ করছিল, নিউজিল্যান্ডের পেসাররা বাউন্সও পাচ্ছিলেন ভালই। উইকেটে আর্দ্রতা থাকার সুযোগটা ভালই কাজে লাগিয়েছেন তারা। বিশেষ করে শেন বন্ড ও ক্রেইগ ম্যাকমিলানের দারুণ বোলিংয়ে পুরো ৫০ ওভার খেললেও ৭ উইকেটে ১৯৩ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দুপুর থেকে উইকেটের কিন্তু একেবারে ভিন্ন চেহারা। আর্দ্রতা উবে যাওয়ায় গ্রেনাডা ন্যাশনাল স্টেডিয়ামের উইকেট যেন সাহায্যের হাত বাড়িয়ে দিল ব্যাটসম্যানদের দিকে। আর সেই সুযোগে ১৯৪ রানের সাদামাটা লক্ষ্যে পৌঁছাতে তেমন সমস্যা হয়নি নিউজিল্যান্ডের। অধিনায়ক স্টিভেন ফ্লেমিং ও স্কট স্টাইরিসের দুটো চমৎকার ফিফটিতে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটের জয়ের পাশাপাশি দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালও নিশ্চিত করেছে কিউইরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 02:47 AM

Updated : 26 Apr 2022, 02:14 PM

১৯৪ রানের লক্ষ্যে শুরুতে বেশ সাবধানীই ছিল ফ্লেমিংয়ের দল। যদিও মাখায়া এনটিনির করা তৃতীয় (ইনিংসের ষষ্ঠ) ওভারে দুটো বাউন্ডারি মেরে ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিলেন পিটার ফুলটন (১৬)। তবে পরের ওভারেই তাকে স্লিপে অ্যান্ড্রু হলের ক্যাচ বানিয়ে প্রতিশোধ নিয়েছেন এনটিনি। তিন নম্বরে নামা রস টেলরও বেশিক্ষণ টিকতে পারেননি। ১০ রান করে আন্দ্রে নেলের বলে এলবিডব্লু হয়েছেন তিনি। অবশ্য টিভি রিপ্লে দেখে মনে হয়েছে বল চলে যেত স্টাম্পের ওপর দিয়ে। ৪২ রানে দ্বিতীয় উইকেট হারালেও স্টাইরিসের সঙ্গে ৭৮ রানের জুটি গড়ে সেই ধাক্কা ভাল মতোই সামলেছেন ফ্লেমিং। ক্যারিয়ারের ৪৯তম ও বিশ্বকাপের পঞ্চম ফিফটি করে পোলকের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন কিউই অধিনায়ক। তার ৮৪ রানের ইনিংসে বাউন্ডারির সংখ্যা ৬টি।

আরো আগেই অবশ্য ফিরতে পারতেন তিনি। কিন্তু ২৪ রানের সময় পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিলেও মার্ক বাউচার তা গ্লাভসে জমাতে পারেননি। বোলার ছিলেন আন্দ্রে নেল। নিউজিল্যান্ড অধিনায়কের ইনিংসে ‘জীবন’ আছে আরেকটা। দ্বিতীয় বার তিনি বেঁচে গেছেন এই সময়ের অন্যতম সেরা ফিল্ডার হার্শেল গিবসের সৌজন্যে। ক্যালিসের বলে ফ্লেমিংয়ের স্কয়ার কাট থেকে আসা সুযোগটা নষ্ট করেছেন গিবস।

ফ্লেমিংয়ের বিদায়ের পর সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে ঠিক আগের ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করা স্টাইরিস। চতুর্থ উইকেট জুটিতে ম্যাকমিলানকে নিয়ে ৫৬ রান যোগ করেছেন তিনি। এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা স্টাইরিসের সংগ্রহও ঐ ৫৬-ই। ম্যাচ তাড়াতাড়ি শেষ করার আশায় পিটারসেনের বলে তুলে মারতে চেয়েছিলেন। কিন্তু আকাশে উঠে যাওয়া ক্যাচটা ধরতে মোটেও সমস্যা হয়নি গিবসের। তবে অন্য প্রান্তে অবিচল ম্যাকমিলান দুটি বাউন্ডারি ও একটি ছক্কা সহ ৩৮ রানে অপরাজিত থেকেই বাকি কাজটা সেরেছেন। দায়িত্বপূর্ণ এই ইনিংসের সঙ্গে ২৩ রানে ৩ উইকেট নেয়ায় তিনিই ম্যান অফ দ্য ম্যাচ।

সকালে আকাশে মেঘের ঘনঘটা ছিল। টস জিতে তাই প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানাতে এক মুহূর্তও ভাবেননি ফ্লেমিং। নিউজিল্যান্ড অধিনায়কের সিদ্ধান্তটা যে সঠিক তা প্রমাণ করতেও একদমই সময় নেননি শেন বন্ড ও জেমস ফ্র্যাংকলিন।

প্রোটিয়াদের বিপদের সূচনা দ্বিতীয় ওভার থেকেই। ঐ ওভারের পঞ্চম বলে শেন বন্ডের স্লোয়ারে বিভ্রান্ত হয়ে কাভার পয়েন্টে জ্যাকব ওরামকে ক্যাচ দিয়েছেন গ্রায়েম স্মিথ। আউট হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের অবদান মাত্র ১ রান। পরের ওভারের শেষ বলে এবি ডিভিলিয়ার্সও আউট। বল বাতাসে বাঁক খাইয়ে তাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন জেমস ফ্র্যাংকলিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের ম্যাচে ১৪৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা ডিভিলিয়ার্সকে এবার ফিরতে হয়েছে শূন্য হাতে। এই বিশ্বকাপে এটা তার চতুর্থ ‘ডাক’!

মাত্র ৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলা প্রোটিয়াদের এর পর বিপদ থেকে টেনে তোলার চেষ্টা করেছেন জ্যাক ক্যালিস ও গিবস। শুরুটা ধীর গতিতে করলেও সময় যতই গড়াচ্ছিল ততই হাত খুলে খেলার চেষ্টা করছিলেন ক্যালিস। প্রথম দুই ওভার মেডেন দেয়া ওরামকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কাও মেরেছেন একটা। কিন্তু ভেট্টরিকে উড়িয়ে মারতে গিয়েই বিপদে পড়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ৫৪ বলে ২২ রান করে বন্ডের মুঠোবন্দী হয়েছেন তিনি। তৃতীয় উইকেটে গিবসের সঙ্গে ৪৯ রান যোগ করেছেন ক্যালিস।

ক্যালিস ফিরে যাওয়ার পরই দক্ষিণ আফ্রিকার সেরা জুটিটার জন্ম। চতুর্থ উইকেটে অ্যাশওয়েল প্রিন্সকে নিয়ে ৭৬ রান যোগ করার পথে বিশ্বকাপে অষ্টম ও ওয়ানডেতে ৩১তম ফিফটিটা পেয়েছেন গিবস। ওরামকে লং অনের ওপর দিয়ে বিশাল এক ছক্কা ছাড়াও দুটি চার মেরেছেন তিনি। শেষ পর্যন্ত তার ১০০ বলে ৬০ রানের সংগ্রামী ইনিংসটার সমাপ্তি ঘটেছে ম্যাকমিলানের বলে বোল্ড হয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করা প্রিন্সের উইকেটটাও ম্যাকমিলানের। এই বাঁহাতি ব্যাটসম্যানের ইনিংস শেষ হয়েছে লং অফে জিতান প্যাটেলকে ক্যাচ দিয়ে। এবং তার পরের ব্যাটসম্যান মার্ক বাউচারও ম্যাকমিলানের শিকার। এবার লং অনে ক্যাচ, ফিল্ডার পিটার ফুলটন। এই তিনটি আঘাত আর সামলে উঠতে পারেনি বলেই দু শ’ রানে পৌঁছানো সম্ভব হয়নি দক্ষিণ আফ্রিকার।

শেষ দিকে হলকে সঙ্গে নিয়ে শন পোলক চেষ্টা করেছিলেন। ৪৭তম ওভারে জিতান প্যাটেলকে মিড উইকেটের ওপর দিয়ে একটা ছক্কাও মেরেছেন পোলক। কিন্তু তার পরের ওভারে বন্ড হলকে বোল্ড করে দেয়ায় দু শ’ ছোঁয়ার স্বপ্ন পূরণ হয়নি গ্রায়েম স্মিথের দলের।

২৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাকমিলানই কিউইদের সেরা বোলার। তবে ২ উইকেট পেলেও ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়েছেন বন্ড।

দক্ষিণ আফ্রিকা : ৫০ ওভারে ১৯৩/৭ (স্মিথ ১ , ডিভিলিয়ার্স ০, ক্যালিস ২২, গিবস ৬০, প্রিন্স ৩৭, বাউচার ১৬, পোলক অপরাজিত ২১, হল ১৭, পিটারসন অপরাজিত ৮; ফ্র্যাংকলিন ১/১৬, বন্ড ২/২৬, ওরাম ০/২৩, প্যাটেল ০/৩৬, ভেট্টরি ১/৫০, স্টাইরিস ০/১৬, ম্যাকমিলান ৩/২৩) ।

নিউজিল্যান্ড : ৪৮ দশমিক ২ ওভারে ১৯৬/৫ (ফুলটন ১৬, ফ্লেমিং ৫০, টেলর ১০, স্টাইরিস ৫৬, ম্যাকমিলান অপ. ৩৮, ওরাম ১০, ম্যাককালাম অপ. ৪; পোলক ১/৩০, এনটিনি ১/৪২, নেল ২/৩৩, হল ০/৩২, ক্যালিস ০/১৭, পিটারসন ১/৩৯)।

ফল : নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।

ম্যান অফ দি ম্যাচ : ক্রেগ ম্যাকমিলান (নিউজিল্যান্ড)।