২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাপেলের কড়া প্রতিবাদ

বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতায় সেদেশের মিডিয়া তার ওপর একরকম হামলে পড়েছিল। তাই গ্রেগ চ্যাপেলের ভারতীয় মিডিয়াকে ভালো চোখে দেখার কোনো কারণ নেই। কিন্তু এবার তার রোষের শিকার স্বদেশী মিডিয়াও। এমনই যে ভারত আর অস্ট্রেলিয়ান মিডিয়াকে ‘একই গোয়ালের গরু’ মনে করতেও দ্বিধা হচ্ছে না তার,“অস্ট্রেলিয়ান মিডিয়া ভারতীয় মিডিয়ার মতোই খারাপ।”

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 09:35 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

মিডিয়ার প্রতি তার আবারো মেজাজ বিগড়ানোর কারণ, দ্য অস্ট্রেলিয়ান হেরাল্ড সান। ভারতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়ে দেশে ফেরার পর ওই পত্রিকাটি তার জবানীতে একটা ‘গরম খবর’ই পরিবেশন করেছিল। তাতে বলা হয়েছিল, বিশ্বকাপে ভারত বাংলাদেশের কাছে হারার পর প্রাণ-ভয়ে ভীত হয়ে পড়েছিলেন বিখ্যাত চ্যাপেল ভাইদের মেঝ জন। বব উলমার হত্যাকান্ড তাকে নাকি এতটাই প্রভাবিত করেছিল।

গ্রেগ চ্যাপেলের মুখে এমন কথা অবাক করার মতোই। তবে তার চেয়েও বিস্ময়কর হচ্ছে, ছাপার অক্ষরে প্রকাশিত হওয়ার পরে তিনি তা অস্বীকার করেছেন। বলেছেন,“ ইস্যু তৈরীর জন্যই এটা (সংবাদ প্রচার) করা হয়েছে। রিপোর্টে যেভাবে লেখা হয়েছে, আমি সেরকম কিছুই বলিনি।” হেরাল্ড সান আর গ্রেগের এই দ্বিমুখী লড়াইয়ে অবশ্য ‘সর্ষের ভেতরের ভুত’টা এখনো অনাবিষ্কৃত!