২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার সামনে অসহায় আয়ারল্যান্ড

টস হেরে ব্যাটিং করতে নামার আগে আইরিশ অধিনায়ক ট্রেন্ট জনসন বলেছিলেন, “এই সিদ্ধান্তে আমরা খুশিই হয়েছি।” কিন্তু মাঠে নামতে না নামতেই মুছে গেছে তার মুখের হাসি। অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে পড়ে রীতিমতো ছিন্ন ভিন্ন হয়ে গেছে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 09:58 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

৯ নম্বরে নামা জন মুনির ২৩ রানের কল্যাণে এই বিশ্বকাপে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জা থেকে বাঁচলেও ৩০ ওভারে অলআউট হওয়ার আগে তারা তুলতে পেরেছে মাত্র ৯১ রান। জয়ের জন্য প্রয়োজনীয় ৯২ রান তুলতে অস্ট্রেলিয়ার লেগেছে মাত্র ১২ ওভার ২ বল, অ্যাডাম গিলক্রিস্টের (৩৪) উইকেটটি হারিয়ে লাঞ্চের আগেই ম্যাচ শেষ করে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে ওঠা নিয়ে এমনিতেও কোনো সংশয় ছিল না, ৯ উইকেটের এই জয়ের পর অস্ট্রেলিয়ার বিদায়ের কোনো গাণিতিক সম্ভাবনাও আর রইলো না।

গিলক্রিস্টকে বোল্ড করে দিয়ে আইরিশদের পক্ষে একমাত্র সাফল্যটি পেয়েছেন অধিনায়ক জনস্টনই। ব্যাটিং প্র্যাকটিসের সুযোগ পাওয়া মাইক হাসি ৩০ রানে আর অ্যান্ড্রু সাইমন্ডস ১৫ রানে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত।

৭ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন গ্লেন ম্যাকগ্রা, তার নতুন বল সঙ্গী শন টেইট ৩ উইকেট নিতে খরচ করেছেন ৩৯ রান। তবে এর মধ্যে আছে ৯টি ওয়াইড আর একটি নো বলও। বাকি চার উইকেটের তিনটি ভাগ করে নিয়েছেন স্টুয়ার্ট ক্লার্ক, অ্যান্ড্রু সাইমন্ডস ও ব্র্যাড হগ আর একজন হয়েছেন রান আউট।

প্রথম ওভারেই ধ্বংসযজ্ঞের শুরুটা করেছেন ম্যাকগ্রা। ম্যাচের ষষ্ঠ বলে দুর্দান্ত এক ইনসুইঙ্গারে এই ফাস্ট বোলার যখন জেরেমি ব্রের (১) অফস্টাম্প উড়িয়েছেন, তখন আয়ারল্যান্ডের স্কোর সবে ২।

পরের দুই বলেই টেইট আরো দুটি উইকেট ফেলে দিলে স্কোরবোর্ডের চেহারাটা দাঁড়ায় ২/৩। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে উইলিয়াম পোর্টারফিল্ডকে (১) এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন টেইট, পরের বলেই এলোমেলো হয়ে গেছে আয়ারল্যান্ডের সেরা ব্যাটসম্যান নিয়াল ও’ব্রায়েনের স্টাম্প। হ্যাটট্রিক অবশ্য হয়নি টেইটের, পরের বলটা তিনি ওয়াইড করায় রান আর উইকেটের সংখ্যায় সমতা এসেছে।

তবে তাতে আইরিশদের স্বস্তি আসেনি, পরের ওভারেই আবার আঘাত হেনেছেন ম্যাকগ্রা। এবার তার শিকার ইওইন মরগ্যান (০), অফস্টাম্প নিশানার বলে খোঁচা মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন স্লিপে দাঁড়ানো ম্যাথু হেইডেনের হাতে।

১২ রানে চার উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে ২০ রানের জুটি গড়ে ইনিংসটাকে স্থিতি দেওয়ার চেষ্টা করছিলেন কেভিন ও’ব্রায়েন আর আন্দ্রে হোয়াইট, কিন্তু সেটাও বেশিক্ষণ চলতে দেননি ম্যাকগ্রা। নিজের ষষ্ঠ আর ম্যাচের একাদশ ওভারে বুদ্ধিদীপ্ত গতি পরিবর্তনে হোয়াইটকে চমকে দিয়েছেন ‘দ্য পিজিয়ন’, কোনো রকমে সেটা মিড অফের দিকে তুলে দিতে পেরেছেন হোয়াইট (৬)। ব্র্যাড হগের সেটা ধরতে কোনো কষ্টই হয়নি।

টেইটের জায়গায় বল করতে এসে স্টুয়ার্ট ক্লার্কও কম যাননি। নিজের তৃতীয় ওভারেই তার শিকার কেভিন ও’ব্রায়েন (১৬)। লেগস্টাম্প নিশানার বলে তার ফ্লিক সোজা গিয়ে পড়েছে শর্ট মিডউইকেটে দাঁড়ানো ব্র্যাড হজের হাতে।

প্রান্ত বদলে দ্বিতীয় স্পেল করতে এসে পরের উইকেটটি নিয়েছেন টেইট, আইরিশ অধিনায়ক জনস্টন (১৭) কভার ড্রাইভ খেলার চেষ্টায় অফস্টাম্পের বাইরের একটি বলকে টেনে এনেছেন নিজের স্টাম্পে।

তিন ফাস্ট বোলারের এই রুদ্রমূর্তির পর স্পিনাররা আদৌ বল হাতে পাবেন কি না সংশয় জেগেছিল সেটা নিয়েই। তবে যখন পেলেন, অ্যান্ড্রু সাইমন্ডস আর ব্র্যাড হগও সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি। নিজের প্রথম ওভারেই সাইমন্ডস ফিরিয়ে দিয়েছেন কাইল ম্যাককালানকে (৫)। ওভারের প্রথম পাঁচটি বলে কোনো রান না পেয়ে ধৈর্য হারা ম্যাককালান শেষ বলটিতে এক রকম চোখ বুঁজেই ব্যাট চালিয়েছেন, আকাশে ওঠা ক্যাচটি নিতে কোনো অসুবিধাই হয়নি মিড-অনে দাঁড়ানো টেইটের।

ব্র্যাড হগকে অবশ্য একটু অপেক্ষা করতে হয়েছে, তিনি সাফল্য পেয়েছেন নিজের তৃতীয় ওভারের প্রথম বলে। ব্যাকফুটে রক্ষণাত্মক শট খেলতে গিয়ে সিলি পয়েন্টে রিকি পন্টিংয়ের হাতে ক্যাচ দিয়েছেন ডেভিড ল্যাংফোর্ড-স্মিথ (২)।

আর তারপর মিডঅফ থেকে টেইটের দারুণ এক থ্রো শেষ করে দিয়েছে আইরিশদের ইনিংস। রানআউট হয়ে গেছেন জন মুনি (২৩)।

আইরিশদের সান্ত¡না এটুকুই, শ্রীলংকার বিপক্ষে বারমুডার তোলা ৭৮ রানের স্কোরটাকে টপকে যেতে পেরেছে তারা।

আয়ারল্যান্ড : ৩০ ওভারে ৯১/১০ (ব্রে ১, পোর্টারফিল্ড ১, মরগান ০, নিয়াল ও’ব্রায়েন ০, কেভিন ও’ব্রায়েন ১৬, হোয়াইট ৬, জনস্টন ১৭, কাইল ম্যাককালান ৫, জন মুনি ২৩, ল্যাংফোর্ড-স্মিথ ২, র‌্যাংকিন অপ. ৪, অতিরিক্ত ১৬; ম্যাকগ্রা ৩/১৭, টেইট ৩/৩৯, ক্লার্ক ১/১৯, হগ ১/৯, সাইমন্ডস ১/৭)

অস্ট্রেলিয়া : ১২.১ ওভারে ৯২/০ (গিলক্রিস্ট ৩৪. হাসি অপ. ৩০, সাইমন্ডস অপ. ১৫; ল্যাংফোর্ড-স্মিথ ০/২৭, র‌্যাংকিন ০/২৪, জনস্টন ১/১৮, মুনি ০/১৪, ম্যাককালান ০/৫)

ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী।

ম্যান অফ দি ম্যাচ : গ্লেন ম্যাকগ্রা।