২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ব্যাট হাতে জ্বলে উঠতে চাইছেন সাইমন্ডস

বোলিংটা নিয়মিত করেন বটে, তবে ব্যাটিংটাই অ্যান্ড্রু সাইমন্ডসের সবচেয়ে বড় শক্তি, আনন্দের উৎস। এবারের বিশ্বকাপে সেই আনন্দটা অবশ্য সেভাবে পাওয়া হয়ে উঠছে না এই অস্ট্রেলীয় অলরাউন্ডারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 10:00 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

 টপ অর্ডার ব্যাটসম্যানদের এমনই সুসময় চলছে যে তিনি ব্যাট করার সুযোগ পেতে পেতে অস্ট্রেলিয়ার জয়টা হয়ে দাঁড়ায় শুধুই সময়ের ব্যাপার। আর তাই সাইমন্ডস বড় ইনিংস খেলার সুযোগ চাইছেন এখন। তবে অবশ্যই সেটা ম্যাথু হেইডেন, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং বা মাইকেল ক্লার্কদের ব্যর্থতার বিনিময়ে নয়। যদিও সুপার এইটের বাকি ম্যাচগুলো কিংবা সেমিফাইনালে দলের প্রয়োজনে বড় ইনিংস খেলে সাইমন্ডস দেখিয়ে দিতে চান বোলিংয়ের মতো ব্যাটিংটাও ঠিকঠাকই আছে তার।

বিশ্বকাপে খেলা নিয়েই তার সংশয় ছিল। বাইসেপে অস্ত্রোপচারের পর বিশ্বকাপে তার খেলার সামর্থ্য আছে কি না তা নিয়েও সন্দেহ ছিল যথেষ্টই। কিন্তু মাঠে নেমে সেই সন্দেহ উড়িয়ে দেওয়া সাইমন্ডস পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে শেষ তিন ম্যাচে করেছেন ১৮, ১৩ এবং অপরাজিত ২৮। ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি, তবে বোলার হিসাবে দলকে ভালই সাহায্য করছেন তিনি। গত রোববার ইংল্যান্ডের বিপক্ষে মিডিয়াম পেস করেছেন। শেন ওয়াটসনের ইনজুরিতে যা বোনাস হিসেবেই পেয়েছে রিকি পন্টিংয়ের দল। শুক্রবার আয়ারল্যান্ডের সঙ্গে ৭ জন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে নামার চিন্তাও বোধহয় সে কারণেই করতে পারছে বিশ্ব চ্যাম্পিয়নরা। খুব সম্ভবত এই ম্যাচে ৭ নম্বর ব্যাটসম্যান হিসেবে সুযোগ পাচ্ছেন ব্র্যাড হজ। তার তা হলে অস্ট্রেলিয়া চারজন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলবে আইরিশদের বিপক্ষে। সাইমন্ডস এবং ক্লার্কের মধ্যে থেকে যে কোনো একজনকে দিয়ে ১০ ওভার বল করানোর চিন্তা থেকেই এক জন ব্যাটসম্যান বেশি নিয়ে খেলার কথা ভাবতে পারছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে নিজের বোলিং দিয়ে অস্ট্রেলিয়াকে বাড়তি ব্যাটসম্যান খেলানোর সুযোগ এনে দিয়েছেন ঠিকই, কিন্তু নিজের আসল আনন্দের জায়গা অর্থাৎ ব্যাট হাতে জ্বলে ওঠার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সাইমন্ডস,“ব্যাটিং করার সুযোগ হচ্ছে না আমার। আমার অবদান ছাড়াই দল ভালমতো জিতে চলেছে । কিন্তু সুপার এইটের গুরুত্বপূর্ন ম্যাচগুলোতে কিংবা সেমিফাইনালে ভাল ব্যাট করার জন্য মুখিয়ে আছি আমি। সেই সঙ্গে দেখতে চাচ্ছি আমার অবস্থাটা কী। তবে এ পর্যন্ত বল আমি ঠিকঠাকমতোই দেখেছি। অর্থাৎ পরের সপ্তাহগুলোতে প্রয়োজনে বড় ইনিংস খেলার আত্মবিশ্বাসটা পেয়ে গেছি আমি।”