হাবিবুল মনে করেন উইকেটের জন্যই ব্যাটিং ব্যর্থতা
খানিকটা যেন উত্তেজিত হয়েই গেলেন হাবিবুল বাশার। মা যেমন সন্তানদের আলাদা করতে চান না, তাদের আলাদা করার চেষ্টা দেখলেই ক্ষেপে যান, তেমনি বাংলাদেশ অধিনায়ক তার ব্যাটিং আর বোলিংয়ের দিকে আলাদা চোখ দিতে চান না। মাতৃস্নেহ দিয়েই পুরো দলকে তিনি আগলে রাখতে চান। আর তাই ব্যাটিং খারাপ হয়েছে বলে তাদের ভর্ৎসনা করার কোনো ইচ্ছা তার নেই। বোলারদের বাড়তি প্রশংসা করতেও রাজি নন তিনি, পাছে ব্যাটসম্যানরা অবমুল্যায়নের কষ্ট পান। মাতৃস্নেহই তো!
কিন্তু অধিনায়কের যতই মাতৃস্নেহময় সমান চোখ থাক, নিরপেক্ষ মানুষের সেই দায় নেই। আর সেই অবস্থান থেকে ইংল্যান্ড ম্যাচটাকে অতসী কাঁচের নীচে ফেললে দেখা যাচ্ছে ব্যাটসম্যানরা আমুল ব্যর্থ। সেই ব্যর্থতাটাকে বোলাররা ঢেকেই দেননি শুধু, ওটাকে পায়ে মাড়িযে তারা আরেকটা সাফল্যসৌধ তৈরিই করে ফেলেছিলেন প্রায়। ১৪৩ রান নিয়ে যে কোনো পর্যায়ের ক্রিকেটে জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলা বিরল একটা ব্যাপার। আর সেটা কিনা আন্তর্জাতিক স্তরে ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে। এবং বিশ্বকাপের মতো বড় মঞ্চে। বোলারদের কৃতিত্ব দিতেই হবে।
একটা সময় ওয়েস্ট ইন্ডিজের উইকেট ছিল দুনিয়ার সব ব্যাটসম্যানদের জন্য বধ্যভুমি। এখানে খেলতে হবে বলে বিখ্যাত ব্যাটসম্যানদের পালিয়ে বেড়ানোর কুখ্যাত সব কাহিনী কিংবদন্তী হয়ে আছে। যেমন বার্বাডোজের কেনসিংটন ওভালের এই উইকেটের গতি আর বাউন্স নিয়েও আছে নানা গল্প-গাঁথা। কিন্তু সময়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের মান গেছে, আর উইকেটের প্রাণও গেছে। আর কেনসিংটন ওভালের উইকেটটা তো রীতিমতো রহস্যের যাদুঘর। বিশ্বকাপ উপলক্ষে ওয়েস্ট ইন্ডিজে অনেকগুলো নতুন স্টেডিয়াম তৈরি হয়েছে, নতুন অবকাঠামো, বার্বাডোজে ঠিক সেটার প্রয়োজন হয়নি। শুধু কেনসিংটন ওভালকে নতুন করে সাজানো হয়েছে। আর বসানো হয়েছে একেবারে নতুন উইকেট।
সেই উইকেটটার চরিত্র কেমন তা নিয়ে ন্যুনতম ধারণা ছিল না কারোই। না বাংলাদেশের, না ইংল্যান্ডের। খেলার পর মনে হচ্ছে এটা সত্যিই ভীতিকর উইকেট। হাবিবুল বাশারের ব্যখ্যায়,“সকালের উইকেটে বাউন্স ছিল অনেক বেশি। তাছাড়া বল মুভও করেছে। এখানে শুরুতে ব্যাট করতে যাওয়া ভীষণ সমস্যার। আবার পরে বিকালের দিকে বল স্লো হয়েছে। ফলে সবমিলিয়ে এই ব্যাটিংয়ের জন্য আমি ব্যাটসম্যানদের দোষ দিতে চাই না।” এবং ম্যাচ শেষে আলাদা করে হাবিবুল যখন কথা বলেছেন ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে, তখন তিনিও নাকি তার সঙ্গে একমত হয়ে বলেছেন,“সত্যিই আজ যা হলো তাতে খেলোয়াড়দের ব্যর্থতার চেয়েও উইকেটের দোষটাই বেশি।”
সকালের দিকে দুনিয়ার সব উইকেটেই একটু ঝামেলা থাকে। এখানে ছিল বাড়তি বাউন্স, সঙ্গে ইংল্যান্ডের বোলারদের উচ্চতা এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের খর্বাকৃতি মিলিয়ে খেলাটা কখনো কখনো ভীষণ কঠিণ হয়ে গিয়েছিল। ইংলিশ বোলাররাও ভালো বল করেছেন। কাজেই উইকেটের দায় আছে, কিন্তু তা হলেও ১৪৩ রান শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতাই।
সবচেয়ে বেশি সময় উইকেটে থাকা সাকিব আল হাসান যেমন বলছেন,“না। আমার কাছে উইকেটকে এমন কঠিণ কিছু মনে হয়নি। একটু মনসংযোগ দেখালেই খেলা সম্ভব ছিল। সম্ভব ছিল আরও বেশি রান করা।” সেটা বাংলাদেশ পারেনি। এই উইকেটের দাবি অনুযায়ী বাড়তি মনসংযোগ দেখায়নি, দেখিয়ে যদি আরও ৩০-৪০টা রান বেশি করা যেতো, তাহলেই হয়তো...।
আর সেখানেই আসছেন বোলাররা। এই ম্যাচই শুধু নয়, পুরো বিশ্বকাপেই বাংলাদেশের তিন স্পিনার যা বল করেছেন, তাতে তারা তিনজন এখন বাংলাদেশ দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন। কিন্তু দুই নতুন বলের বোলার মাশরাফি আর রাসেলকে ভুলে যাওয়াটা ভুল হবে। হাবিবুল যেমন বলছিলেন,“ইংল্যান্ডের ইনিংস শুরুর সময় আমরা ঠিক করেছিলাম মাঠে আমরা লড়াই করব। আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা যেন আক্রমনাত্মক থাকে।” সেটার জন্য দরকার ছিল শুরুতে উইকেট পাওয়া। রাসেল সেই উইকেটটা এনে দিয়ে লাঞ্চের আগেই জানিয়ে দেন, বাংলাদেশ লড়াই করবে।
তারপর তিন স্পিনারের কীর্তি। তাতে কোনো সময় কি জয়ের কথা ভাবেনি বাংলাদেশ? “সত্যি বললে ১৪৩ নিয়ে জয়ের কথা ভাবাটা খুব কঠিন। একটা জুটি দাঁড়িয়ে গেলেই মুশকিল। কিন্তু রফিক যখন এক ওভারে দুটো উইকেট নিয়ে নিলো তখন মনে হলো, হতেই পারে। মনে হচ্ছিল, নিক্সনকে আউট করলেই হবে। কারণ, এরপর ওদের যেসব ব্যাটসম্যান আসতো তারা আসলে ঠিক সেরকম মানের নয়। কিন্তু আবার বলি, আশা জাগলেও আমরা জানতাম এই রান নিয়ে জেতা খুব কঠিন।”
সত্যিই এই রান নিয়ে জেতা যায় না। এবং এই রান নিয়ে আসলে মানহানিকর হারই হওয়ার কথা। কিন্তু হলো না যে তার কৃতিত্ব অবশ্যই বোলারদের।
মাতৃস্নেহের মতো অধিনায়কসুলভ ছায়ায় হাবিবুল বা বাংলাদেশ দল কাউকে আলাদা করতে চায় না। কিন্তু আলাদা না করাও যে এক ধরনের অন্যায়। বোলারদের যথাযোগ্য এবং প্রাপ্য মর্যাদাটা দেয়া হয় না।
