ইস! যদি আরও কিছু রান হতো!
এডি আর বিডির মতো এই ম্যাচকে দুই ভাগে ভাগ করে ফেলতে হবে। নইলে আসলে ম্যাচের চিত্রও মিলবে না। বাংলাদেশের ঠিক-ঠাক মুল্যায়নও হবে না।
প্রথম ভাগে ছিলেন ব্যাটসম্যানরা, যারা আগের ম্যাচে তোলা তৃপ্তির ঢেকুর শেষ করতে না পারার কারণেই কিনা একেবারে যা-তা রকমের ব্যর্থ।
দ্বিতীয় ভাগে বাংলাদেশের বোলাররা। যারা তৃপ্তির ঢেকুরের বদলে শরীরের রক্ত পানি করেছেন। ঘাম ঝরিয়েছেন। তাই ব্যাটিং অপকীর্তির পরও এই ম্যাচটা বাংলাদেশের কীর্তি হয়েই থাকছে। আর সবচেয়ে বেশি থাকছে আফসোস হয়ে। ইস, যদি আরও কিছু রান হতো!
ক্রিকেট ঐতিহাসিক বরিয়া মজুমদার বারবার আফসোস করছিলেন, “দুশো কুড়িটা রান হলেই...।” কৌশিক রামকৃষ্ণানের মতো ভারতীয় সাংবাদিকদের মতে,“ আর যদি ৪০-৫০টা রান হতো...।” কিন্তু অতোটা বোধহয় লাগত না। আর সামান্য কিছু হলেই। অল্প কিছু। ম্যাচ শেষে ভেবে দেখছি কতো সুযোগ ছিল। কতোভাবে রানটা বাড়তে পারত। জঘন্য ব্যাট করার পরও সম্ভব ছিল। কেউ একজন দাঁড়ালেই....। আর একটা জুটি হলেই...। ক্রিকেটে অংকের আফসোসটা চিরন্তন, হাবিবুল বাশারই এক সংবাদ সম্মেলনে বলছিলেন, “হেরে গেলে সবসময়ই মনে হয় আর কিছু রান করতে পারলে...।” কিন্তু ইংল্যান্ড যা খেলছে এবং কাল যা খেললো তাতে এটা একটু গতানুগতিক আফসোস নয়। আরেকটু হলেই হয়ে যেতো বোধহয়!
আফসোসের সঙ্গে সঙ্গে কিছু শিক্ষাও থাকছে। প্রথম শিক্ষা, বাংলাদেশের ব্যাটসম্যানরা পরপর দুই ম্যাচে বড় দুটো দলের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর দেয়ার জায়গায় এখনও যায়নি। আর দ্বিতীয় শিক্ষা হলো, বোলাররা জানাল এখন ছোট পুঁজি নিয়ে লড়াইটাও শিখে গেছে তারা। ব্যাটসম্যানরা এক ম্যাচের পর সুখনিদ্রায় যেতে পারে, কিন্তু তারা অকারণ বিলাসী নন। ১৪৩ রানের পুঁজি নিয়ে কেনসিংটন ওভালকে পুরো দুপুর আর বিকাল যেমন রুদ্ধশ্বাস করে রাখল তাতে বাংলাদেশের ক্রিকেট আবার ক্যারিবিয়ান আকাশের তারা। এবারের তারার রংটা একটু অন্য। আগে জানা গিয়েছিল বাংলাদেশ লড়ার রান করে কিংবা কম রানে বিপক্ষকে আউট করলে তবেই পারে। এখন জানা গেল যেকোনো স্কোরে বাংলাদেশকে আউট করলেই চলছে না। বাংলাদেশ নামের দলটির তুণে এত তীর যে, যেকোনো সময় যেকোনোটা দিয়ে মারতে পারে। সত্যি বললে ম্যাচের দ্বিতীয় অংশের বাংলাদেশের মধ্যে যে তেজ দেখলাম সেটা দক্ষিণ আফ্রিকা-ভারতের ম্যাচের চেয়েও কখনো কখনো বেশি উজ্জ্বল। আর প্রতিটা ঔজ্জ্বল্যের সঙ্গে সঙ্গেই একটা খোঁচাও। ইস, যদি আরও কিছু রান হতো। সামান্য কিছু।
লাঞ্চের আগে দ্বিতীয় ইনিংস শুরু হলে যে সময়টুকু খেলা হয় ক্রিকেটে সেটাকে খুব ঝুকিপুর্ন সময় বলে ধরা হয়। একটা দুটো উইকেট গেলেই একটা চাপ তৈরি হয়, সেই চাপে ব্যাটিং রথ পথ হারায়। এখানেও গেল, কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়াই হলো না, রানটা যে মাত্র ১৪৩। এই রান মান বাঁচানোর রানই নয়, আবার স্বপ্ন দেখা। এবং তখন মুশফিকুর রহিম যে একটা ক্যাচ ফেললেন সেটাও ম্যাচের সামগ্রিক পরিক্রমায় খুব গুরুত্বপূর্ণ হবে বলে মনে হয়নি। ১৪৩ রান, ৭-৮ উইকেটে হারার কথা, সেখানে একটা-দুটো ক্যাচ ছাড়লেই কী! এডি আর বিডির মতো এই ম্যাচকে আসলে দুই ভাগ করে ফেলা উচিত। বাংলাদেশের ইনিংস এবং ইংল্যান্ডের ইনিংস।
বাংলাদেশের ইনিংসের সময়টা লজ্জার, ইংল্যান্ডের ইনিংস লজ্জা ঢেকে মাথায় আরেকটু হলে মুকুট পরিয়ে দিচ্ছিল। লাঞ্চের পর গ্যালারির একটা অংশকে অনেকটাই ফাঁকা দেখছি, ম্যাচ শেষ ধরে ওরা চলে গিয়েছিল, এখন নিজেদের সঙ্গে সঙ্গে ওদের জন্যও আফসোস হচ্ছে। ওরা কী করে জানবে! আমরাই তো জানতাম না যে শেষ বিকালে আমরা আফসোস করবো, “ইস। যদি আরও কিছু রান হতো!”
বিশ্বকাপের বাংলাদেশ দল ক্রিকেট ঐতিহাসিকদের একটা কাজ বাড়িয়ে দিয়েছে। ওদের খুঁজে দেখতে হচ্ছে এর আগে ওয়ানডেতে কোন দল কবে তিন বাঁ-হাতি স্পিনার নিয়ে খেলেছে। আন্তর্জাতিক স্তরে প্রশ্ন নেই, পাড়া-মহল্লার ক্রিকেটে যদি পাওয়া যায়! এমনই অভুতপূর্ব বিষয় যে বিশ্বকাপের বাংলাদেশের ওটাই পোশাকী পরিচয়। তিন স্পিনারের আগে অবশ্য দুজন পেসার আছেন। আর তারাও যে কম কিছু নয় তার প্রমাণের জন্য শুধু বিশ্বকাপ ম্যাচগুলো রিওয়াইন্ড করলেই হয়। মাশরাফি ভারতের সঙ্গে জিতিয়েছেন। রাসেল দক্ষিণ আফ্রিকার সঙ্গে ব্রেক থ্রু দিয়েই না পথ দেখালেন। কালও রাসেলের সৌজন্যে শুরুর ধাক্কাটা হলো। এরপর রাজ্জাক। পাওয়ার প্লের চ্যালেঞ্জের মুখেও অবিচল থেকে অবিশ্বাস্য মিতব্যয়ী থাকা রাজ্জাক দুই উইকেট নিয়ে জানালেন, ম্যাচটাতে হারেও গৌরব থাকবে। তারপর তো আর রফিক বসে থাকতে পারেন না। এক ওভারে চার বলের মধ্যে দুই উইকেট, ৩২ তম ওভারে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১১০। পিটারসেন, ফ্লিনটফ, ভন কেউ নেই। তখনও ৩৫ রান চাই, বাংলাদেশ পুরোপুরি আশার বৃত্তে, কিন্তু সেখান থেকে একটা রান হয় আর বারবার অনুচ্চারে কে যেন বলে দেয় ১৪৩ রান করে ম্যাচ জেতা হয় না! কাজেই হলো না। আসলে হওয়ার নয়। আর তখনই ফ্লাশ ব্যাকে বাংলাদেশের ইনিংসটা ভেসে আসে। মনে হয়, কতো সুযোগ ছিল। আর কিছু মাত্র রান হলেই...
কেনসিংটন ওভালে প্রেসবক্সটা কাঁচ-ঘেরা ঘর নয়। খোলা জায়গা। মাঠের হাওয়া, দর্শকদের উত্তেজনাটা তাই গায়ে লাগে ভালোমতোই। আর বার্বাডোজ বিশ্বকাপে দর্শকদের মাঠে ফেরাতে ঢোল-বাজনার বিষয়েও কিছু শিথিল হয়েছে। সারাদিন তাই ইংলিশ সমর্থকদের আকাশছোঁয়া চিৎকার, উদ্দাম গান-বাজনা। কিন্তু শেষ বিকালে যেন ওসব আনন্দ সংগীতকে ভেদ করে গেলো নেপথ্যের ঐ আফসোস ধ্বনিটাই।
ইস। যদি আরও কিছু রান হতো। আর সামান্য...
