নিউজিল্যান্ডের মুখোমুখি মালিঙ্গা-বিহীন শ্রীলংকা
আন্তর্জাতিক ক্রিকেটে টানা চার বলে উইকেট নেয়ার বিশ্ব রেকর্ড, ১৫ টি উইকেট নিয়ে গ্লেন ম্যাকগ্রার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক-এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত পেসার নিঃসন্দেহে লাসিথ মালিঙ্গা। অথচ সেই মালিঙ্গাকেই বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কা পাচ্ছে না! বাঁ গোড়ালির পেশি ছিঁড়ে যাওয়ায় পুরোপুরি সেরে উঠতে ৭ থেকে ১৪ দিন পর্যন্তলাগতে পারে এই ফাস্ট বোলারের। আর সে কারণে আগামী সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও তার মাঠে নামা অনেকখানি অনিশ্চিত।
মঙ্গলবার শ্রীলঙ্কা দলের অনুশীলনের সময় মাঠের বাইরে বসে থাকা মালিঙ্গার জায়গায় ফারভিজ মাহরুফ বা নুয়ান কুলাসেকারা খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অন্যতম স্ট্রাইক বোলারের অনুপস্থিতি সত্ত্বেও মাহেলা জয়াবর্ধনে একটুও আতঙ্কিত নন। শ্রীলঙ্কার অধিনায়ক বরং ‘দুর্ঘটনা’টাকে অন্যদের জন্য সুযোগ হিসাবেই দেখছেন,“দলে আসার মতো বেশ কয়েক জন অভিজ্ঞ খেলোয়াড় আছে আমাদের। আমরা আত্মবিশ্বাসী, দলের হয়ে তারা ভালোই খেলবে।”
সুপার এইটের প্রথম তিন ম্যাচ জিতে (বিশ্বকাপে সব মিলিয়ে টানা ছয় ম্যাচ) সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্য ভালো না খেলে শ্রীলঙ্কানদের উপায়ও নেই। ৮ পয়েন্ট নিয়ে কিউইরাই এখন সুপার এইটের পয়েন্ট তালিকার শীর্ষে। অস্ট্রেলিয়ার সংগ্রহও ৮ পয়েন্ট, তবে নেট রান রেটে নিউজিল্যান্ডই এগিয়ে। ৬ পয়েন্ট নিয়ে এই দুই দলের ঠিক পরেই শ্রীলঙ্কা। এই ম্যাচে জিতলে ’৯৬এর বিশ্ব চ্যাম্পিয়নদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে অনেকটাই। কারণ, তাদের বাকি দুই ম্যাচের একটি অস্ট্রেলিয়ার বিপক্ষে হলেও অন্যটার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এবং এই মুহূর্তে নিউজিল্যান্ড যতই ভালো খেলুক না কেন, জয়াবর্ধনের ধারণা এই বিশ্বকাপে স্টিভেন ফ্লেমিংয়ের দল এখনো বড় কোনো পরীক্ষার সামনে পড়েনি,“ওরা সত্যিই খুব ভালো খেলছে। তবে এখনো অন্যতম সেরা দলগুলোর সঙ্গে ওরা খেলেনি।”
তাছাড়া গত ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে ২-২ এ ওয়ানডে সিরিজ ড্র করাটাকেও বাড়তি অনুপ্রেরণা মনে করছেন জয়াবর্ধনে,“ওদের দলে কয়েক জন ভালো অলরাউন্ডার আছে। ব্যাটিং লাইনআপও অনেক গভীর। তবে গত ১২ মাসে ওদের সঙ্গে অনেকগুলো ম্যাচ খেলেছি বলে আমরা নিউজিল্যান্ডের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ভালোই জানি।”
পরিসংখ্যানের হিসাবে নিউজিল্যান্ড অবশ্য শ্রীলঙ্কার চেয়ে বেশ কিছুটা এগিয়ে। বৃহস্পতিবারের আগে পর্যন্ত ৬৬টি ম্যাচে কিউইরা জিতেছে ৩৪ বার, আর শ্রীলঙ্কানরা ২৮ বার। একটি ম্যাচ টাই হয়েছে এবং বাকি তিনটিতে কোনো ফল আসেনি। বিশ্বকাপেও নিউজিল্যান্ড এগিয়ে। ৫টি লড়াইয়ের মধ্যে তারা জিতেছে ৩ ম্যাচে, বাকি দুই ম্যাচে শ্রীলঙ্কা বিজয়ী। বিশ্বকাপে দু দলের সর্বশেষ ম্যাচে অবশ্য শ্রীলঙ্কাই জিতেছিল। ২০০৩-এ ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত সেই ম্যাচে জয়াসুরিয়ার ১২০ রানের অসাধারণ এক ইনিংসের সৌজন্যে তারা ৪৭ রানে হারিয়েছিল কিউইদের।
Cricinfo-এর সহায়তায়
