কঠোর অবস্থান থেকে সরে আসছে ভারতীয় বোর্ড
বিশ্বকাপে ভরাডুবির পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিয়েছিল কঠিন এক সিদ্ধান্ত-জাতীয় দলের ক্রিকেটাররা সর্বোচ্চ তিনটি বিজ্ঞাপনে অংশ নিতে পারবেন। আর প্রতিটি বিজ্ঞাপন হতে হবে ক্রীড়া সামগ্রী সম্পর্কিত।
কিন্তু বিষয়টি নিয়ে নানা আলোচনা ও যুক্তিতর্কের পর বিসিসিআই বিজ্ঞাপন চুক্তির বিষয়টি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে একটি সীমা ঠিকই বেঁধে দেবে তারা।
বিসিসিআইয়ের কার্যকরী কমিটির আরেকটি বৈঠকের পর বোর্ডের সহ সভাপতি রাজিব শুক্লা বলেছেন, ‘‘একটি সীমা বেঁধে দেওয়া থাকবেই, কিন্তু কতটা পর্যন্ত তা ঠিক করা হবে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে।’’ তার মানে, বিজ্ঞাপন চুক্তির বিষয়টি নিয়ে খেলোয়াড়দের সঙ্গে বসতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। শুক্লা জানিয়েছেন, বিজ্ঞাপন চিত্রের ব্যাস্ততা যে খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলে, এমন মতামত তারা জেনেছেন সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠকেও।
এদিকে, বাংলাদেশ সফরের জন্য ভারতের কোচ ও ম্যানেজার হিসেবে নিয়োগ পাওয়া রবি শাস্ত্রি দাঁড়িয়েছেন অধিনায়ক রাহুল দ্রাবিড়ের পাশে। শাস্ত্রির ভাষায়, ‘‘বাংলাদেশ সফরের জন্য আমি ক্রিকেট ম্যানেজার হতে পারি, তবে দলের আসল ‘বস’ রাহুল দ্রাবিড়। এটাই হওয়া উচিত। আমি সবসময় বিশ্বাস করি, ক্রিকেটে অধিনায়কই দলের ‘বস’।’’
