২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই করেই হারলো বাংলাদেশ

মন্টি পানেসার যদি পারেন, রাজ্জাক-রফিকরাই বা কেন পারবেন না? মাত্র ১৪৩ রানের পুঁজি নিয়েই বাংলাদেশের এই দুই বাঁহাতি স্পিনার দারুণ জমিয়ে তুলেছেন ম্যাচ। নতুন বল হাতে সৈয়দ রাসেল দুটি উইকেট ফেলে দেওয়ার পর তারা দুজনে মিলে বাংলাদেশকে এনে দিয়েছেন আরো চারটি সাফল্য। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি, কেবল আফসোসটাই বেড়েছে। ইস, যদি আর কিছু রান হতো! ৫ ওভার ১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে ইংল্যান্ড, চার উইকেটের জয় পেয়ে বাঁচিয়ে রেখেছে সেমিফাইনালের স্বপ্ন। বাংলাদেশের সান্ত¡না বলতে এটুকুই, ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে কম ব্যবধানে হারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 01:45 AM

Updated : 26 Apr 2022, 02:13 PM

২১তম ওভারে ভনকে (৩০) ফিরিয়ে দিয়ে ঘুরে দাঁড়ানোর শুরুটা করেছেন রাজ্জাক। সুইপ করতে গিয়ে আকাশে তুলে দিয়ে ফাইন লেগে বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশারের হাতে ধরা পড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। পরের ওভারেই কেভিন পিটারসেনও (৭) তার শিকার হয়েছেন, মিডউইকেটে বদলি ফিল্ডার ফরহাদ রেজার দারুণ এক ক্যাচ প্যাভিলিয়নের পথ দেখিয়েছে আগের ম্যাচের সেঞ্চুরিয়ানকে।

তখন পর্যন্ত ম্যাচটা ইংল্যান্ডের হাতের মুঠোতেই ছিল। কিন্তু পঞ্চম উইকেটে ৩১ রানের জুটির পর একই ওভারে রফিক দুটি উইকেট নিলে জমে ওঠে লড়াই। প্রথমে অ্যান্ড্রু ফ্লিন্টফকে (২৩) আর্মারে বোল্ড করেছেন রফিক, তারপর রবি বোপারা (০) হয়েছেন প্লেড অন। এর আগের বলেই অবশ্য আউট হতে পারতেন বোপারা, তবে রফিকের এলবিডব্লুর আবেদনে সাড়া দেননি আম্পায়ার স্টিভ বাকনর। জয়ের জন্য ইংল্যান্ডের তখনো চাই ৩৪ রান। সে পথটুকু পাড়ি দিয়েছেন পল কলিংউড (অপ. ২৩) আর পল নিক্সন (অপ. ২০), তবে সে জন্য দারুণ লড়াই করতে হয়েছে তাদের। ৪১ থেকে ৪৩, এই তিন ওভারে কোনো রানই দেননি বাংলাদেশের বোলাররা!

এর আগে চতুর্থ ওভারেই বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন রাসেল, পয়েন্টে আফতাবের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন ইয়ান বেল (০)। পরের ওভারেই আরেকটি উইকেট পেতে পারতেন এই বাঁহাতি পেসার, কিন্তু মাইকেল ভনের দেওয়া সহজ ক্যাচটি রাখতে পারেননি উইকেট কিপার মুশফিকুর রহিম।

দ্বিতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়ার পর অ্যান্ড্রু স্ট্রাউসকে (২৩) এলবিডব্লুর ফাঁদে ফেলে সেই রাসেলই দ্বিতীয় সাফল্যটি এনে দিয়েছেন বাংলাদেশকে।

তারপরই মঞ্চে এসেছেন আব্দুর রাজ্জাক-রফিকরা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩৭ ওভার ২ বলে ১৪৩ রানেই শেষ হয়ে গেছে ‘টাইগার’দের ইনিংস। সেটাও সম্ভব হয়েছে সপ্তম উইকেটে সাকিব আল হাসান আর মাশরাফি বিন মর্তুজার ৪৬ রানের জুটির কল্যাণে।

৪৩ বলে ১৩ রান, ওয়ানডে ক্রিকেটের সঙ্গে ঠিক যায় না। তারচেয়ে বেশি করে যায় না মাশরাফির খেলার ধরনের সঙ্গে। কিন্তু স্বভাববিরুদ্ধ এই ইনিংসটা দিয়েই বাংলাদেশের ইনিংসকে একটা ভদ্রস্থ জায়গায় নিয়ে গেছেন মাশরাফি। তবে ব্যাটিংটাই যাদের কাজ, সেই আফতাব, আশরাফুল, মুশফিক, হাবিবুলরা পারেননি মাশরাফির মতো পেশাদারিত্ব কিংবা ধৈর্য দেখাতে।

কৃতিত্বটা অবশ্য মাশরাফির চেয়েও বেশি করে পাওনা সাকিবের। টপঅর্ডারের ব্যাটসম্যানদের মধ্যে তার ধারাবাহিকতা সব সময়ই ব্যতিক্রমী, বুধবারও সেটা আরেকবার দেখালেন এই তরুণ। পাঁচ নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত রইলেন ৫৭ রান করে। এই বিশ্বকাপে দ্বিতীয় আর ক্যারিয়ারে চতুর্থ এই হাফসেঞ্চুরি দিয়েই তিনি জানিয়ে দিয়েছেন, উইকেট এমন কিছু খারাপ ছিল না।

৬৬ রানে ৬ উইকেট হারানোর পর ওই জুটিটা গড়েছেন মাশরাফি আর সাকিব। তার আগে-পরে বাংলাদেশের ইনিংস সেই আসা যাওয়ার মিছিল। ৬৬ রানে প্রথম ৬ আর ৩১ রানে শেষ চার উইকেট হারিয়েছে বাংলাদেশ।

মাশরাফিকে বোল্ড করে দ্বিতীয় দফায় মড়কের সূচনা করেছেন বাঁহাতি স্পিনার মন্টি পানেসার। পরের ওভারেই তার বলে লং অনে ক্যাচ দিয়েছেন মোহাম্মদ রফিক (০), রাজ্জাককে (১৫) কলিংউডের ক্যাচ বানিয়ে নবম উইকেটে ২৪ রানের আশা জাগানো জুটিটাও ভেঙ্গেছেন তিনিই। এরপর তৃতীয় স্পেলে ফিরেই রাসেলকে উইকেটের পিছনে ক্যাচ দিতে বাধ্য করে বাংলাদেশের ইনিংসটা মুড়ে দিয়েছেন প্রথম স্পেলে দু উইকেট পাওয়া সাজিদ মাহমুদ।

শেষ চার উইকেটের তিনটাই নিয়েছেন পানেসার, আর তা দেখে বাংলাদেশি সমর্থকদের আফসোসটা বেড়েছে আরো। ইস!, তার বলই যদি এমন কার্যকর হয় তাহলে রাজ্জাক, রফিক, সাকিবরা যে কেমন করতেন। ১৪৩ রানের পুঁজি নিয়ে কিইবা করবেন তারা!

মাশরাফি যেটা পেরেছেন, আফতাব কিন্তু পারেননি তা। ৪৭ রানে ৫ উইকেট হারানোর পর মাঠে নেমে সময়ের দাবি ছিল ইনিংস মেরামতির। কিন্তু আফতাব খেললেন আফতাবের মতোই। ৫ বলের ইনিংসে একটি বাউন্ডারিসহ ১০ রান। কিন্তু জেমস অ্যান্ডারসনের বলে আশরাফুলের মতোই উইকেটের পিছনে সহজ একটা ক্যাচ দিয়ে ফিরে গেছেন তিনিও।

এর আগেই অবশ্য বাংলাদেশের ইনিংসটা পরিণত হয়েছে আসা যাওয়ার মিছিলে। তামিমকে দিয়েই শুরু। জেমস অ্যান্ডারসনের করা প্রথম ওভারেই দুটি বাউন্ডারি মেরে দারুণ একটা শুরুরই ইঙ্গিত দিয়েছিলেন। তবে পরের ওভারেই তিনি আউট। সাজিদ মাহমুদের দুর্দান্ত গতির একটা বল থেকে ব্যাট সরিয়ে নেওয়ার চেষ্টা করেও পারেননি, গালি থেকে দৌড়ে এসে চমৎকার একটা ক্যাচ নিয়েছেন পল কলিংউড।

ষষ্ঠ ওভারে সাজিদ মাহমুদের বলে শর্ট মিডউইকেটে ক্যাচ তুলে দিয়েছিলেন নাফীস। সহজ ক্যাচ, কিন্তু ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন রাখতে পারলেন না সেটা। হাবিবুল এতটাই নিশ্চিত ছিলেন ক্যাচটা হচ্ছেই যে দুলকি চালে হাঁটতে হাঁটতে প্রান্ত বদল করছিলেন। বলটা কুড়িয়ে ভন যখন থ্রো করলেন, তখন বুঝতে পেরে ছুটেছেন হাবিবুল, তবে ততক্ষণে দেরি হয়ে গেছে। বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়কের দুর্দিন আরো দীর্ঘায়িত করে এবার তিনি রান আউটের শিকার ৪ রানেই। জীবন পেয়ে নাফীসও অবশ্য বেশিদূর যেতে পারেননি। পরের ওভারেই আরেকটি কমেডি অফ এরর হতে হতেও না হওয়ায় ফিরে যেতে হয়েছে তাকে। তার ব্যাটের কিনারা ছুঁয়ে আসা বলটি উইকেট কিপার পল নিক্সনের গ্লাভসে লেগে উঠে গেলে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো অ্যান্ড্রু স্ট্রাউস ধরে ফেলেছেন। দলে ফেরাটা তাই সুখের হয়নি বাংলাদেশ সহঅধিনায়কেরও। তিনি করেছেন ৯ রান।

আগের ম্যাচেই ম্যাচ জেতানো একটা ইনিংস খেলেছিলেন। তারপর কোথায় ব্যাটিং অর্ডারে একটা প্রমোশন পাবেন, তা নয় উল্টো আশরাফুলের হয়েছে ডিমোশন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচে খেলেছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিমকে চারে নামানোয় তাকে নামতে হলো ছয়ে। আর মুশফিকও (৭) যেন প্রমাণ করার মিশনে নেমেছেন, প্রথম ম্যাচে পাওয়া তার হাফসেঞ্চুরিটা ছিল ফ্লুক, অ্যান্ড্রু ফ্লিন্টফকে প্রথম বলেই মিড উইকেট দিয়ে বাউন্ডারি মেরে ভালো কিছুর ইঙ্গিত দিলেও তিন বল পরেই দুর্বল ফুটওয়ার্কে ডিফেন্স করতে গিয়ে তিনি বোল্ড। ৪০ রানে চার উইকেট হারানোর পর তাই সংগ্রামে নামতে হয়েছে আশরাফুলকে। আর সেই সংগ্রাম শুরু হওয়ার আগেই শেষ করে দিয়েছেন জেমস অ্যান্ডারসন। উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আশরাফুলের (১) বিদায়ে বাংলাদেশ আকাশ থেকে এক ধাক্কায় মাটিতে। হাফ সেঞ্চুরি হওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে যেন ফিরিয়ে এনেছে সেই পুরনো দিনের স্মৃতি।

বাংলাদেশ : ৩৭ দশমিক ২ ওভারে ১৪৩/১০ (তামিম ৮, নাফীস ৯, হাবিবুল ৪, মুশফিক ৭, সাকিব অপরাজিত ৫৭, আশরাফুল ১, আফতাব ১০, মাশরাফি ১৩, রফিক ০, রাজ্জাক ১৫, রাসেল ৪, অতিরিক্ত ১৫, অ্যান্ডারসন ২/৩০, মাহমুদ ৩/২৭, ফ্লিনটফ ১/৩৮, পানেসার ৩/২৫)

ইংল্যান্ড : ৪৪ দশমিক ৫ ওভারে ১৪৭/৬ (বেল ০, ভন ৩০, স্ট্রাউস ২৩, পিটারসেন ১০, কলিংউড অপরাজিত ২৩ , ফ্লিনটফ ২৩, বোপারা ০, নিক্সন অপরাজিত ২০, অতিরিক্ত ১৮, মাশরাফি ০/২৮, রাসেল ২/২৫, রাজ্জাক ২/৩০, রফিক ২/৩৩, সাকিব ০/১৯)।