২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবি ডি ভিলিয়ার্স : বিশ্বকাপের বিস্ময়

এবি ডি ভিলিয়ার্স প্রসঙ্গে ফিরে এলেন বিশ্বকাপ চলাকালে ওয়েস্ট ইন্ডিজে খুন হওয়া বব উলমার। দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ বিশ্বকাপের আগেই বলে দিয়েছিলেন, এবারের আসরের সবচেয়ে বড় চমক হতে পারেন ডি ভিলিয়ার্স। আগের ম্যাচগুলো দেখে অনেকে কথাটা মানেননি। কিন্তু মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ওপেনার যা করলেন, তা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেছেন তারাও। ঠিকই বলেছিলেন অকাল প্রয়াত বব উলমার!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 07:03 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

১৩০ বলে ১২ চার ও ৫ ছক্কায় ডি ভিলিয়ার্সের ১৪৬ এখন এই বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ইনিংস।

২০০৪ সালে টেস্ট অভিষেকের সিরিজে নানা ভূমিকায় দেখা গেছে ভিলিয়ার্সকে। ওপেন করেছেন। তারপর ৭ নম্বরে ব্যাট করার পাশাপাশি করেছেন উইকেট কিপিংও। বাউচার ফেরার পর ওপেনিংয়ে ফিরে গিয়ে ৯২ ও ১০৯ রানের ইনিংস খেলে প্রমাণ করেন, ওপেনিংই তার আসল জায়গা।

২০০৫ সালে ওয়ানডে অভিষেক। কিন্তু প্রথম ১৬ ম্যাচে কোনো ফিফটি নেই ডি ভিলিয়ার্সের। মাত্র ২১ বছরে আন্তর্জাতিক অঙ্গনে আসা ব্যাটসম্যানকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন নির্বাচকরা। তবে বিশ্বাস হারাননি। আর সেই আস্থার মূল্যটা ২০০৭-এর ফেব্রুয়ারিতে দিয়েছেন পাকিস্তানের বিপক্ষের ৫ ম্যাচের সিরিজে তিনটি হাফ সেঞ্চুরি করে।

প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচটায় হয়তো নার্ভাসই ছিলেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ২ বল খেলে ফিরেছিলেন শূন্য হাতেই । স্কটিশদের বিপক্ষে পরের ম্যাচে ৬২ রান করে ফিরেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দল হারলেও ৭০ বলে ডি ভিলিয়ার্সের করা ৯২ অনেকের চোখে লেগে আছে। সেই ম্যাচে তার রান আউটের মাধ্যমেই শুরু হয় বিপর্যয়। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি দক্ষিণ আফ্রিকা। পরের দুই ম্যাচ খুবই খারাপ গেছে তার। কোনো রানই পাননি ওই দুটো ম্যাচে। বাংলাদেশের কাছে হেরে যাওয়া ম্যাচেও বিশেষ সুবিধে করতে পারেননি। তার ব্যাট থেকে মাত্র ১৫ রান পেয়েছিল গ্রায়েম স্মিথের দল।

এসব ব্যর্থতা থেকে তরুণ ব্যাটসম্যান ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের চোখ আর নাকের জল এক করে। ব্যার্থতার বৃত্ত ভাঙ্গার ভঙ্গিটাও কী অসাধারণ! ডান পায়ের পেশিটে টান পড়েছে। পানি শূন্যতায় চোখে যেন ঘোর লেগেছে। ক্লান্তিও খুব করে চেপে ধরেছে। এমন অবস্থায় ১১৪ বলে ডি ভিলিয়ার্স পেলেন তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ঝড় আরো প্রবল হলো তারপর। সবাই অবাক চোখে দেখলেন, একজন ব্যাটসম্যান সর্বশক্তিতে একেকটা শট খেলে যন্ত্রণায় গড়িয়ে পড়েন মাটিতে আর বোলার শূন্য চোখে তাকিয়ে থাকেন বাইরে। হয় ছক্কা, নয় চার হয়েছেই যন্ত্রণাকাতর ব্যাটসম্যানের শটে। সেঞ্চুরির পর মাত্র ১৬ বলে ৪৬ রান এসেছে ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে!

অথচ ডি ভিলিয়ার্সের পরের দিকে এমন বিধ্বংসি হয়ে ওঠার পেছনে নাকি ছিল আউট হওয়ার চেষ্টা। ম্যাচের সেরা খেলোয়াড় ডি ভিলিয়ার্স নিজেই পরে বলেছেন, ‘‘সেঞ্চুরিতে পৌঁছানোর পর পেশির টান স্বত্বেও আমি মেরে খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, আমি জানতাম আমার পরে যারা আছেন তারা আমার চেয়েও দূরে বল পাঠাতে জানেন। সত্যি বলতে, আমি চেষ্টা করছিলাম আউট হতে, কিন্তু কাজ হচ্ছিল না-কৌতুক বটে! বল কেবলই গ্যাপে চলে যাচ্ছিল। আমাকে তাই যতটা ভেবেছিলাম, তার চেয়ে বেশি সময় উইকেটে থাকতে হয়েছে।’’

ডি ভিলিয়ার্সের ব্যাটিং নির্মমতার শিকার ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রায়ান লারা কৃপণ নন প্রশংসা করতে। হারলেও লারা প্রতিপক্ষ ব্যাটসম্যানের গুণ গাইলেন, ‘‘দারুণ একটা ইনিংস খেলেছে সে। ওটাই দক্ষিণ আফ্রিকার ভিত্তি গড়ে দিয়েছে। ১০ থেকে ১৫ ওভারে মধ্যে সে দলকে ভালো একটা জায়গায় নিয়ে যায়, সেটা কাজে লাগিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিতে পৌঁছানোর পর পেশির টানের কারণে সে বাউন্ডারির ওপর ভর করে খেলার সিদ্ধান্ত নেয়। এটা খুবই ভালো ইনিংস। বলতে হবে, অলরাউন্ড পারফরম্যান্স।’’ ‘অলরাউন্ড’ এ কারণেই যে পরে মাঠে ফিরে পয়েন্টে দুর্দান্ত একটি ক্যাচও নিয়েছেন ডি ভিলিয়ার্স।

সব মিলিয়ে এ দিনটিতে যেন ডি ভিলিয়ার্স প্রমাণ করতে নেমেছিলেন যে এবারের বিশ্বকাপের বিস্ময় হতে পারেন তিনিও!