এই বিশ্বকাপ তো আসলে বাংলাদেশেরই
ফারুকের কেন যেন পঞ্চম স্থানটা খুব পছন্দ। সুপার এইটে ওঠার পর থেকেই বলছেন, পঞ্চম হওয়ার একটা খুব ভালো সুযোগ আছে আমাদের। স্বপ্ন-সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে, দুঃস্বপ্ন-আয়ারল্যান্ডের কাছে হেরে যেতে পারে। কিন্তু, পঞ্চম স্থান, সেটা আবার কোন হিসাব!
দলের সঙ্গে টেকনিক্যাল উপদেষ্টা হিসাবে আসা ফারুক কথাটা প্রথম বলেছিলেন অ্যান্টিগার স্ট্যানফোর্ড মাঠে, প্র্যাকটিসের সময়। তখন মাত্র সুপার এইটে উঠেছে বাংলাদেশ এবং তখন সত্যি বললে এর চেয়ে বেশি কিছু চাহিদাও নেই। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের কাছে হারার পর সম্মান নিয়েই প্রশ্ন, কিন্তু ফারুক তখনও অবিচল। পঞ্চম হওয়ার সুযোগ আছে। যা ছিল একান্তই তার কল্পনাবিলাস, দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচের পর সেটাতে এমন বাস্তবতার রং যে অংকের হিসাবে পঞ্চম তো বটেই, বাংলাদেশের সামনে সেমিফাইনালের সুযোগও আছে। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচের আগে বাংলাদেশ ইংল্যান্ড পয়েন্টের হিসাবে একই কাতারে, দু-দলেরই সমান ২ পয়েন্ট, তাও বাংলাদেশ এগিয়ে। বাংলাদেশের পয়েন্টটা দক্ষিণ আফ্রিকার কাছ থেকে পাওয়া। ইংল্যান্ড পয়েন্ট পেয়েছে দুর্বল আয়ারল্যান্ডের কাছ থেকে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের অবস্থা আরও খারাপ। গ্রুপ পর্যায়ে আয়ারল্যান্ডের কাছ থেকে সেই যে ২ পয়েন্ট নিয়ে এসেছিল তারপর থেকে হেরেই চলেছে। মানে বাংলাদেশ-ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ এখন সমতায়। ওপরে শুধু অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-শ্রী লংকা-দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ তো এখন পঞ্চম স্থানেই আছে। পঞ্চম স্থান থেকে আর একটা ধাপ এগোলেই তো চতুর্থ! মানে সেমিফাইনাল।
অংকের এই হিসাব অবশ্য বাস্তবে এত সহজ নয়। হতে হবে অনেককিছু। ধরা যাক, এর কিছুই হলো না, বাংলাদেশ স্বাভাবিক নিয়মেই ছিটকে গেলো, কিন্তু তাতেও সমস্যা নেই। বাংলাদেশ বিশ্বকাপে যা চেয়েছিল তার চেয়ে বেশি পাওয়া হয়ে গেছে। এখন খুব খারাপ কিছু না ঘটলে বিশ্বকাপ ২০০৭ বাংলাদেশ ক্রিকেটের নতুন যুগে উত্তরণের অক্ষয় মাইলস্টোন। এবং এসব পঞ্চম-সেমিফাইনাল ইত্যাদি হিসাবের বাইরেও অনেক কিছু করা হয়ে গেছে বাংলাদেশের। খুব ভেবে দেখলে বিশ্বকাপ যে এখনও বিশ্বকাপ, শুরু থেকেই ধুকতে আর ভুগতে থাকা বিশ্বকাপের গা থেকে যে সবটা অলংকার খসে পড়েনি তা-তো বাংলাদেশেরই সৌজন্যে। কত কিছু করেছে বাংলাদেশ।
ক্রিকেটের বিশ্বায়ন ঘটাতে গিয়ে আইসিসি এবারের বিশ্বকাপটাকে প্রায় মহল্লার প্রতিযোগিতা বানিয়ে দিয়েছিল। চারটা গ্রুপ, তার প্রতিটিতেই দুটো করে দুর্বল দল, হিসাব করে দেখা যাচ্ছিল কোনো গ্রুপেই একটার বেশি ভালো ম্যাচ নেই। একমাত্র একটা গ্রুপই ব্যতিক্রম, গ্রুপ বি, বাংলাদেশ থাকায় সেখানে কিছু একটা ঘটার সম্ভাবনা এবং সেই সম্ভাবনার ভিত্তিতে গ্রুপ পর্যায়ের কিছু খেলাকে নিয়ে আকর্ষণ। বাংলাদেশ সেই আকর্ষনের প্রতি শ্রদ্ধা দেখালো। গ্রুপটা শেষ পর্যন্ত জমে থাকলো প্রথম ম্যাচেই বাংলাদেশের ঘটানো ঘটনার সুবাদে। ভারত বিদায় নিলো আর নিয়ে গেলো যেন বিশ্বকাপের প্রান। বিশ্বকাপে ঢাকা থেকে অনেকগুলো ভেন্যুতে যাওয়ার বিমান টিকেট কনফার্ম করা যায়নি। “হোটেল খালি নেই”-শুনতে শুনতে মোটামুটি যাযাবর জীবন যাপনের মানসিক প্রস্তুতিও সঙ্গে নিয়ে আসতে হয়েছিল। এখন সেসব সমস্যা নেই। ভারত গেছে, ওদের বিশাল সাংবাদিক বহরের কযেকজন মাত্র আছেন, আর ওদের দর্শক-সমর্থকদের যারা এসেছিলেন তাদেরও সিংহভাগই চলে গেছেন। যাদের আসার কথা ছিল তারা আর আসেননি। ফলে একধরনের নিস্তরঙ্গ ভাব, মাঠে দর্শকাভাব। তার ওপর বাংলাদেশ দুটো ম্যাচ খেলল যা-তা। আকারে ইঙ্গিতে শুরু হয়ে গেলো দোষ ধরা, বাংলাদেশই বিশ্বকাপটা শেষ করে দিলো। এবং বাংলাদেশই সেই শেষ হয়ে যাওয়া বিশ্বকাপের প্রাণটা ফিরিয়ে দিলো ফের। দক্ষিণ আফ্রিকাকে হারানোতে সেমিফাইনালের লড়াই এখন উন্মুক্ত। প্রায় ছিটকে পড়া ওয়েস্ট ইন্ডিজও ফিরে এসেছে সম্ভাবনার বৃত্তে, খারাপ খেলতে থাকা ইংল্যান্ডও আবার আশাবাদী; ভালো খেলতে পারলে তাদেরও সুযোগ আছে। আবার বাংলাদেশের কল্যানে বিশ্বকাপ জমজমাট।
বিশ্বকাপের গ্রুপ পর্যায় জমিযে রাখার দায়িত্ব ছিল বাংলাদেশের। সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছে। কিন্তু জগতের মতো ক্রিকেটেও অকৃতজ্ঞতার বিষবাস্প ঢুকে আছে। নইলে সেই বাংলাদেশের বিরুদ্ধেই কেন বিশ্বকাপ নষ্ট করার অভিযোগ উঠবে? কেন সংবাদ সম্মেলনে হাবিবুলকে বাঁকা বাঁকা সব প্রশ্ন? এখন মনে হচ্ছে, ভালোই হয়েছে; ভেতরে ভেতরে জবাবের এই জেদ তৈরি না হলে হয়তো বাংলাদেশের মনে হয় আমাদের কাজটা তো আমরা করেই ফেলেছি! তাহলে হয়তো দক্ষিণ আফ্রিকা-বধ-কাব্যও রচিত হয় না!
আর কিছু হোক না হোক, এখন পর্যন্ত যা হয়েছে তাতেই এই বিশ্বকাপ আসলে বাংলাদেশের। বিশ্বকাপের আকর্ষনের জন্ম তার হাতে, মৃত্যুও আবার এবং আবার তাকে পুনর্জন্ম দেয়াও।
জন্ম,, মৃত্যু, পুনর্জন্ম একটা দলের কাছে এর বেশি আর কী চাওয়ার থাকতে পারে বিশ্বকাপের! এই অনেক। এই তো সর্বোচ্চ।
