২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লেমিংয়ের ভাবনায় শিরোপা জয়ের সম্ভাবনা

নিউজিল্যান্ড কি ২০০৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারবে? ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টের শিরোপা কি প্রথম বারের মতো উঠতে যাচ্ছে ‘ব্ল্যাক ক্যাপস’-এর ঘরে?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 07:25 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

এবারের বিশ্বকাপের প্রথম বলটা গড়ানোর আগে থেকেই প্রশ্নগুলো ঘুরছিল ক্রিকেট দুনিয়ায়। কারণ একটাই, বিশ্বকাপের ঠিক আগে চ্যাপেল-হ্যাডলি সিরিজে তাদের হাতে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় পড়তে হয়েছিল প্রবল পরাক্রান্ত অস্ট্রেলিয়াকে। এতদিন এ সম্পর্কে তেমন উচ্চবাচ্য করেননি স্টিভেন ফ্লেমিং। তবে সোমবার আয়ারল্যান্ডকে ১২৯ রানে উড়িয়ে দেয়ার পর উচ্ছ্বসিত কিউই অধিনায়ক সোজাসুজি বলেই ফেললেন, তার দল বিশ্বকাপ জিততে সক্ষম!

“আমরা ভালো মতোই জানি যেু আমাদের এই টুর্নামেন্টের শিরোপা জয়ের ক্ষমতা রয়েছে। তবে সব কিছু নির্ভর করছে আমরা কেমন খেলতে পারি অথবা প্রতিপক্ষকে কতটা খেলার সুযোগ দেই তার ওপরে”-ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিশ্বকাপ জয়ের আশাবাদ জানিয়ে ফ্লেমিংয়ের মন্তব্য। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলা নিউজিল্যান্ড অধিনায়ক এর পর জানিয়েছেন কিভাবে তার দল জিতে নিতে পারে এবারের বিশ্বকাপ,“আমরা সেমিফাইনালের কাছাকাছি পৌঁছে গেছি। আর একটা ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। এবং তারপর দুটো ম্যাচ জিতলেই তো আমরা বিশ্বকাপে চ্যাম্পিয়ন!”

তবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনায় রোমাঞ্চিত হলেও এখনই সেই আনন্দে ভেসে যেতে রাজি নন তিনি। সুপার এইটে নিউজিল্যান্ডের বাকি তিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তিনটি দলই শিরোপার দাবীদার। টানা তিনটি কঠিন ম্যাচের সামনে দাঁড়িয়ে ফ্লেমিংয় তাই সতর্ক,“(বিশ্বকাপ জয়ের) সম্ভাবনা খুবই রোমাঞ্চকর। তবে একই সঙ্গে তা বিপজ্জনকও বটে। কারণ, সেই লক্ষ্যে পৌঁছানোর আগে আমাদের তিনটা কঠিন ম্যাচ খেলতে হবে। এবং এই ম্যাচগুলোতে আমাদের ফর্মে থাকা খেলোয়াড়দের ফর্ম ধরে রাখতে হবে। পারিপার্শ্বিকতা যাচাই করার ক্ষমতাও বজায় রাখতে হবে আমাদের।”

এ ম্যাচে বড় পরাজয় বরণ করতে হয়েছে আয়ারল্যান্ডকে । অধিনায়ক ট্রেন্ট জন্সটন অবশ্য তাতে তেমন দুঃখিত নন! সুপার এইটে এটা তাদের টানা তৃতীয় হার হলেও ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের দুই ম্যাচে ভালোই লড়াই করেছিল আয়ারল্যান্ড। কেভিন নিয়াল ও’ব্রায়েনের কারণে রান আউট হওয়ার আগ পর্যন্ত কিউইদের সঙ্গেও ভালোই লড়ছিল তারা। কিন্তু ৪৫ বলে ৪৯ রান করে কেভিনের দুঃখজনক বিদায়ের পর অন্য ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি। জন্সটনও মানছেন, টুর্নামেন্টে এটাই তার দলের সবচেয়ে বাজে পারফরম্যান্স। তারপরও আয়ারল্যান্ড অধিনায়ক তেমন দুঃখভারাক্রান্ত নন,“আমি (কিউই অধিনায়ক) স্টিভেন ফ্লেমিংকে বলেছি যে ডাবলিন (আয়ারল্যান্ডের রাজধানী) ছাড়ার আগে কেউ যদি আমাকে বলতো, আমাদের সবচেয়ে খারাপ ম্যাচটা হবে সুপার এইটে, তাহলেও তা নিয়ে বেশ খুশিই থাকতাম আমি। এই ধরনের ম্যাচ আমাদের আরো বেশি পরিশ্রম করতে উৎসাহিত করবে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফর্ম করতেও সাহায্য করবে।”