ইনজামামের সম্ভাব্য উত্তরসুরীর তালিকায় নামের ভিড়
বিশ্বকাপ ব্যর্থতার পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর পাশাপাশি টেস্ট দলের অধিনাকত্ব থেকেও ইনজামাম উল হক সরে দাঁড়ানোয় পাকিস্তানের অধিনায়কের পদটি শূন্য। বব উলমার জ্যামাইকায় খুন হওয়ায় কোচের পদটিও খালি। কিন্তু এখনো কোচ বা অধিনায়ক নিয়োগের ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা জানিয়েছে, খুব শিগগিরই নাম ঘোষণা করা হবে। তবে তার আগে থেকেই চলছে নানা কথা।
পিসিবি বিদেশী কোচ নিয়োগ দেবে না বলে জানানোয় পাকিস্তানের সাবেক খেলোয়াড়রাও আছেন আলোচনায়। একাডেমি দলের কোচ হিসেবে বর্তমানে বাংলাদেশ সফরে থাকা সাবেক পেসার আকিব জাভেদ আছেন তালিকার শীর্ষে। যখন এত কথা চলছে তখন আকিব নিজেও জানিয়েছেন, পাকিস্তানের কোচ হতে আগ্রহী তিনি।
ঝামেলাটা বেঁধেছে অধিনায়কের পদ নিয়ে। দলের সহ অধিনায়ক ব্যাটসম্যান ইউনিস খান, নেতৃত্ব তার কাছে যাবে বলেই সবাই ভাবছে। কিন্তু পাকিস্তানী সংবাদপত্রের খবর, দলের অন্যদের কাছে অধিনায়ক হিসেবে তার গ্রহণযোগ্যতা কম বলে ইউনিস দোটানায় ভুগছেন। পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘‘এই মুহূর্তে অধিনায়কত্ব নিতে চায় না ইউনিস। কারণ ও মনে করে, যতটা দরকার ততটা সমর্থন দলে তার জন্য নেই। ইনজামামের জায়গায় তাকে নেওয়ার ব্যাপারে ক্রিকেট অঙ্গনেও বেশি সমর্থন দেখছে না বলে মানসিক দিক দিয়ে সে পিছিয়ে গেছে।’’
ইউনিস দোটানায় আছেন বলে এই সুযোগে নাকি অন্যরা যে যার পছন্দের খেলোয়াড়কে অধিনায়ক করার জন্য উঠে পড়ে লেগেছেন।
তবে পাকিস্তানকে ১৯৯২ বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক ইমরান খানের মতে, ইউনিসের দায়িত্ব থেকে পালানোর কোনো সুযোগ নেই, ‘‘তার প্রত্যাখ্যান করা চলবে না। যদি সে অধিনায়ক হতে রাজি না থাকে তাহলে তো সহ-অধিনায়কের দায়িত্ব নেওয়াই উচিত হয়নি।’’
ইমরানের সঙ্গে একমত নন আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফ, ‘‘আমার মনে হয় না এটা তার দায়িত্ব নেওয়ার আদর্শ সময়। বিশ্বকাপের পর দলকে নেতৃত্ব দেওয়ার মতো মানসিক দৃঢ়তা তার আছে কি না, সে অতোটা পরিণত কি না, তা নিয়ে অনেকের মনেই সংশয় আছে। তার এখন নিজের ব্যাটিংয়ে মন দেওয়া ভালো। পরে দলের পূর্ণ সমর্থন পেলে তেমন একটা সময়ে নেতৃত্ব নিতে পারে।’’
ওদিকে অধিনায়ক নির্বাচনে দেরি করলে তা ক্ষতির কারণ হবে জানিয়ে ইনজামাম বলেছেন, ‘‘আমি ভীষণ অবাক হচ্ছি এটা দেখে যে আমার সময়ে আমাকে সরিয়ে যারা ইউনিস খানকে অধিনায়ক করার কথা বলতো, তারাই এখন ভিন্ন ভিন্ন নাম নিয়ে আলোচনা করছেন।’’
সেই নামগুলোর মধ্যে আছে দুই অলরাউন্ডার আব্দুল রাজ্জাক ও শোয়েব মালিকের নাম। পাকিস্তানের সাবেক ম্যানেজার আজহার জায়দি যেমন পিসিবির কাছে আবেদন জানিয়ে বসেছেন রাজ্জাককে অধিনায়ক করতে। পিসিবির সাবেক চেয়ারম্যান তৌকির জিয়া এক বিবৃতিতে শহীদ আফ্রিদি বা শোয়েব আখতারের মধ্যে একজনকে অধিনায়ক করতে বলেছেন। বিকল্প হিসেবে তিনি রেখেছেন শোয়েব মালিক আর সালমান বাটের নাম। তার মতে, এই দুজনের কাউকে অধিনায়ক হিসেবে গড়ে তোলা যেতে পারে।
সূত্র : দ্য নিউজ, পাকিস্তানী দৈনিক।
